অলস্পোর্ট ডেস্ক: বর্তমান অনূর্ধ্ব-২৩ এশিয়ান চ্যাম্পিয়ন সুজিত কালকাল এশিয়ান গেমসের জন্য নির্বাচিত হননি। অন্যদিকে বজরং পুনিয়া-কে সরাসরি এশিয়ান গেমসে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। যার জন্য আইওএ-র অ্যাড-হক কমিটিকে একহাত নিয়েছেন সুজিত। তাঁর দাবি এটা করে পরবর্তী প্রজন্মের কুস্তিগিরদের উপর অন্যায় করা হয়েছে যাঁরা অলিম্পিক চ্যাম্পিয়ন হতে চান। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন অ্যাড-হক প্যানেল, ভূপেন্দ্র সিং বাজওয়ারের নেতৃত্বে, মঙ্গলবার টোকিও অলিম্পিক ব্রোঞ্জ পদক বিজয়ী বজরং পুনিয়া (৬৫ কেজি ফ্রিস্টাইল), ভিনেশ ফোগতকে (৫৩ কেজি) ২২-২৩ জুলাই এশিয়ান গেমসের ট্রায়াল থেকে অব্যহতি দিয়েছে।
অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী কালকাল বলেছেন যে ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে কমপক্ষে ৫-৬ জন কুস্তিগির রয়েছেন যাঁরা বজরংকে হারাতে সক্ষম। “আমি এক বছর আগে (বার্মিংহ্যাম) কমনওয়েলথ গেমসের ট্রায়ালের সময় বজরং এর সঙ্গে কুস্তি করেছিলাম, যেটি খুব সমানে সমানে ছিল। ট্রায়াল চলাকালীন, বজরংকে সরাসরি সেমিফাইনালে প্রবেশ করানো হয়েছিল এবং আমাদের সমস্ত বাউটে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল,” কালকাল বলেছেন। বর্তমানে তিনি সিনিয়র জাতীয় চ্যাম্পিয়ন এবং গত বছরের জুনিয়র এশিয়ান স্বর্ণপদক জয়ী কুস্তিগির তিনি।
কালকাল বলেছেন যে তিনি সম্প্রতি আমেরিকান জন মাইকেল ডায়াকোমিহালিসকে ৪-২ ব্যবধানে পরাজিত করেছেন যখন বজরং গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের দ্বারা একই কুস্তিগিরের কাছে হেরেছিল।
“বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্যও (২০২২ সালে), বজরংকে ট্রায়াল ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এন্ট্রি দেওয়া হয়েছিল। আমেরিকান কুস্তিগির (ইয়ান্নি দিয়াকোমিহালিস) যার বিরুদ্ধে বজরং ০-১০ হেরেছিল, আমি তাঁকে বিশ্ব র্যাঙ্কিং সিরিজে ৮-২ তে পরাজিত করেছি।” ২০২২-এর জুলাই মাসে তিউনিসে অনুষ্ঠিত র্যাঙ্কিং সিরিজ ইভেন্টটি জিতেছিলেন সুজিত।
“আমি বলছি না যে শুধুমাত্র আমিই বজরংকে হারাতে পারি। আমাদের ওজন বিভাগে ৫, ৬ জনের কম গুস্তিগির নেই যারা বজরংকে হারাতে পারে। তাই সব রেসলারের সমান সুযোগ পাওয়া উচিত এবং একটি ন্যায্য বিচার হওয়া উচিত। অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়াও আমার স্বপ্ন কিন্তু এই কুস্তিগিররা (যেমন বজরং এবং ভিনেশ) সরাসরি এন্ট্রি পেতে থাকে, তাহলে আমরা কীভাবে আমাদের স্বপ্ন পূরণ করব,” তিনি যোগ করেছেন।
২৩ সেপ্টেম্বর থেকে চিনের হ্যাংঝৌ শহরে এশিয়ান গেমস শুরু হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
