Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ভারতীয় হকি দলের সামনে এক কথায় অগ্নি পরীক্ষা। কারণ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার এই একমাত্র ও শেষ সুযোগ ভারতের সামনে। সেখানে প্রথম ম্যাচে দুর্বল চিনের সামনে যে ভাবে বার বার সমস্যায় পড়তে হল তাতে ঘুরে দাঁড়াতে না পারলে সামনে বড় বিপদ অপেক্ষা করছে ভারতের। তবে চিন যতই ভারতের থেকে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকুক না কেন, তাদের গতি ও কাউন্টার অ্যাটাক যে ভারতকে সমস্যায় ফেলবে তা আগে থেকেই জানা ছিল। রাজগীরে এশিয়া কাপের প্রথম ম্যাচে চিনের মুখোমুখি হয়ে ভারত নিজেদের ক্ষমতাকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেল ঠিকই তবে তা কোচ ফুলটনের জন্য মাথা ব্যথার নতুন করে কারণ হয়ে দেখা দেবে স্বাভাবিকভাবেই। যদিও শুরুটা জিতেই করে দিল ভারত।

রাজগীরে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫ পুল এ-এর নাটকীয় ম্যাচে ভারত চীনকে ৪-৩ গোলে হারিয়েই যাত্রা শুরু করল। পেনাল্টি স্ট্রোক মিস করার পরেও ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত সিং হ্যাটট্রিক করেছেন এবং জুগরাজ সিং একটি গোল করে ভারতকে জয় এনে দেন। আন্ডারডগ চিন ভারতকে একাধিকবার সমস্যায় ফেলে। প্রথমে ১-০ ব্যবধানে এগিয়ে যায় এবং তারপরে ৩-১ ব্যবধানে পিছিয়ে থেকে ৩-৩ ব্যবধানে সমতায় ফেরে। শেষ পর্যন্ত ভারত ৪-৩ গোলে ম্যাচ জিতে নেয়। উভয় দলের একটি করে গোলও বাতিল হয়। ভারতের জন্য আদর্শ শুরু, যারা চতুর্থবার এশিয়া কাপ জয়ের লক্ষ্যে এবং সরাসরি হকি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার লক্ষ্যে নেমেছে।

প্রথম কোয়ার্টারের তিন মিনিটেই ভারতের সামনে সুযোগ চলে এসেছিল। গোলও করে ফেলেছিল ভারত কিন্তু চিনের রেফারেলে তা বাতিল করেন রেফারি। কারণ হার্দিক সিং ফাউল করেছিলেন। আর তার ১০ মিনিটের মধ্যেই এগিয়ে যায় চিন। ১৩ মিনিটে পেনাল্টি কর্নার আদায় করে নেয় চিনা প্লেয়াররা। এবং দারুণভাবে সেই পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় চিন। তবে শেষ টাচটা ভারতীয় ডিফেন্ডারের ছিল বলেই মনে হচ্ছে। প্রথম কোয়ার্টারের শেষ পর্যন্ত গোলের ব্যবধান ধরে রেখেই শেষ করে চিন।

ভারতের সামনে দ্বিতীয় কোয়ার্টার ছিল ঘুরে দাঁড়ানোর। আর আগে অবশ্য প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে ভারত পেনাল্টি কর্নার থেকে গোলের সুযোগ নষ্ট করে। বিশেষজ্ঞ হরমনপ্রীতের শট গোলের বাইরে চলে যায়। ভারতীয় হকি দলের এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা পেনাল্টি কর্নার বিশেষজ্ঞের অভাব। দ্বিতীয় কোয়ার্টারের তিন মিনিটেই সমতায় ফেরে ভারত। একাধিক পেনাল্টি কর্নার মিস করার পর শেষ পর্যন্ত তা কাজে লাগান যুগরাজ সিং। মাঠে ছিলেন না হরমনপ্রীত।

সমতায় ফেরার সঙ্গে সঙ্গেই আত্মবিশ্বাসও ফিরে পায় ভারতীয় দল। এক মিনিটের মধ্যেই ব্যবধান বাড়িয়ে নেয় ভারত হরমনপ্রীত সিং-এর অসাধারণ ড্র্যাগ ফ্লিকে। ০-১ গোলে পিছিয়ে পড়া থেকে ২-১ গোলে এগিয়ে গিয়ে দ্বিতীয় কোয়ার্টার শেষ করে ভারত। এর মধ্যেই বেঞ্চে বসতে হয় হার্দিককে। যদিও চিন তার সুযোগ নিতে পারেনি। যার পল তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও এগিয়ে যায় ভারত। অধিনায়ক হরমনপ্রীত সিং নিজের নামেও দ্বিতীয় গোল লিখে নেন। চিনের সামনে পরিস্থিতি কঠিন মনে হলেও ঘুরে দাঁড়াতে সফল হয় ভারতের প্রতিপক্ষ।

ভারত ৩-২ করার দু’মিনিটের মধ্যেই ব্যবধান কমায় চিন। সেই তাদের চেনা কাউন্টার অ্যাটাকেই আসে তাদের দ্বিতীয় গোল। আবারও পেনাল্টি কর্নারের সদ্ব্যবহার করেন চিনা প্লেয়াররা। ভারতের জন্য চ্যালেঞ্জটাও বেড়ে যায় ব্যবধান কমে যাওয়ায়। তৃতীয় কোয়ার্টারেই তৃতীয় গোল করে ফেলেছিল চিন। কিন্তু বিল্ডআপে ফাউলের ​​কারণে গোল বাতিল হওয়ায় ব্যবধান ভারতের পক্ষে বজায় থাকে। ম্যাচে দু’টি গোল বাতিল হল, একটি ভারতের এবং একটি চিনের। এই কোয়ার্টারের শেষে হরমনপ্রীতের পেনাল্টি স্ট্রোক অল্পের জন্য নষ্ট হওয়ার সঙ্গেই হ্যাটট্রিকের সুযোগও হারান তিনি। তবে শেষ কোয়ার্টারে সবটা দখলে নিয়ে নেয় ভারত। তবে তার আগেই ৩-৩ গোলে সমতায় ফিরে ভারতকে বড় ধাক্কা দেয় চিন।

শেষ কোয়ার্টার লেখা ছিল ভারতের নামে। যেখানে পর পর পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারতীয় হকি দল। এবং তার প্রথমটি মিস করলেও দ্বিতীয়টি থেকে গোল তুলে নেয় ভারত। আর এর সঙ্গেই ৪-৩ গোলে এগিয়ে যাওয়ার পাশাপাশি অধিনায়ক হরমনপ্রীতও নিজের নামের পাশে হ্যাটট্রিক লিখে নেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *