অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবলের বর্তমান অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইংল্যান্ড দলের বিশ্বকাপার ডেভিড জেমস। প্রাক্তন এই ফুটবলার ২০১৪ সালে আইএসএলের প্রথম বছরে কেরালা ব্লাস্টার্সের মার্কি প্লেয়ার কাম ম্যানেজারের ভূমিকায় ছিলেন। তাঁর পরিচালনায় কেরালা ব্লাসটার্স ফাইনালে উঠেছিল। ফাইনালে হেরে যায় এটিকের কাছে। ইনস্টাগ্রামে ডেভিড জেমস ২০১৪র প্রথম আইএসএলকে ‘ দ্য বিগ ব্যাং’ আখ্যা দিয়েছিলেন। আর এখন ২০২৫য়ে আইএসএলের হাল দেখে জেমসের প্রতিক্রিয়া, ‘ দ্য বিগ ক্রানচ’। অর্থাৎ আইএসএল সম্পূর্ণ মুখ থুবড়ে পড়ছে।
আইএসএলের বর্তমান হাল দেখে জেমসের বক্তব্য, ‘ শুরু থেকেই বলে এসেছিলাম ভারতীয় ফুটবলের সার্বিক উন্নতি ও বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ করতে তৃণমূল স্তরে নজর দেওয়া বিশেষ জরুরি। নবীন ফুটবল প্রতিভা তুলে আনতে দরকার অত্যাধুনিক ফুটবল পরিকাঠামো। তার সঙ্গে ফুটবলারদের শারীরিক, মানসিক ও সামাজিক উন্নতিরও। সেখানে আগাগোড়া গলদ থেকে গেছে। শুধু বাহ্যিক চাকচিক্য দিয়ে একটা দেশের ফুটবল বেশিদূর এগোতে পারে না।’ আইএসএলের ক্লাবগুলোর মধ্যে কয়েকজনের দৈন্যদশা, ফুটবলারদের খেলোয়াড় জীবনের অনিশ্চয়তা নিয়ে জেমস উদ্বিগ্ন। এআইএফএফ, ক্লাবজোট ও বানিজ্যিক সহযোগীদের মধ্যে টানাপোড়েন তাঁর নজর এড়ায়নি।
জেমসের মতে, ‘ একটা শক্তিশালী আর্থিক বুনিয়াদ বা বিনিয়োগ না থাকলে একটা একটা সময় দেশের ফুটবল কাঠামো ও টুর্নামেন্ট জোর ধাক্কা খাবে। যেমনটা এখন ঘটেছে ভারতীয় ফুটবলে আইএসএলের ক্ষেত্রে।’ ‘দ্য লাইফ অফ পাই’য়ের কাহিনীর অসহায় অবস্থা থেকে তীরে ভিড়ে জীবন পাওয়ার মতো ভারতীয় ফুটবল দ্রুত ছন্দে ফিরবে, এই আশা করেছেন জেমস।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
