অলস্পোর্ট ডেস্ক: দুবাইয়ের মাঠে রীতিমতো দুরমুশ করে পাকিস্তানকে এশিয়া কাপ ম্যাচে হারানোর পর ভারতীয় ক্রিকেটারদের আচরণে প্রচন্ড ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট শিবির ও প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। ভারতীয় কোনও ক্রিকেটার হাত মেলাননি পাকিস্তান ক্রিকেটাররা অপেক্ষায় থাকলেও। এমনকি ম্যাচের শুরুতে টসের সময় পাকিস্তান অধিনায়ক সলমন আলি আগার সঙ্গে হাত মেলানো দূরে থাক, চোখের দিকেও তাকাননি ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। এমনকি ম্যাচের পর ভারতীয় ড্রেসিংরুমের দিকে পাকিস্তান অধিনায়ক গেলে তাঁর মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়। এনিয়ে ম্যাচ রেফারি মাইক প্রোক্টরের ভূমিকা নিয়েও সরকারি ভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে অভিয়োগ জানিয়েছে পাকিস্তান।
এতেই পাকিস্তানের পেসার শোয়েব আখতার পোস্ট ম্যাচ শোতে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ আমি বাকরুদ্ধ। একইসঙ্গে হৃদয়বিদারক। কী বলব ভেবে পাচ্ছি না। ম্যাচ জেতার জন্য ভারতীয় দলকে অভিনন্দন। কিন্তু খেলার মাঠে রাজনীতি টেনে এনো না। এটা ক্রিকেট ম্যাচ। এটা রাজনীতির আখড়া বানিও না। আমরা ভারতীয় ক্রিকেট দল, ক্রিকেটারদের সম্পর্কে অনেক ভাল ভাল কথা বলেছি। হ্যান্ডশেক না করার জন্য আমরাও অনেক কিছু বলতে পারি। কিন্তু সেটা ঠিক নয়। লড়াই, ঝগড়া হয়, পরিবারের মাঝেও হয়। সেগুলো ভুলে এগিয়ে চলাটাই উচিত। এটা ক্রিকেট খেলা। অন্যের সঙ্গে হাত মেলাও। তোমাদের সৌজন্য দেখাও। সেটাই কাম্য।’
পাকিস্তান ক্রিকেট দলের চিফ কোচ মাইক হেসেন ম্যাচের পর ভারতীয় ক্রিকেটারদের আচরণের সমালোচনায় সরব। তিনি বিস্মিত ভারতীয় ক্রিকেটাররা ম্যাচ শেষে হাত না মেলানোয়। অথচ এটা মাথায় রাখতে হবে, পোস্ট ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগা। তাঁর এই আচরণকে আবার সমর্থন করে শোয়েব আখতার বলেছেন, ‘ সলমন আলি পোস্ট ম্যাচ প্রেসেন্টেশনে না গিয়ে ঠিক করেছে।’
শোয়েব যাই বলুন না কেন, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচের পর নিজের ও দলের অবস্থান একবারে স্পষ্ট করে দেন আচরণে ও বক্তব্যে। তিনিও বুঝিয়ে দেন, তাঁরা যা করেছেন, ঠিক করেছেন। তিনি ভারতের জয় উৎসর্গ করেন পহেলগামে উগ্রপন্থী হানায় নিহত ভারতীয়দের উদ্দেশ্যে। এমনকি কেন তিনি বা তাঁর দলের ক্রিকেটাররা ম্যাচের পর পকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি, তা স্পষ্ট করে দেন। তাঁর সাফ কথা, ‘ ভারত সরকার ও বিসিসিআইয়ের স্ট্যান্ড খুব পরিষ্কার। নানা বয়কটের ডাক, পাকিস্তান ম্যাচ না খেলার চাপের মুখে ম্যাচটা খেলতে এসেছিলাম নিজেদের অবস্থান আরও বেশি করে স্পষ্ট করতে। আমরা ম্যাচটাই শুধু খেলতে এসেছিলাম, সখ্যতা বা সৌজন্য দেখাতে নয়, যেঘটনা আমাদের দেশে ঘটে গেছে তারপর। আমরা মাঠে ঠিক জবাবটাই দিয়েছি। স্পোর্টসম্যান স্পিরিটের ওপরেও জীবনে বেশ কিছু বিষয় থাকে। আমি প্রেসেন্টেশন সেরিমনিতেই বলেছি, পহেলহাম অ্যাটাকের শিকার নিহত মানুষদের কথা মনে রেখেছি। তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এই আচরণ। সেইসমস্ত মানুষের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছি।’
সূর্যকুমার যাদব এও বলেন, ‘ আমরা পাকিস্তানের বিরুদ্ধে জয়টা অপারেশন সিন্দুরে অংশ নেওয়া সেনাবাহিনীর উদ্দেশ্যেও উৎসর্গ করেছি। তাদের বাহাদুরি আমাদের সবসময় প্রেরণা জুগিয়েছে। মাঠে সেরা দিতে সাহায্য করেছে। আর যখনই সুযোগ পাব, এভাবেই মাঠে জবাব দিয়ে আমাদের সেনাবাহিনীর মনোবল বাড়ানোর কাজ চালিয়ে যাব।’
ভারতীয় দলের চিফ কোচ গৌতম গম্ভীর পূর্ণ সমর্থন জানিয়েছেন সূর্যকুমারের এই আচরণ ও বক্তব্যকে। তাঁর গলাতেও এক সুর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
