ভিক্টর ভাজকুয়েজ
অলস্পোর্ট ডেস্ক: বোরহা হেরেরা বিদায় নেওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল কে আসতে চলেছেন দলে। শেষ পর্যন্ত উইন্টার ট্রান্সফার উইন্ডোর শেষ দিন নিশ্চিত হয়ে গেল নাম। ইস্টবেঙ্গল এফসি বর্তমান ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) মরসুমের বাকি অংশের জন্য অভিজ্ঞ স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ভিক্টর ভাজকুয়েজ-কে দলে নেওয়ার কথা ঘোষণা করে দিল। ভাজকুয়েজ অনেক অভিজ্ঞতা নিয়ে ভারতে আসছেন। এর আগে এফসি বার্সেলোনা, ক্লাব ব্রুগ, টরন্টো এফসি এবং লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির মতো ক্লাবগুলিতে খেলেছেন তিনি।
ইস্টবেঙ্গল পরিবারে ভাজকুয়েজকে স্বাগত জানিয়ে, ইমামি গ্রুপের বিভাস বর্ধন আগরওয়াল বলেছেন, “ভিক্টর একজন অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড় এবং আমাদের আক্রমণকে শক্তিশালী করবে। তিনি বড় ক্লাবের হয়ে খেলেছেন এবং কেরিয়ারে অনেক ট্রফি জিতেছেন। আমরা বিশ্বাস করি যে তিনি ইস্টবেঙ্গলের মতো একটি লিগ্যাসি ক্লাবের জন্য উপযুক্ত হবেন।”
ভাজকুয়েজের দলে যোগ দেওয়া প্রসঙ্গে ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, “ভিক্টর হল এফসি বার্সেলোনার ফুটবল স্টাইলের ফসল। তিনি লিওনেল মেসি, জেরার্ড পিকে এবং ফ্যাব্রেগাসের প্রজন্মের একজন খেলোয়াড়। মিডফিল্ডে তার সৃজনশীলতা ইস্টবেঙ্গল সমর্থকদের অনেক আনন্দ এবং উজ্জ্বল মুহূর্ত দেবে। সে বড় মঞ্চে খেলতে অভ্যস্ত, এর আগেও সে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে এবং আমরা বিশ্বাস করি সে আইএসএলেও জ্বলে উঠবে।”
ভাজকুয়েজ এফ বার্সেলোনার যুব ফুটবলের মধ্যে দিয়ে উঠেছিলেন এবং মেসি, ফ্যাব্রেগাস, পিকেকে নিয়ে গঠিত আইকনিক লা মাসিয়া ব্যাচের অংশ ছিলেন। তিনি ২০০৮ সালে পেপ গুয়ার্দিওলার দ্বারা বার্সেলোনার প্রথম দলে জায়গা করে নিয়েছিলেন এবং ২০১০-১১ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এফসি রুবিন কাজানের বিরুদ্ধে বার্সেলোনার প্রথম দলের হয়ে প্রথম গোল করেন।
২০১১ সালের এপ্রিলে, ভাজকুয়েজ বেলজিয়ান প্রো লিগের ক্লাব ব্রুগে যোগ দেন। ১৭৩টি অফিসিয়াল ম্যাচে ক্লাব ব্রুগের প্রতিনিধিত্ব করেন, ভাজকুয়েজ ২৫টি গোল এবং ৫০টি অ্যাসিস্ট করেন, যা তাদের একটি বেলজিয়ান কাপ (২০১৪-১৫) এবং একটি বেলজিয়ান প্রো লিগ (২০১৫-১৬) শিরোপা জিততে সাহায্য করে। এছাড়াও, ক্লাব ব্রুগকে ২০১৪-১৫ উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং বর্ষসেরা বেলজিয়ান পেশাদার ফুটবলার নির্বাচিত হয়েছিলেন।
ক্লাব ব্রুগ ছেড়ে যাওয়ার পর, ভাজকুয়েজ মেক্সিকোর ক্রুজ আজুল, কাতার স্টার লিগের আল-আরাবি এবং উম্মে সালাল এসসি, বেলজিয়ান প্রো লিগের কেএএস-এর মতো বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন। ইউপেন এবং মেজর লিগ সকারের টরন্টো এফসি এবং এলএ গ্যালাক্সিতেও খেলেছেন তিনি।
ইস্টবেঙ্গল এফসি-তে যোগ দিতে পেরে আনন্দিত, ভাজকুয়েজ বলেছেন, “আমি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে খুব খুশি। আমি কোচ কার্লেস এবং কোচ ডিমাসের কাছ থেকে ক্লাবের বর্ণাঢ্য ইতিহাস এবং ভক্তদের অবিশ্বাস্য আবেগের কথা শুনেছি। আমি ভারতীয় ফুটবলে আমার জায়গা তৈরি করতে এবং এই আইকনিক ক্লাবের সাফল্যে অবদান রাখতে মুখিয়ে রয়েছি। জয় ইস্টবেঙ্গল!”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
