দুই কন্যাকে নিয়ে সেরেনা
অলস্পোর্ট ডেস্ক: দ্বিতীয়বার মা হলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস । মঙ্গলবার আবার এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন সেরেনা। প্রথমবার মা হওয়ার পর মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন সেরেনা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে মাঝে কেটে গিয়েছে বেশ কিছু বছর। এবার সুস্থভাবে মাতৃত্বের স্বাদ পেলেন সেরেনা। সুস্থ আছে তাঁর সদ্যোজাত মেয়েও। এই সুখবর নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন সেরেনার স্বামী অ্যালেক্সিস ওহানিয়ান।
নিজের ইনস্টাগ্রামে সেরেনার স্বামী, রেডিটের ফাউন্ডার লেখেন, ‘‘আমি খুব খুশির সঙ্গে জানাচ্ছি যে আমাদের ভালবাসার দলে একজন সদস্য বেড়েছে। মা এবং মেয়ে দু’জনেই সুস্থ আছেন।“ এর সঙ্গে তিনি একটি ছবিও দেন। ছবিতে দুই মেয়েকে কোলে নিয়ে সেরেনা এবং তাঁর স্বামীকে দেখা যাচ্ছে।
৪১-বছরের স্ত্রীকে ‘সর্বকালের সেরা মা’ বলে সম্বোধন করেছেন অ্যালেক্সিস। ‘‘তুমি আমাকে আর একটা অতুলনীয় উপহার দিলে। তুমি সর্বকালের সেরা মা,” বলেন তিনি। সেরা খেলোয়াড়ের জীবনে এটা মাতৃত্বের নতুন মোড়।
২০১৭-সালে টেনিস ইতিহাসের অন্যতম প্লেয়ার সেরেনা অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। যা তাঁর জীবনের সেরা অনেক গ্রান্ডস্লামের মধ্যে একটি। এই সময় সেরেনা অন্তঃসত্ত্বা ছিলেন। এর কিছুমাস পরেই তিনি তাঁর প্রথম কন্যা সন্তান অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়রের জন্ম দেন। কিন্তু জরুরি ভাবে সিজার করে অলিম্পিয়ার জন্ম হওয়ায় সেরেনার ফুসফুসে রক্ত জমাট বেঁধে যায়। মৃত্যুর সম্মুখীন হন সেরেনা।
মৃত্যুর মুখ থেকে ফিরে এসে, পালমোনারি এম্বোলিজিম-এর পর ছ’মাস শয্যাশায়ী ছিলেন সেরেনা। কিন্তু সুস্থতার পাঁচ মাস পরেই ফেড কাপে বোন ভেনাসের সঙ্গে জুটি বেঁধে প্রতিযোগিতায় ফিরে আসেন তিনি।
একটা প্রজন্মের তারকা হয়ে গত বছর টেনিস থেকে অবসর নেন সেরেনা। নিজের জীবনের শেষ ম্যাচ খেলার পর সেরেনা বলেন, ‘‘আমি আবার মা হওয়ার জন্য প্রস্তুত এবং আমি নিজেকে অন্যভাবে দেখতে চাই।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
