অলস্পোর্ট ডেস্ক: বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের দারুণ সময় কাটছে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ। পাঁচটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত। পাঁচ ম্যাচে মোট ১০ পয়েন্ট নিয়ে, এখন বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার জন্য ভারতের দরকার আরও একটি বা দু’টি জয়। ভারতীয় দলের উপর সম্পূর্ণ আস্থা রাখছেন ভক্তরা। শেষবার ভারত আইসিসি শিরোপা জিতেছিল ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তখন দলের অধিনায়ক ছিলেন এমএস ধোনি এবং ২০১১, ওডিআই ক্রিকেট বিশ্বকাপেও যখন ভারতের হাতে শিরোপা ওঠে তখন অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন ধোনি। স্বাভাবিকভাবেই, ভারতের এবার বিশ্বকাপে জেতার সম্ভাবনা সম্পর্কে তাঁর মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন প্রথমবার সেই প্রসঙ্গে মুখ খুললেন এমএস।
তিনি একটি ইভেন্টে বললেন, ‘‘দল খুব ভাল খেলছে। ভাল সমতা রেখে খেলছে ওঁরা। দলের প্রতিটি খেলোয়াড়ই ভাল ফর্মে আছে। তাই সবদিক থেকেই এটি ভাল হতে চলেছে। এর চেয়ে বেশি আমি আর কিছু বলব না, কারণ বুদ্ধিমানদের ইশারাই যথেষ্ট।’’
এই বলে ধোনি বুঝিয়ে দিতে চাইলেন যে ইতিহাসের পুনরাবৃত্তি আবার ঘটতে পারে। অবশ্য নিজের ঘরের মাঠে খেলায় সবাই চাইবে নিজের দেশের জয় হোক। প্রাক্তন কিংবদন্তিদের থেকে শুরু করে সকল ক্রিকেটপ্রেমীদের এটাই তো আশা।
এদিন ওই ইভেন্টের সঞ্চালক ধোনিকে প্রাক্তন ক্রিকেটার বলে সম্বোধন করেন, তখন এমএস তাঁকে শুধরে দিয়ে বলেন, “আমি প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার।’’ অর্থাৎ এই উক্তির দ্বারা তিনি বুঝিয়ে দিতে চান আরও ক্রিকেট খেলা বাকি আছে কিংবদন্তির। ভক্তরা আশা রাখছেন পরের বছর আইপিএলে তাঁকে ব্যাট হাতে ফের মাঠে নামতে দেখা যাবে।
এমএস ধোনি নিঃসন্দেহে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। এখনও পর্যন্ত তিনিই একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি তিনটি আইসিসি টুর্নামেন্টের শিরোপা জিতেছেন। তাঁর অধীনে, ভারত ২০০৭ টি২০ বিশ্বকাপ, ২০১১ ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ৪২ বছর বয়সী ক্রিকেটার ২০১৯-এর ১০ জুলাই, ম্যানচেস্টারে আইসিসি বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তারপর তিনি ক্রিকেটের সব ফর্মাট থেকে অবসর নেন এবং শুধুমাত্র আইপিএল টুর্নামেন্ট খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
