বিরাট-ডু প্লেসির ব্যাটে জয় বেঙ্গালুরুর। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ হার দিয়ে অভিযান শুরু হল মুম্বইয়ের। ২২ বল বাকি থাকতেই ৮ উইকেটে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৮২ রান করে নট আউট থেকে ম্যাচ জেতালেন বিরাট কোহলি।
টসে জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠায় বেঙ্গালুরু। আইপিএলের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়লেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা। তাঁদের সেই ব্যর্থতার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের বিসর্জন রুখে দিলেন তরুণ তিলক বর্মা। যিনি ৪৬ বলে অপরাজিত ৮৪ রান করেন। ৭৪ বলে ৭৬ রান করেন মুম্বইয়ের বাকি ব্যাটাররা। সেটার মধ্যে ১০ বলে এক রান করেন রোহিত। ১৬ বলে ১৫ রান করেন সূর্যকুমার। এমনই হাল হয় যে ৫.২ ওভারে মুম্বইয়ের স্কোর দাঁড়ায় তিন উইকেটে ২০ রান। যা একটা সময় চার উইকেটে ৪৮ রান দাঁড়ায়। যা পরবর্তীতে সাত উইকেটে ১২৩ রানে ঠেকে। মুম্বইকে সেই ধ্বংসস্তূপ থেকে তোলেন তিলক। যিনি ৪৬ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন। টপ-অর্ডার ব্যাটাররা যেখানে হামাগুড়ি দেন, সেখানে ন’টি চার এবং চারটি ছক্কা মারেন তিলক। তাঁকে কিছুটা সহায়তা করেন নেহাল ওয়াধেরা (১৩ বলে ২১ রান) এবং আরশাদ খান (নয় বলে অপরাজিত ১৫ রান)।
জবাবে ব্যাট করতে নেমে মুম্বই বোলিংকে নিয়ে ছিনিমিনি খেলে অধিনায়ক ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলি। দুজনের পার্টনারশিপে প্রথম উইকেটেই ১৪৮ রান যোগ হয়। ডু প্লেসি ৪৩ বলে ৭৩ রান করে আউট হলেও ৮২ রান করে ম্যাচ জিতিয়ে ফেরেন ফর্মে থাকা বিরাট। ২২ বল বাকি থাকতেই বেঙ্গালুরুর এই প্রথম ম্যাচে জয় টুর্নামেন্টে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল।
