Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ আইএসএল ঘিরে যতই অনিশ্চয়তা থাকুক না কেন, নতুন নামে ও চেহারায় আত্মপ্রকাশ ঘটতে চলেছে হায়দরাবাদ এফসির। বলা ভাল বদল আসতে চলেছে আইএসএল অংশগ্রহনকারী ধুঁকতে থাকা দলটিতে। ২০২৫-‌২৬ মরশুমে দিল্লি ফিরছে ২০২১-‌২২য়ের আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি। নতুন ব্র‌্যান্ডিংয়ে ‘‌স্পোর্টিং ক্লাব দিল্লি’‌ নামে। দিল্লি ডায়নামোস ক্লাব ২০১৯ সালে ভুবনেশ্বরে ওড়িশা এফসির নামে খেলা শুরু করার পর দিল্লিতে কোনও আইএসএল ক্লাব এতদিন ছিল না।

ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে চিঠি দিয়ে দিল্লিতে ফেরার সিদ্ধান্ত জানিয়েছে হায়দরাবাদ এফসি , যার নতুন পরিচয় স্পোর্টিং ক্লাব দিল্লি। জানিয়েছে, এখন থেকে পেশাদার ফুটবল ক্লাব হিসেবে দিল্লি ফুটবলের উন্নতির স্বার্থে কাজ করবে স্থায়ীভাবে। তবে সুপার কাপের সূচীতে হায়দরাবাদ এফসি নামটাই রেখে দিয়েছে ফেডারেশন। পুরোন নাম বা পরিচয়েই সুপার কাপে খেলবে হায়দরাবাদ এফসি নামে। তবে সেটা আইএসএল শুরুর সময় বদলে স্পোর্টিং ক্লাব দিল্লি হিসেবে সূচীতে দেখানো হবে কিনা, তার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে।

দিল্লিতে ক্লাবের যাওয়ার পিছনে একাধিক কারণ আছে। গত ২০২৪-‌২৫ মরশুমে আইএসএলের ২৪ টি ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতে ১২ তম স্থানে শেষ করেছিল হায়দরাবাদ এফসি। কোচ থংবোই সিংটো সরে দাঁড়ানোর পর অন্তর্বর্তীকালীন কোচ শামিল চেমবখত আইএসএল কোনওরকমে উতরে দেন। আইএসএলে অবনমন প্রথা না থাকায় ফলাফলের কোনও প্রভাব পড়েনি দলে। তবে ২০১৯র পর গত মরশুমে আর্থিক সংকটে জোরবার হয়েছিল ক্লাব। জিন্দাল গ্রুপের জিন্দাল ফুটবল প্রাইভেট লিমিটেডের হাতে মালিকানা হস্তান্তরের পরই দলের হাল কিছুটা ফিরেছে। তার জোরেই হায়দরাবাদ থেকে নিজেদের বেস বদল করে দিল্লিতে আসছে দলটা। হোম গ্রাউন্ড হিসেবে দিল্লির আম্বেদকার স্টেডিয়ামের পরিকাঠামো ও মাঠ সংস্কারের কাজে হাত লাগিয়েছে তারা।

স্পোর্টিং ক্লাব দিল্লি নামে ভারতের রাজধানীতে প্রতিনিধিত্ব করার সঙ্গে শুধু নাম বদলের মাহাত্ম জড়িয়ে থাকছে না, দিল্লির ফুটবল সংস্কৃতিতে নবজাগরণ বা জোয়ার আনতে চাইছে আইএসএল দলটা। একটা সময় দিল্লি ডায়নামোস দলে দেল পিয়েরো, রবার্তো কার্লোস, ফ্লোরেন্ত মালুদার মতো ফুটবল থাকা স্বত্ত্বেও দিল্লিতে সেভাবে ফুটবলপ্রেমীদের নজর টানতে পারেনি। এখন দেখার ফেডারেশনের অনুমোদন পাওয়ার পর স্পোর্টিং ক্লাব দিল্লি সেখানকার ফুটবল দর্শকদের কতটা মাঠমুখী করে তুলতে পারে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *