অলস্পোর্ট ডেস্ক: আইএসএল অনিশ্চিত। কবে শুরু হবে সেটা ফেডারেশন বলতে পারেনি ক্লাব কর্তাদের সাম্প্রতিক বৈঠকে। ফেডারেশন সভাপতি কল্যান চৌবে ক্লাবগুলোকে শান্ত করতে আইএসএলের আগে সুপার কাপ করা হবে বলে জানিয়েছেন। কিন্তু সেটাও যে কবে থেকে শুরু হবে, সেটা পরিষ্কার করে বলতে পারেননি। খেলার সঙ্গে যেমন জড়িয়ে ক্লাবের কোচ, ফুটবলার, পরিচালনায় থাকা কর্মীরা, তেমন একটা বড় অংশ জুড়ে আছেন রেফারিরা, যাঁরা ম্যাচ পরিচালনা করেন। তাঁদের সামনেও অনিশ্চিত ভবিষ্যত চিন্তায় ফেলে দিয়েছে।
ভারতীয় ফুটবলে এখন এমন অনেক রেফারি আছেন, যাঁরা বাঁশি মুখে, বা লাইনে থেকে ম্যাচ পরিচালনাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন ভালবেসে। ডুরান্ড কাপের শেষে সর্বভারতীয় স্তরে আর কোনও খেলা না হলে তাঁরা বেকার হয়ে পড়বেন। এটা ভেবেই ৫ আগস্ট ৯ জন রেফারি মিলিতভাবে একটি চিঠি পাঠিয়েছেন এআইএফএফের কাছে। তাঁদের ফেডারেশনের সঙ্গে প্রফেসনাল কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাচ্ছে ৩১ আগস্ট। তাই তাঁরা খানিকটা উদ্বিগ্ন হয়েই চিঠিতে নতুন করে দ্রুত চুক্তি নবীকরণের আবেদন করেছেন। এলিট রেফারিজ ডেভেলপমেন্ট প্রোগ্রামের পদ্ধতি মেনে।
রেফারিদের এই আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করছে এআইএফএফ। তারা জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। ব্যাপারটা তাদের মাথায় আছে। রেফারিরা যেন শান্ত থাকে। এইমুহূর্তে ডুরান্ড কাপ, ফুটসাল ক্লাব চ্যাম্পিয়নশিপ চলছে। আরও টুর্নামেন্ট হবে। তাছাড়া অনূর্ধ্ব ২০ মহিলা জাতীয় দলের খেলা চলছে মায়ানমারে এএফসি অনূর্ধ্ব ২০ মহিলা এশিয়ান কাপ ২০২৬ কোয়ালিফায়ারের। এছাড়া অনূর্ধ্ব ২৩ পুরুষ ও অনূর্ধ্ব ১৭ মহিলা জাতীয় দলের শিবির চলছে বেঙ্গালুরুতে চলছে। তা নিয়ে ব্যস্ত থাকার ফাঁকেই রেফারিদের চুক্তি নবীকরণের পথে হাঁটবে ফেডারেশন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
