কার্লস কুয়াদ্রাত
অলস্পোর্ট ডেস্ক: একগুচ্ছ ক্ষোভ, বিরক্তি নিয়েই সাফল্যের রাস্তা খুঁজছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত । গত কয়েক বছর সাফল্য ও ইস্টবেঙ্গলের মধ্যে আড়ি থাকলেও কুয়াদ্রাতের মধ্যস্থতায় সেই গোসা অনেকটাই কেটেছে। কিন্তু নানান কারণে পুরোপুরি সেটা কিছুতেই কাটছে না। আর সেই সবই ক্ষোভের কারণ তৈরি করছে ইস্টবেঙ্গল কোচের মধ্যে। রেফারিং নিয়ে রীতিমতো বিরক্ত তিনি। সাময়িক ক্ষোভ চেপে রাখলেও এদিন তার বিস্ফোরণ ঘটেছে। শুধু রেফারিং নয়, এদিন ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার থেকে নিয়ম— সব কিছু নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।
কখনও একমাসে খেলতে হচ্ছে মাত্র দুটো ম্যাচ কখনও আবার পাঁচ সপ্তাহে খেলতে হচ্ছে ন’টি ম্যাচ। যে কারণে ভারতের ফুটবল ক্যালেন্ডার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। মাঝে প্রায় একমাসের বিরতি থাকলেও সেই সময় জাতীয় দলের টুর্নামেন্টের পাশাপাশি ছিল সুপার কাপও। দলগুলো বা প্লেয়াররা বিশ্রাম পাননি। কিন্তু তাতে কোনও সমস্যা নেই ইস্টবেঙ্গল কোচের। কিন্তু খেলার পরিমাণের তারতম্য নিয়ে প্রশ্ন তুলছেন তিনি।
কার্লেস কুয়াদ্রাত বলছিলেন, ‘‘আমার প্লেয়াররা তৈরি ছিল, পুরো দল ছিল কিন্তু নভেম্বরে আমরা মাত্র দুটো ম্যাচ খেলেছি। অক্টোবরেও আমরা দুটো ম্যাচ খেলেছি আর এখন হঠাৎ করে আমাদের পাঁচ সপ্তাহে খেলতে হবে ন’টি ম্যাচ। যেচার উন্নতি করতে হবে।’’
কিন্তু এর থেকেও বেশি তিনি বিরক্ত ভারতীয় ফুটবলের নিয়ম নিয়ে। তিনি মনে করিয়ে দেন, ২০১৬ থেকে তিনি ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত। প্রশ্ন তোলেন, কেন সুপার কাপের কার্ডের প্রভাব আইএসএল-এ পড়বে। সুপার কাপ ফাইনালে দুটো হলুদ কার্ডের জন্য আইএসএল ম্যাচে খেলতে পারবেন না ইস্টবেঙ্গল মাঝ মাঠের ভরসা শৌভিক চক্রবর্তী। ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
তিনি বলেন, ‘‘এর কোনও লজিক নেই। একটা টুর্নামেন্টের কার্ড অন্য টুর্নামেন্টে কেন ব্যবহার হবে? সুপার কাপের কার্ড কেন আইএসএল-এ ব্যবহার হবে? সুপার কাপের কার্ড পরের বছর সুপার কাপে ব্যবহার হতে পারে। আমাদের ইন্ডিয়ান সুপার লিগে শাস্তি দেওয়া হচ্ছে যখন আমাদের অনেক বেশি পয়েন্ট দরকার। তাহলে যে আইএসএল-এ চারটে হলুদ কার্ড দেখবে সে সুপার কাপের ম্যাচ মিস করবে না হলে এই নিয়মের কোনও লজিক নেই। এটা হওয়া উচিত ছিল, পরের সুপার কাপে শৌভিক একটা ম্যাচ খেলতে পারত না।’’
রেফারিং থেকে ভারতীয় ফুটবলের নিয়ম এমনকি ক্যালেন্ডার নিয়েও একাধিক প্রশ্ন ও বিরক্তি রয়েছে কুয়াদ্রাতের মধ্যে। একদিনে সব তুলে দিলেন তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
