Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এই এশিয়া কাপ হকি যে ভারতের জন্য শেষ সম্বল তা তো সকলেই এতদিনে জেনে গিয়েছে। এই এশিয়া কাপে জয়ই ভারতের জন্য খুলে দিতে পারে বিশ্বকাপের দরজা। এটাই শেষ আশা ভারতীয় হকির জ‌ন্য। হকিপ্রেমীদের পাশাপাশি হরমনপ্রীতদের মাথায়ও ঘুরছে বিশ্বকাপ। ঘরের মাটিতে তাই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া ছাড়া ভারতীয় হকি দলের সামনে আর কোনও বিকল্প নেই। যদিও গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে ভারতের ঝুলিতে জয় এলেও তা ছিল কষ্টসাধ্য। চিনের বিরুদ্ধে ৪-৩ ও জাপানের বিরুদ্ধে ৩-২ গোলে জয় রীতিমতো চিন্তায় রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। গোল করে এগিয়ে গিয়েও গোল হজমের রোগে ভুগছিল ভারত। তবে গ্রুপের শেষ ম্যাচে কাজাখস্তানের বিরুদ্ধে এই সবটাই কাটিয়ে ওঠা গেল ঠিকই। যদিও কাজাখস্তান যে কঠিন প্রতিপক্ষ ছিল না, সেটাও মাথায় রাখতে হবে।

এক ম্যাচে ১৫টি গোল, নেহাৎই কম নয়। তার উপর সেটা যখন আসে একটি দলের পক্ষ থেকেই। তখন সে ম্যাচ যে চূড়ান্ত একপেশে তা নিয়ে আর কোনও সন্দেহ থাকে না। উল্টো দিকের ভাড়ার শূন্য। ১৫-০ গোলে জিতেই সুপার ফোরে খেলতে নামবে ভারতীয় হকি দল। যদিও দ্বিতীয় ম্যাচে জয়ের সঙ্গেই ভারতের সুপার ফোর কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। সেদিক থেকে দেখতে গেলে এদিন ছিল নিয়মরক্ষার ম্যাচ। যেখানে হ্যাটট্রিকের হ্যাটট্রিক করল ভারতীয় দল। এই ১৫ গোলের মধ্যে ১০ গোলই এল তিন জনের স্টিক থেকে।

হ্যাটট্রিকসহ চার গোল করলেন অভিষেক। জোড়া হ্যাটট্রিক এল যুগরাজ সিং ও সুখজিৎ সিং-এর স্টিক থেকে। এই তিনজন ছাড়া গোল পান অমিত রোহিদাস, রাজিন্দর সিং, সঞ্জয় সিং, দিলপ্রীত সিং ও হরমনপ্রীত সিং। এদিন দুই দলের খেলায় স্পষ্ট ছিল দুই দলের মধ্যের পার্থক্য। সাতের সঙ্গে ৮১-এর লড়াইয়ের নজির তৈরি হল রাজগীরের মাঠে।

সোমবার এশিয়া কাপ ২০২৫ হকি পুল এ-তে ভারতের কাজাখস্তানকে ১৫-০ গোলে হারানোর ম্যাচে দু’তিন মিনিটের ব্যবধানে গোল করে চলে ভারত। অভিষেকের গোলের মিনিট ৫, ৮, ২০ এবং ৫৯। সুখজিৎ সিং-এর গোল আসে ১৫, ৩২ ও ৩৮ মিনিটে। যুগরাজ সিং গোলগুলি করেন ২৪, ৩১ ও ৪৭ মিনিটে। এছাড়া অধিনায়ক হরমনপ্রীত সিং ২৬, অমিত রোহিদাস ২৯, রাজিন্দর সিং ৩২, সঞ্জয় সিং ৫৪ ও দিলপ্রীত সিং ৫৫ মিনিটে বাকি গোলগুলি করেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *