অলস্পোর্ট ডেস্ক: ইস্টবেঙ্গলের জার্সিতে দ্বিতীয় বছরে পা দিয়েছিলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকস। কিন্তু তা আর দীর্ঘায়িত হল না। সোমবার পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়ে নিল ইস্টবেঙ্গল ক্লাব। গত মরসুমে কেরালা ব্লাস্টার্স থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন দিমিত্রি। সেই সময় তাঁকে ঘিরে স্বপ্ন দেখেছিল ইস্টবেঙ্গল জনতা। কারণ তার আগের মরসুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে আইএসএল-এ সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। যা তাঁর জন্য কলকাতা ফুটবলের রাস্তা প্রশস্ত করেছিল ঠিকই কিন্তু যে ভাবনা থেকে তাঁকে দলে নেওয়া হয়েছিল তা পূরণ হয়নি। গত মরসুমে তিনি যখন ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন তখন লালজ-হলুদের কোচ ছিলেন কার্লেস কুয়াদ্রাত। কিন্তু গত মরসুমে মাঝ পথে বিদায় হয়ে যায় কুয়াদ্রাতের। দায়িত্ব নেন অস্কার ব্রুজোঁ। তাঁরও মনে ধরেনই দিয়ামান্তাকসের পারফর্মেন্স।
গত মরসুমের শুরু থেকেই অনেকটা সময় চোটের জন্য বাইরে থাকতে হয়েছিল দিয়ামান্তাকসকে। যতটুকু খেলেছেন সেটা দলকে কোনও সাফল্যের পথে নিয়ে যেতে পারেনি। বরং তাঁর পারফর্মেন্সে রীতিমতো বিরক্ত ছিলেন অস্কার। কিন্তু বাধ সাধছিল দিয়ামান্তাকসের সঙ্গে ক্লাবের চুক্তি। ২০২৪-২৫ মরসুমে দীর্ঘকালীন চুক্তিতেই ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন এই গ্রিক স্ট্রাইকার। যার ফলে মাঝ পথে তাঁকে ছেড়ে দিতে হলে ক্লাবকে প্রচুর টাকা ক্ষতিপূরণ দিতে হত। আর সে কারণেই বার বার বাধাপ্রাপ্ত হয়েছে দিয়ামান্তাকসের বিদায়।
২০২৫-২৬ মরসুমে যখন তাঁকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল ক্লাব, তখনও মনে করা হয়েছিল বড় ক্ষতিপূরণের কারণেই এই সিদ্ধান্ত। এই মরসুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপেও খেলতে দেখা গিয়েছে তাঁকে। ডার্বিতে জোড়া গোল করে কিছুটা আশার আলোও দেখিয়েছিলেন তিনি। যদিও এছাড়া আর উল্লেখযোগ্য তেমন কোনও পারফর্মেন্স নেই তাঁর ঝুলিতে। বরং তাঁর গোল মিসের বহর ছিল চোখে পড়ার মতো। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল থেকে বিদায় হয়ে গেল দিয়ামান্তাকসের। এদিন ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হল, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই দুই পক্ষের মধ্যে বিচ্ছেদ সম্পন্ন হল।
ডুরান্ড পরবর্তী সময়ে এখনও কোনও টুর্নামেন্ট নেই ক্লাবগুলোর সামনে। সেপ্টেম্বরে সুপার কাপ হওয়ার কথা থাকলেও এখনও কিছু ঘোষণা করা হয়নি। আইএসএল হতে ডিসেম্বর মাস। এবার মরসুমের শুরুতে ইস্টবেঙ্গল তাদের ছয় বিদেশির কোটাই পূর্ণ করে ফেলেছিল। কিন্তু দিয়ামান্তাকসের বিদায়ে আবার পাঁচ বিদেশিতে চলে এল। এদিকে ট্রান্সফার উইন্ডো ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। আবার খুলবে ডিসেম্বরে। সেদিক থেকে দেখতে গেলে হয়তো ডিসেম্বরে আইএসএল-এর আগেই হয়তো নতুন বিদেশিকে দলে নেবে ইস্টবেঙ্গল। সুপার কাপ হলে পাঁচ বিদেশিতেই কাজ চালাবে দল। তবে কত টাকায় দুই পক্ষের বোঝাপড়া সম্পন্ন হল তা জানা যায়নি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
