দ্বিতীয় ম্যাচে জয় ধোনিদের। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই নিজেদের ছন্দে ফিরে এল চেন্নাই সুপার কিংস। লখনউকে ১২ রানে হারিয়ে ফিরে এল তারা। এদিন প্রথমে ব্যাট করে ২১৭ রান করে চেন্নাই। জবাবে ২০৫ রানে আটকে যায় লখনউয়ের ইনিংস।
টসে হেরে ব্যাট করতে নামলেও প্রথম বল থেকেই মেজাজে খেলতে শুরু করেন চেন্নাইয়ের দুই ওপেনার। আগের ম্যাচে ভাল খেলা রুতুরাজ এই ম্যাচেও দুরন্ত খেললেন। মাত্র ২৮ বলে ৫০ রান করেন তিনি। মাত্র ৮ ওভারেই ১০০ রানের গণ্ডি টপকে যায় ধোনিরা। ৫৭ রান করে আউট হন রুতুরাজ। কনওয়ে ৪৭ রান করে উডের বলে আউট হন। এরপর শিবম দুবে (২৭) ও মইন আলি (১৯) করে আউট হন। শেষ ওভারে ব্যাট করতে নামে অধিনায়ক মাহি। প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি। পরের বলেও ছয়। তৃতীয় বলে আউট হন ধোনি। শেষ অবধি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৭ রান করে চেন্নাই। এদিন আইপিএলে ৫০০০ রানের গন্ডি টপকে যান ধোনি।এদিনও ৪৯ রান দিয়ে ৩ উইকেট নেন মার্ক উড।
জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন কাইল মেয়ার্স। অধিনায়ক কে এল রাহুল এদিনও মাত্র ২০ রান করে আউট হন। মেয়ার্স মাত্র ২২ বলে ৫৩ রান করেন। এরপর নিকোলাস পুরাণ ৩২ রান করেন। আয়ুশ বাদোনি ১৮ বলে ২৩ রান করেন। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৫ রান তুলতে সক্ষম হয় লখনউ। চেন্নাইয়ের হয়ে মইন আলি ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন।
