অলস্পোর্ট ডেস্ক: ঘরের মাঠে চেন্নাইন এফসির বিরুদ্ধে গত ম্যাচে জয় পেতে রীতিমতো হিমসিম খেতে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে। লিস্টনের ক্রশ থেকে মনবীর জয়ের একমাত্র গোলটি করেন ৮৫ মিনিটে। দলের পারফরমেন্সে খুশি হননি বাগান কোচ পনোস। চেন্নাইন ম্যাচের পর সেটা প্রচারমাধ্যমের সামনে তুলে ধরতে দ্বিধা করেননি। বলেই দেন, পরের ম্যাচে খেলায় আরও বেশি উন্নতি ঘটাতে হবে জয়ের ধারা বজায় রাখতে।
সেটা মাথায় রেখে শনিবার যুবভারতীতে পাঞ্জাব এফসির মোকাবিলায় দলকে তৈরি করছেন সবুজ মেরুন কোচ পানোস। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে পানোস বলেই দিলেন, চেন্নাইন ম্যাচে ভাল না খেলার পুনরাবৃত্তি চান না পাঞ্জাব ম্যাচে। আর সেটা যাতে না হয়। তার জন্য ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন। খেলায় যে ত্রুটি হয়েছে হত ম্যাচে, সেগুলো ঠিক করার প্রস্তুতিও সেরেছেন। তবে পরিস্থিতি যা, তাতে পাঞ্জাবের বিরুদ্ধে বাজে ফল হলে পানোসের কোচের চাকরি নড়বড়ে হলে অবাক হওয়ার কিছু নেই। ৫ নভেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচের আগে দলের ওপরও চাপ বাড়বে।
পাঞ্জাব এফসি এখনও পর্যন্ত আইএসএলে কোনও ম্যাচ হারেনি। ২টি ম্যাচে জয় পেয়েছে, একটি ড্র করেছে। তাছাড়া আইএফএ শিল্ডের সেমিফাইনালে পাঞ্জাবের মুখেমুখি হয়েছিল মোহনবাগান। ওই ম্যাচে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি সবুজ মেরুন। গোলকিপার বিশাল কাইথের হাতে ভর করে টাইব্রেকারে ম্যাচ জিতেছিল। গোল করতে না পারার সেই অক্ষমতা ভাবাচ্ছে কোচ পানোসকে। বলেই দিলেন, মিগুয়েল চোটের জন্য নেই। আপুইয়া অসুস্থতা কাটিয়ে ম্যাচ খেলার মতো অবস্থায় আসেননি। চোটমুক্ত হলেও, এখনও পুরোপুরি ফিট নন দলের প্রধান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। তবে শুক্রবার দলের অনুশীলনে ম্যাকলারেন শুটিং অভ্যাস করলেন। এই তিন ফুটবলারের অনুপস্থিতি কি দলের ভারসাম্য নষ্ট করছে? পানোসের উত্তর, ‘ হয়ত কিছুটা। কিন্তু সেটাই একমাত্র গোল না পাওয়ার কারণ নয়। ওদের বাইরেও দলে অনেক ভাল ফুটবলার আছে। তারা ম্যাচ জেতাত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’
চেন্নাইন ম্যাচে শুরুতে পানোস ব্যবহার করেননি মাঝমাঠের স্তম্ভ অনিরুদ্ধ থাপাকে। সাইডব্যাকে প্রথম একাদশে রাখেননি শুভাশিস বসুকে। এই দুই ফুটবলারকে পাঞ্জাব ম্যাচে শুরু থেকে খেলানোর পরিকল্পনা নিচ্ছেন বাগান কোচ। সেই আভাস মিলল ম্যাচের আগের দিন অনুশীলনে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
