Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩ -এর টেবিল টেনিস থেকে ভারতের পদক নিশ্চিত করলেন দুই বঙ্গতনয়া। উইমেন্স ডাবলসের কোয়ার্টার ফাইনালে চমকে দেওয়া পারফর্ম্যান্স উপহার দেন নৈহাটির দুই মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। শেষ আটের লড়াইয়ে সুতীর্থা-ঐহিকা জুটি ৩-১ (১১-৫, ১১-৫, ৫-১১, ১১-৯)গেমে হারিয়ে দেন চিনের মেং চেং ও য়িদি ওয়াং জুটিকে। এবং সোমিফাইনালে উঠে ব্রোঞ্জপদক নিশ্চিত করেন দুই ভারতীয় তারকা।

সুতীর্থা-ঐহিকা প্রথম গেম জেতেন ১১-৫ ব্যবধানে। তাঁরা দ্বিতীয় গেমও জিতে নেন ১১-৫ পয়েন্টের ব্যবধানেই। যদিও তৃতীয় গেমে হার মানতে হয় ভারতীয় জুটিকে। ৫-১১ ব্যবধানে চিনা তারকারা তৃতীয় গেম জিতে ম্যাচে ব্যবধানে কমিয়ে ২-১ করেন। চতুর্থ গেমে হাড্ডাহাড্ডি লড়াই চলে। শেষ পর্যন্ত ১১-৯ ব্যবধানে চতুর্থ গেম জেতেন সুতীর্থা-ঐহিকা এবং চিনা জুটিকে ছিটকে দিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেন তাঁরা।

প্রথম গেম মাত্র ৮ মিনিটেই জিতে নেয় ভারত। দ্বিতীয় ও তৃতীয় গেম স্থায়ী হয় ৯ মিনিট করে। চতুর্থ গেমে লড়াই চলে ১৫ মিনিট। সুতরাং, ৪১ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে শেষ হাসি হাসেন সুতীর্থা-ঐহিকা। বিশ্বব়্যাঙ্কিংয়ে সুতীর্থাদের থেকে বিস্তর এগিয়ে ছিল চিনা জুটি। সুতীর্থা-ঐহিকার ডাবলস ব়্যাঙ্কিং যেখানে ১৬, সেখানে চেং-ওয়াং এই মুহূর্তে বিশ্বের ২ নম্বর উইমেন্স ডাবলস জুটি।

উল্লেখোগ্য বিষয় হল, এশিয়ান গেমসে ভারতের টেবিল টেনিসের ইতিহাসে সর্বকালীন নজির গড়লেন সুতীর্থারা। এই প্রথম এশিয়ান গেমসের উইমেন্স ডাবলসে কোনও পদক জিতল (নিশ্চিত করল) ভারত। এতদিন এশিয়ান গেমসের উইমেন্স ডাবলসে ভারতের সেরা পারফর্ম্যান্স ছিল কোয়ার্টার ফাইনালে ওঠা পর্যন্তই। এর আগে ভারতের আর কোনও জুটি শেষ আটের বাধা টপকে সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি। আগামী ২ অক্টোবর সেমিফাইনালের লড়াইয়ে নামবেন সুতীর্থা-ঐহিকা।

শেষ চারের বাধা টপকাতে পারলে একই দিনে গোল্ড মেডেল ম্যাচে নামতে হবে ভারতীয় জুটিকে। শনিবার মেনস ডাবলসের কোয়ার্টার ফাইনালে পরাজিত হন ভারতের মানব বিকাশ ঠক্কর ও মানুষ উৎপলভাই শাহ। তাঁরা ৮-১১, ১১-৭, ১০-১২, ১১-৬ ও ৯-১১ গেমে হার মানেন কোরিয়ার উজিন জ্যাং ও জংঘুন লিম জুটির কাছে।

উইমেন্স সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে য়িদি ওয়াংয়ের কাছে হেরে যান ভারতের মণিকা বাত্রা। ৮-১১, ১২-১০, ৬-১১, ৪-১১, ১৪-১২ ও ৫-১১ গেমে চিনা তারকার হাতে মাথা নত করতে হয় মণিকাকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *