অলস্পোর্ট ডেস্ক: কথাবার্তা চলছিল অনেকদিন ধরেই। শেষপর্যন্ত তা পাকা হল। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ৫ বছরের চুক্তিতে সই সারলেন ডিফেন্ডার মেহতাব সিং। শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর। মুম্বই সিটির জার্সিতে দু’বার আইএসএল শিল্ড ও কাপজয়ী মেহতাবের যোগদানে হোসে মোলিনার রক্ষণভাগের শক্তি অনেকটাই বাড়বে। মেহতাব স্টপার পজিশনে ছাড়া সাইডব্যাকেও খেলতে পারদর্শী। এর আগে কলকাতায় ৪ বছর খেলার অভিজ্ঞতা আছে তাঁর। অংশ নিয়েছেন কলকাতা ডার্বিতেও।
সবুজ মেরুন জার্সি চাপানোর সিদ্ধান্ত নেওয়ার পর মেহতাবের প্রতিক্রিয়া, ‘ মোহনবাগানে খেলার স্বপ্ন সব ফুটবলারেরই থাকে। আমারও ছিল। সেই স্বপ্ন সত্যি হল। মোহনবাগান এসজি অত্যন্ত শক্তিশালী দল। ভাল মানের বিদেশি ও জাতীয় দলের সেরা ফুটবলাররা খেলে। কোচ মোলিনা অত্যন্ত অভিজ্ঞ, সফল ও সম্মানীয়। আমার কাছে কলকাতার আরও ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু মোহনবাগানের মতো সফল ও মোলিনার টিমে খেললে নিজেকে আরও প্রতিষ্ঠিত ও সমৃদ্ধ করতে পারব বলেই এখানে যোগ দিয়েছি। সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট খুব ভাল। ওরা স্বপ্ন দেখতে জানে। মুম্বই দলের হয়ে আইএসএলে সাফল্য পেয়েছি। চ্যাম্পিয়ন্স লিগ খেলেছি। সেই অভিজ্ঞতা সবুজ মেরুন জার্সিতেও কাজে লাগবে। কারণ আমাদের প্রথম ম্যাচেই খেলতে হবে ১৬ সেপ্টেম্বর আহাল এফসির বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স লিগে খেলা আমার অভিজ্ঞতা সতীর্থদের সঙ্গে শেয়ার করতে পারব। চেষ্টা করব টিমের সঙ্গে দ্রুত নিজেকে মানিয়ে নিতে।’
মেহতাব মনে করেন কলকাতায় খেলার উত্তেজনাই আলাদা। বললেন, ‘ মোহনবাগান সদস্য-সমর্থকরা দেশের সেরা। এই ক্লাবের প্যাশন ও আবেগ আমার জানা। ডার্বি খেলার মজাও আলাদা। সবুজ মেরুন জার্সিতে ডার্বি জিততে চাই। স্বপ্ন ও লক্ষ্য ছাড়া কোনও ফুটবলার সফল হতে পারে না। আমিও স্বপ্ন দেখছি আমার ট্রফি ক্যাবিনেটে আরও ট্রফি জমা হবে সবুজ মেরুন জার্সিতে। লক্ষ্য থাকবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ জেতা।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
