PHOTO COURTESY; AIFF
অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার কাফা নেশনস কাপের প্রথম ম্যাচে তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে তাজিকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। ভারতীয় দলের কোচ খালিদ জামিল প্রতিপক্ষকে গুরুত্ব দিলেও, আত্মবিশ্বাসী টুর্নামেন্টে ভাল শুরু করতে।
তবে এটা যে ভারতীয় দলের নতুন কোচ খালিদের কাছে অগ্নিপরীক্ষা বলাই বাহুল্য। আগের কোচ মানোলো মারকোয়েজ ভারতীয় দলকে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফায়ারে ডুবিয়ে রণে ভঙ্গ দিয়ে পালিয়েছেন। সেই ডুবন্ত নৌকার হাল ধরার কাজটা এখন খালিদের ওপর বর্তেছে। কাফা নেশনস কাপে ভারতীয় দলের পারফরমেন্সের ভিত্তিতে বোঝা যাবে ৯ ও ১৪ অক্টোবর সিঙ্গাপুরের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের বিরুদ্ধে ম্যাচে খালিদের কোচিংয়ের কী সুফল মিলবে।
ভারত ও তাজিকিস্তান এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে ৫ বার। তাজিকিস্তান জিতেছে ৩ বার। ভারতের একমাত্র জয় এসেছিল ২০০৮ সালে এএফসি চ্যালেঞ্জ কাপ ফাইনালে ৪-১ গোলে। ফিফা ক্রমতালিকায় তাজিকিস্তান ১০৬। ভারত সেখানে ১৩৩। অতীতের কথা মাথায় রাখছেন না ভারতের কোচ খালিদ। তাঁর মতে, ‘ তাজিকিস্তান সম্পর্কে জানি। ওদের খেলার ধরনের ব্যাপারে খোঁজ নিয়েছি। যথেষ্ট শক্তিশালী। সম্প্রতি ওরা খুব ভাল খেলছে। তবে আমরা ওদের মোকাবিলায় তৈরি। বেঙ্গালুরুতে ১০ দিনের প্রস্তুতি শিবিরে ফুটবলাররা ঘাম ঝরিয়েছে নিজেদের ফিটনেস ও বোঝাপড়া বাড়াতে। এখন টুর্নামেন্টে একটা দল হিসেবে খেলা জরুরি। ম্যাচ বাই ম্যাচ উন্নতি করা। জুনিয়র আর সিনিয়রদের মিলিয়ে সেরা ফল পেতে সময় দিতে হবে।’
খালিদের মতে, ‘ লড়াইটা কঠিন। গ্রুপে তাজিকিস্তান ছাড়াও ইরান (১ সেপ্টেম্বর) ও আফগানিস্তানের (৪ সেপ্টেম্বর) মতো প্রতিপক্ষ আছে। অ্যাওয়ে গেম হলেও ফুটবলারদের ইতিবাচক মানসিকতা নিয়ে তৈরি থাকতে হবে সেরা দিতে। দলের প্রতি ফুটবলারকে নিজেদের দায়িত্ব পালন করতে তৈরি থাকতে হবে।’
ফেডারেশন সূত্র জানাচ্ছে, ভারত-তাজিকিস্তান ম্যাচটি ফ্যান কোডে দেখা যাবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
