অলস্পোর্ট ডেস্ক: ভালাঙ্কা আলেমাও। যাঁরা চেনেন, তাঁদের নতুন করে ভালাঙ্কার পরিচয় দেওয়া নিষ্প্রয়োজন। তবে তাঁর কর্মক্ষমতা ও দক্ষতার খবর রাখেন না, তাঁদের জানাই চার্চিল আলেমাও কণ্যা ভালাঙ্কা এবার ভারতীয় ফুটবলের প্রসাশনের আঙিনা ছাড়িয়ে একবারে আন্তর্জাতিক দরবারের পৌঁছে গেলেন নিজ যোগ্যতার জোরে। ভালাঙ্কা ভারতের প্রথম মহিলা, যিনি ফিফা উইমেন্স ডেভেলপমেন্ট কমিটিতে জায়গা করে নিয়েছেন।
২০২৫-২৯ ফিফা উইমেন্স ফুটবল ডেভেলপমেন্ট কমিটিতে বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে ২৫ জন সদস্য নির্বাচিত হয়েছেন। যাঁর একজন হলেন ভালাঙ্কা। কমিটির প্রধান হলেন ফ্রান্সের ডিফেন্ডার ও ফ্রান্স এফএর সচিব লরা জর্জেস।
ভালাঙ্কা ভারতীয় ফুটবলে বিভিন্ন সময় নানা পদ সামলেছেন দক্ষতার সঙ্গে। ২০১২ সালে নিজের পারিবারিক ক্লাব চার্চিল ব্রাদার্সের প্রথম মহিলা হিসেবে সিইও পদে নিয়োগ পান তিনি। ২০২২ সালে ভারতীয় ফুটবল ফেডারেশনে তিনিই প্রথম মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হন। বর্তমানে এআইএফএফের মহিলা কমিটির চেয়ারপার্সন তিনি।
২ অক্টোবর ফিফা কাউন্সিল তাদের ওয়েবসাইটে ভালাঙ্কার ফিফা উইমেন্স ডেভেলমেন্ট কমিটির সদস্য নির্বাচিত হওয়ার কথা ঘোষণার পর ভালাঙ্কা স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। তিনি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর পরিবারের প্রতি, যাঁরা তাঁর পাশে থেকে সবসময় উৎসাহ দিয়ে গেছেন ভারতের বিভিন্ন প্রশাসনিক পদ সামলাতে। তবে বেশি কৃতজ্ঞ তাঁর বাবা চার্চিল আলেমাওয়ের কাছে, যিনি হাতে ধরে প্রশাসনিক কাজকর্ম চালানোর মূল পথপ্রদর্শক। ভালাঙ্কার প্রতিক্রিয়া, ‘ পারিবারিক ভাবে আমি সৌভাগ্যবান চার্চিল ব্রাদার্সের হয়ে প্রশাসনিক কাজ শুরু সুযোগ পেয়ে। বাবা চার্চিল আলেমাও সবসময় আমার ওপর আস্থা রেখে সমস্ত কাজে এগিয়ে দিয়েছেন শুরু থেকে। শিখিয়েছেন কীভাবে সমস্ত কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়। বলে এসেছেন বারবার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার কোনও বিকল্প নেই। তার সুফল পাচ্ছি।’
ফিফাকে ধন্যবাদ জানিয়ে ভালাঙ্কা বলেছেন, ‘ এটা আমার জীবনে একটা বড় মাইলস্টোন। ঘর ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও ফুটবলের উন্নতির সুযোগ পাওয়ায়। এটা আমার শুধু ব্যক্তিগত বড় প্রাপ্তি নয়। ভারতের পক্ষেও একটা ঐতিহাসিক ঘটনা। ভারতের প্রথম মহিলা হিসেবে ফিফার মতো ফুটবলের সবচেয়ে বড় ও জনপ্রিয় সংস্থার সদস্য হতে পেরে গর্বিত। আমার পেশাদার জীবন শুরু থেকে ভারতের পুরুষ ও মহিল ফুটবলের উন্নতির জন্য উৎসর্গীকৃত। এখন আরও বড় দরজা খুলে গেল আমার সামনে। মহিলা ফুটবলে ভারত এখন এমনিতেই বেশ ভাল জায়গায় রয়েছে আন্তর্জাতিক স্তরে। এই প্রথমবার তারা কোয়ালিফাইং রাউন্ড খেলে এশিয়ান কাপে যোগ্যতার্জন করেছে। মনে প্রাণে চাইছি আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপে দারুন ফল করে বিশ্বকাপে খেলার যোগ্যতার্জন করুক ভারতীয় মহিলা ফুটবল দল।’
এইমুহূর্তে ভালাঙ্কা ছাড়া ফিফার ইন্সটিউশনাল রিলেশন কমিটিতে ভারত থেকে আছেন একমাত্র এআইএফএফ সভাপতি কল্যান চৌবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
