Cart Total Items (0)

Cart

All Sports India
এআইএফএফ

অলস্পোর্ট ডেস্ক:‌ মাস্টার রাইটস এগ্রিমেন্ট(‌এমআরএ)‌ ইস্যুতে আইএসএল আয়োজন সাময়িক স্থগিত রাখার কথা এই টুর্নামেন্টের পরিচালন সমিতি এফএসডিএল অংশগ্রহণকারী ক্লাবগুলোর পাশাপাশি ভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছে। এতে ভারতীয় ফুটবল মহলে রীতিমতো আলোড়ন পড়ে গেছে। আইএসএল পরিচালন সমিতি এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য ফেডারেশনকে সরাসরি দায়ি করেছে। এতে চাপে পড়ে গেছে ফেডারেশন। নিজের পিঠ বাঁচাতে তারা এক বিজ্ঞপ্তিতে সাফাইয়ের পথে হেঁটেছে সুপ্রিম কোর্টের নির্দেশকে ঢাল করে।

এফএসডিএলের সঙ্গে ফেডারেশনের এমআরএ শেষ হয়ে যাচ্ছে চলতি বছরের ৮ ডিসেম্বর। তাই ওই সময়ের পর এমআরএর রূপরেখা কী হবে, তা জানা না থাকায়, তাদের পক্ষে আইএসএল আয়োজনের পথে হাঁটা সম্ভব নয় বলে জানিয়েছে এফএসডিএল। ফেডারেশনকে বারবার এনিয়ে বলেও কোনও সুরাহা হয়নি।

এআইএফএফের তরফে পাল্টা বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, তারা ২০২৪র ২১ নভেম্বর এমআরএ নবীরকরণ নিয়ে এফএসডিএলের সঙ্গে আলোচনায় বসেছিল। এরপর দু’‌পক্ষের প্রতিনিধিদের মধ্যে দিল্লিতে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ও মুম্বইতে ৫ মার্চ বৈঠক হয়েছিল এমআরএ নিয়ে একটা জায়গায় পৌঁছতে। এই বৈঠকের পরিপ্রেক্ষিতে ৫ মার্চ একটি প্রস্তাব পেশ করে এফএসডিএল, তার পাল্টা একটি প্রস্তাব রাখে ফেডারেশন ২১ এপ্রিল। কিন্তু কোনও সমাধানের রাস্তা তো বেরোয়নি, বরং সুপ্রিম কোর্টের নির্দেশকে সামনে রেখে ফেডারেশনের লিগাল সেল তাদের পরামর্শ দেয়, এব্যাপারে আর কোনও আলোচনা না এগোতে এমআরএ ইস্যুতে।

যেহেতু সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ফেডারেশনের বর্তমান কমিটি ক্ষমতাহীন, তাদের আর বড় কোনও সিদ্ধান্ত নেই, সেটাকেই ঢাল হিসেবে ব্যবহার করার পথ বেছেছে ফেডারেশন। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে এটাও উল্লেখ করেছে, তারা সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্মান করছে। অপেক্ষা করছে সুপ্রিম কোর্টের চুড়ান্ত রায়ের ওপর। এই পরিস্থিতির মাঝে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বিষয়টা। আইএসএল ভারতীয় ফুটবলের জন্য শুধু গুরুত্বপূর্ণ নয়, এর সঙ্গে ক্লাব, ফুটবলার, কোচিং স্টাফ, কর্তা, কর্মী, ফ্যানদের ভবিষ্যত ও স্বার্থ প্রবলভাবে জড়িয়ে আছে, তাই আইনের মধ্যে থেকে আইএসএল যাতে চালু থাকে, সেব্যাপারে সবরকম পদক্ষেপ তারা নিতে তৈরি। ফেডারেশন ও স্টেকহোল্ডারদের মিলিত শক্তির জোরে একটা সমাধানের রাস্তা ঠিক বেরিয়ে যাবে। ততদিন স্টেকহোল্ডাররা যেন তাদের এই সমস্যা বুঝে ধৈর্য ধরে পাশে থাকে। আইএসএল খেলার জন্য তৈরি থাকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *