Cart Total Items (0)

Cart

All Sports
পিভি সিন্ধু ও বিরাট কোহলি

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু-র ভাল কাটছে না ২০২৩। গতবছর অগস্টে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী সিন্ধু বাঁ পায়ের চোটের কারণে দীর্ঘদিন খেলার মধ্যে ছিলেন না। তবে এবছর থেকে আবার গেমে ফিরলেও নিজের ছন্দ পুরোপুরিভাবে এখনও ফিরে পাননি তিনি। তাঁর প্রত্যাবর্তনের পর থেকে সাতটি টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি। কিন্তু দুঃখের বিষয়, তাঁকে মাত্র একটি ছাড়া বাকি সবকটি টুর্নামেন্টেই প্রথম রাউন্ডে বিদায়ের মুখ দেখে ফিরে যেতে হয়েছে। বিডব্লুএফ বিশ্ব র্যা ঙ্কিংয়ে ১৫ নম্বরে নেমে এসেছেন তিনি। এই পুরো সময় জুড়ে, তিনজন ভিন্ন কোচের কাছে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম হলেন প্রকাশ পাড়ুকোন। বেঙ্গালুরুতে পাড়ুকোনের অ্যাকাডেমিতে সিন্ধু আলাদা করে প্রশিক্ষণ নিলেও, আগের সেই আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী ফর্ম কোথায় যেন চাপা পড়ে গিয়েছে তাঁর।

এবছর সিন্ধু এশিয়ান গেমসে অংশ নেবেন। ব্যাডমিন্টনে মহিলাদের একক বিভাগে পদক জয়ের উদ্দেশে আবারও একবার লড়াই করবেন ভারতের হয়ে। তার আগে এদিন তিনি এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে জানান, কীভাবে তিনি তাঁর চোটের পর থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং এও জানান, কীভাবে ভারতীয় ব্যাটার বিরাট কোহলির বিভিন্ন সাক্ষাৎকার তাঁকে উৎসাহিত করেছে ব্যর্থতার সঙ্গে লড়াই করার জন্য।

সিন্ধু বলেন, ‘‘আমি বেশকিছু সাক্ষাৎকার পড়ি এবং তার মধ্যে আমি বিরাটেরও দেখেছি। যখন কেউ খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় এবং কিছুই ঠিক হয় না, কীভাবে তার থেকে শক্তিশালী হয়ে বেরিয়ে আসা যায় সেটা খুব কঠিন। প্রথমদিকে বিরাটও এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন যেখানে তিনি রান করতে পারেননি। তবে এটি থেকে বেরিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ, এমনকি সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদদের জন্যও। আমি নিশ্চিত প্রতিটি ক্রীড়াবিদ এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যান।’’

স্বাভাবিকভাবেই, সিন্ধুর জন্য এবছরটি একটি কঠিন বছর এবং বারবার ব্যর্থতা সহ্য করার পরে আবার ঘুরে দাঁড়ানো, নিজের আবেগ সামলানো, সেই সব বিষয়ে কথা বলতে গিয়ে তারকা শাটলার বলেন, ‘‘যখন আমি সব খেলা জিতছিলাম, তখন সব প্রায় নিখুঁত ছিল। ফিরে আসা এবং আরও জিততে চাওয়া। কিন্তু এমন দিনও আসে যখন আপনি হেরে যাবেন, আপনি কষ্ট পাবেন, আপনি পুরোনো ছন্দে যেতে চাইবেন কিন্তু আপনি পারবেন না। এমন পরিস্থিতি সবসময় তৈরি হয়, কিছু জয়, আবার কিছু হার। এটা কখনওই হতে পারে না যে আপনি প্রতিবার জিতবেন, তাই না? বিশেষ করে এই মুহূর্তে, চোট সারার পরে, জানুয়ারিতে ফিরে এসে আমি আবার সেই ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছি। যেটা পুরোপুরিভাবে বাগে আসছে না, তবে ঠিকঠাক আছে।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *