Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: কাজাখস্তানকে ১৫ গোলের মালা পরিয়ে এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ করেছিল ভারত। তার আগেই অবশ্য চিন ও জাপানের বিরুদ্ধে জিতে শেষ চার নিশ্চিত করে ফেলেছিলেন ভারত। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেই সুপার ফোরে প্রথম ম্যাচ খেলতে নেমে একটু ধাক্কা খেতে হয় ভারতকে। গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে কোনও রকমে হার বাঁচায়। যে কারণে বৃহস্পতিবার মালয়েশিয়ার বিরুদ্ধে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ ভারতের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে এদিন প্রথম ম্যাচে এই দক্ষিণ কোরিয়াকেই ৩-০ গোলে হারিয়ে রীতিমতো চমকে দিয়েছে এশিয়ান হকিকে। তার পর ভারতের কাছে এই ম্যাচ মাস্ট উইন পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই ম্যাচের আগে পর্যন্ত চিন ও মালয়েশিয়ার দখলে ছিল তিন পয়েন্ট করে। ভারত ও দক্ষিণ কোরিয়া দাঁড়িয়েছিল ১ পয়েন্টে। এই ম্যাচে আটকে গেলে ভারতের লড়াই কঠিন হয়ে যেত অনেক বেশি। কারণ সুপার ফোর থেকে সেরা দুই দলই ফাইনাল খেলবে।

যদিও শুরুটা গোল হজম করেই করতে হয়েছিল ভারতকে। ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যেই গোল করে এগিয়ে গিয়েছিল মালয়েশিয়া। যদিও যত ম্যাচ গড়িয়েছে তত মালয়েশিয়ার দুর্বলতাগুলো ধরে ফেলেছে ভারত। তার আগে অবশ্য এক মিনিটের মধ্যেই শফিক হাসানের গোলে এগিয়ে গিয়েছিল মালয়েশিয়া। যদিও দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই সমতায় ফেরে ভারত। পেনাল্টি কর্নার বাঁচিয়ে দিয়েছিল প্রতিপক্ষ গোলকিপার কিন্তু ফিরতি বল গোলে পাঠিয়ে ভারতকে ভরসা দেন মনপ্রীত। আর এখান থেকেই আত্মবিশ্বাস বাড়িয়ে নেয় ভারত। যার ফল সমতায় ফেরার কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যবধান বাড়িয়ে দে‌ন সুখজিৎ সিং।

শিলানন্দা লাকরার অসাধারণ পাস থেকে গোল করতে ভুল করেননি সুখজিৎ। ২-১ গোলে এগিয়ে গিয়ে কিছুটা স্বস্তি পায় ভারত। তবে এই ব্যবধান যথেষ্ট ছিল না, কারণ তখনও ম্যাচের অনেকটাই বাকি ছিল। গ্রুপ পর্বে দেখা গিয়েছে বার বার এগিয়ে গিয়েও গোল হজম করে পিছিয়ে পড়ার রোগ। তবে এদিন জয়ের জন্য মুখিয়ে ছিলেন ভারতের প্লেয়াররা। এবং ভারত প্রথমার্ধেই ৩-১ করে ফেলে।  দ্বিতীয় গোলে সুখজিতকে অসাধারণ পাস বাড়ানোর পর নিজের নামেও গোল লিখে নিলেন শিলানন্দা লাকরা। একটি মাপা পাস ধরে লাকরার স্কুপ মালয়েশিয়া ডিফেন্ডারদের কাটিয়ে চলে যায় গোলে। ভারত ব্যবধান বাড়াতে পারত কিন্তু বেশ কিছু সহজ সুযোগও নষ্ট করে তারা।

দ্বিতীয়ার্ধে ৩-১ গোলে এগিয়ে থেকেই নেমেছিল ভারত। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে শুরু করেন হরমনপ্রীতের দল। যার ফল গোলও তুলে নেয় ভারত। তার আগেই পেনাল্টি কর্নার পেয়ে গিয়েছিল ভারত। কিন্তু সেখান থেকে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় দল। কিন্তু ফিরতি বল ধরে প্রতিপক্ষে জালে বল জরিয়ে কাজের কাজটি করে দিন বিবেক সাগর প্রসাদ। ভারতের আক্রমণের সামনে পুরোপুরি ভেঙে পড়ে মালয়েশিয়ান রক্ষণ। মালয়েশিয়ার সব থেকে বড় দুর্বলতা এই ম্যাচে যেটা দেখা গেল সেটা হল তাদের পেনাল্টি কর্নার থেকে স্কোরিং ক্ষমতা বেশ খারাপ। যে কারণে সুযোগ পেয়েও ব্যবধান কমাতে ব্যর্থ হয় মালয়েশিয়া।

৪-১ গোলে জিতে সুপার ফোরে এই মুহূর্তে শীর্ষে জায়গা করে নিয়েছে ভারত। শেষ সুপার ফোরের ম্যাচে ভারতের সামনে চিন। যে চিনকে গ্রুপ পর্বে হারিয়ে দিয়েছিল ঠিকই কিন্তু চিনই যে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তা বোঝাই গিয়েছিল তাদের বাকি ম্যাচ দেখে। এদিন ম্যাচের সেরার পুরস্কার নিয়ে গেলেন প্রাক্তন অধিনায়ক মনপ্রীত সিং।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *