Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ ডুরান্ড কমিটিকে শর্ত দিল মোহনবাগান এসজি। সেই শর্ত মানার ওপরই সবুজ মেরুনের ডুরান্ডে খেলা নির্ভর করছে।

বাগানের ডুরান্ডে অংশগ্রহণ নিয়ে টালবাহানার জন্যই টুর্নামেন্টের সংগঠকরা চুড়ান্ত সূচী প্রকাশ করতে পারছে না শুক্রবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবন কাচারাল সেন্টারে ডুরান্ড কাপ ট্রফির উন্মোচন ঘটানো সত্ত্বেও। দু’‌দিন আগে ডুরান্ড কমিটিকে চিঠি দিয়ে মূলত চারটি শর্ত দিয়ে সংগঠকদের মতামত জানতে চেয়েছে মোহনবাগান।

এই শর্তগুলির মধ্যে অন্যতম হল সবুজ মেরুন টিম ম্যানেজমেন্টের চাহিদা মতো ম্যাচের টিকিটের ব্যবস্থা করা। এতদিন পর্যন্ত ডুরান্ড কাপে অংশগ্রহণ করলেও সংগঠকরা মোহনবাগান এসজির টিকিটের চাহিদা পূরণকে কোনও গুরুত্বই দেয়নি। বরং বলা ভাল, টিকিট চেয়েও পায়নি সবুজ মেরুন টিম কর্তৃপক্ষ। এতে নিজেদের অপমানিত বোধ করেছেন তাঁরা বারবার।

আর একটি শর্ত হল ডুরান্ড কাপে খেলার জন্য প্রস্তুতি নিতে অনুশীলনের মাঠের ব্যবস্থা করা। মোহনবাগান এসজি বছরের বেশি সময় অনুশীলন করে যুবভারতীর ট্রেণিং গ্রাউন্ডে। সেখানে তাদের যুব দল অনুশীলন করছিল কলকাতা ফুটবল লিগ খেলার জন্য। কিন্তু ডুরান্ড কমিটি সেই মাঠের দখল নেওয়ায় সবুজ মেরুনের রিজার্ভ টিম, যেটা ডেভেলপমেন্ট টিম হিসেবে পরিচিত, তাকে যুবভারতী ছেড়ে রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে চলে যেতে হয়েছে বাধ্য হয়ে। নিজেদের মাঠ সংস্কারের কাজ শেষ না হওয়ায়। এতে বাগানের অসুবিধা বেড়েছে বই কম নয়। তাই মোহনবাগান চায়, তাদের আগের পছন্দের মাঠ ফিরিয়ে দেওয়া হোক অনুশীলনের জন্য।

মোহনবাগান এসজি যেহেতু এখনও নিশ্চিত নয়, কবে থেকে আইএসএল শুরু হবে, এফএসডিএল ও ফেডারেশনের মধ্যে মাস্টার রাইটস এগ্রিমেন্টের(‌এমআরএ)‌ নয়া চুক্তি সম্পন্ন হবে, তাই সিনিয়র দলের প্রিসিজন অনুশীলন শুরুর দিন নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারছে না। এব্যাপারে একটা স্পষ্ট চিত্র মিলতে পারে ১৪ জুলাই সুপ্রিম কোর্ট খোলার পর। সুপ্রিম কোর্টের ফেডারেশনের সংবিধান সংশোধন নিয়ে রায়দানের ওপরই অনেককিছু নির্ভর করছে। ততদিনে ভারতীয় ফুটবলের রোডম্যাপ কী হবে, আইএসএল ও আই লিগের মধ্যে দেশের একনম্বর লিগ কোনটা হবে, সেটাও তখনই জেনে যাওয়ার কথা। এতে আইএসএলের সব দলের পক্ষেই সুবিধা হবে, নিজেদের অবস্থান ঠিক করতে, দল গড়তে ও প্রিসিজন প্র‌্যাকটিস শুরুর পথে হাঁটতে।

তাই মোহনবাগান নিশ্চিত হতে চায়, ডুরান্ডের গ্রুপ পর্বে তাদের দলে আর কারা কারা থাকবে।
এর আগে কলকাতায় যতবার ডুরান্ড কাপ হয়েছে, গ্রুপ পর্যায়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে একগ্রুপে রেখে ডুরান্ড ডার্বিটা নিশ্চিত করেছেন সংগঠকরা। টুর্নামেন্টের জৌলুস বাড়ানোর সঙ্গে সঙ্গে ভাল রেভিনিউ জেনারেট করার এটা একটা ভাল জায়গা। কিন্তু এবার তাতে আপত্তি আছে বাগানের। বর্তমান পরিস্থিতিতে আগস্টের মাঝামাঝির আগে সিনিয়র দলের প্রিসিজন প্র‌্যাকটিস শুরু সম্ভব নয় বলেই,তারা প্রকাশ্যে না বললেও ডুরান্ড কমিটির কাছে এই প্রতিশ্রুতি চায়, যে গ্রুপ পর্যায়ে এক গ্রুপে তাদের সঙ্গে ইস্টবেঙ্গল থাকবে না। শুধুমাত্র যুব দলের ফুটবলারদের নিয়ে তারা ডার্বি খেলার ঝুঁকি নেবে না।

ডুরান্ড কমিটি এই সমস্যার সমাধান করতে ইস্টবেঙ্গলকে অন্য গ্রুপে রাখার কথা ভেবেই রেখেছে। সেইমতো ডায়মন্ড হারবার এফসি, মহমেডান ও আর্মির একটি দলকে মোহনবাগানের গ্রুপে রেখে প্রাথমিক একটা সূচী তৈরিও করেছে। তবে এই গ্রুপ নিয়ে এখনও কোনও সন্তোষজনক সম্মতি জানায়নি মোহনবাগান। ডুরান্ড কমিটি চাইছিল, মোহনবাগান ও ডায়মন্ড হারবার এফসির মধ্যে উদ্বোধনী ম্যাচ করতে। সেটাও মোহনবাগানের মনোমত নয় বলে শোনা যাচ্ছে। সেটা বুঝে ইস্টবেঙ্গলের সঙ্গে বেঙ্গালুরুর একটি দলের ম্যাচ দিয়ে ডুরান্ডের উদ্বোধন সারতে চাইছে সংগঠকরা।

মোহনবাগান এসজির পক্ষ থেকে চিঠি দিয়ে শর্ত লিপিবদ্ধ করে পাঠালেও, এখনও পর্যন্ত ডুরান্ড কমিটির তরফে কোনও উত্তর আসেনি। বাগান টিম ম্যানেমেন্টের সাফ কথা, যতক্ষণ পর্যন্ত তাদের দেওয়া চিঠির সন্তোষজনক উত্তর আসছে, ততক্ষণ পর্যন্ত ডুরান্ডে খেলার সম্মতি তারা দেবে না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *