অলস্পোর্ট ডেস্ক: বুদাপেস্টের টোটাল চেস পাইলট চ্যাম্পিয়নশিপ ভারতীয় দাবাড়ুদের জন্য ভাল গেল না। ভারতের তিন দাবাড়ু আর প্রজ্ঞানন্ধা, আর বৈশালী, ও অর্জুন এরিগাসি খেতাব জয়ের দৌড় থেকে ছিটকে গেছেন। এই তিনজনই সেমিফাইনালে উঠতে পারেননি রবিবার গ্রুপ লিগ রাউন্ডের খেলা শেষে। তবে এঁরা টুর্নামেন্টের শেষ পর্যন্ত থাকছেন, নীচের দিকের র্যাঙ্কিংয়ের স্থান পাওয়ার লড়াই চালিয়ে যেতে।
গ্রুপের চার বিজয়ী আলিরেজা ফিরোজা, আনিশ গিরি, ম্যাক্সিম ভাচিয়ের ও ফাবিয়ানো কারুয়ানা মঙ্গলবার থেকে শুরু নকআউটে অংশ নিচ্ছেন শীর্ষ স্থান পেতে। গিরির প্রতিপক্ষ ভাচিয়ের-লাগ্রেভ আর কারুয়ানার মুখোমুখি ফিরোজা। এঁরা র্যাপিড ও ব্লিৎজ ফরম্যাটের লড়াইয়ে পরস্পরের মোকাবিলা করবেন। ডাবল লেগ সেমিফাইলালে থাকছে সাতটি করে গেম। যার মধ্যে ৪টি ব্লিৎজ, ২টি র্যাপিড, ও একটি ফার্স্ট ক্লাসিক গেম থাকছে।
ভারতীয়দের মধ্যে একমাত্র এরিগাসি রবিবারের গ্রুপ লিগের শেষ পর্যন্ত সেমিফাইনালে ওঠার জায়গায় ছিলেন। কিন্তু স্বদেশীয় বৈশালীর কাছে গ্রুপ ডি-র রিভার্স ম্যাচে হেরে সেই আশা শেষ হয়ে যায় এরিগাসির। অথচ বৈশালীকে প্রথম দফার গেমে হারিয়ে এরিগাসি ২ পয়েন্ট আগে ছিলেন ভাচিয়ের-লাগ্রেভ ও হানস নিলমেনের।
এরিগাসিকে ফিরতি গেমে হারিয়ে বৈশালী বলেন, ‘ গেমটা জিতে আমি খুশি। লড়াইটা জটিল হয়ে গিয়েছিল। নিজেও বুঝতে পারছিলাম না ফলটা কী হতে যাচ্ছে।’ আগামী বছর বৈশালী বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে চীনের জু ওয়েনজুনকে চ্যালেঞ্জ জানাবেন।
এই টুর্নামেন্টের সবচেয়ে চমকপ্রদ ব্যাপার ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের গ্রুপ পর্যায়ে একটিও জয় না পাওয়া। ইয়ান নেপোমনিয়াচির সঙ্গে ২টি গেম ড্র করার ফলে কার্লসেনের লাইভ রেটিং ২৮০১.২য়ে নেমে এসেছে। এমনকি ১৫ বছরে প্রথমবার কার্লসেনের রেটিং ২৮০০র নীচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর বিশ্বের ১ নম্বর জায়গাটাও চলে যেতে পারে, কারুয়ানা যে দুরন্ত ফর্মে রয়েছেন, তার কারণে। কার্লসেন পঞ্চম স্থানে শেষ করেছেন ৯ পয়েন্ট নিয়ে। ৯টি ড্র ও একটি হারের কারণে। তিনি এখন নকআউট ফাইভ পজিশনে লড়বেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
