অলস্পোর্ট ডেস্ক: আগেই ঠিক ছিল এআইএফএফের তিন সদস্যের কমিটি তাদের রিপোর্ট পেশ করবে শুক্রবার ভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যান চৌবের কাছে। সেইমতো কল্যানের কাছে রিপোর্ট জমা পড়লে, শনিবার তড়িঘড়ি ফেডারেশনের জরুরি কমিটি বৈঠক ডাকা হয়। সেখানে এআইএফএফের পেশ করা রিপোর্ট পাশ হয়ে যায়। ফেডারেশনের জরুরি কমিটি একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছে, দেশের সর্বোচ্চ লিগ আইএসএল আয়োজন করবে এআইএফএফ। সেটা মাথায় রেখে আইএসএল শুরুর দিন আগামী সপ্তাহের গোড়াতেই ঘোষণা করবে ফেডারেশন। যেটুকু শোনা যাচ্ছে, আইএসএল শুরুর জন্য ১৫ ফেব্রুয়ারি দিনটা ঠিক করে এগোচ্ছে তারা।
এআইএফএফের কমিটির দেওয়া রিপোর্ট কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ঘুরে ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টে পেশ করা হবে। লিগ আয়োজনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অনুমোদন পেতে সমস্যা হওয়ার কথা নয়। তবে যে বিষয়টি এখনও পরিষ্কার নয়, আইএসএলের বানিজ্যিক সহযোগী কে হবে? অর্থাৎ লিগ আয়োজনের খরচ বহন কে করবে? এআইএফএফের কমিটি বারবার ক্লাবজোটের সঙ্গে আলোচনায় বসার পর যে রিপোর্ট তৈরি করেছে, তাতে সাফ বলেছে, আইএসএল পরিচালনার খরচের দায়িত্ব ভারতীয় ফুটবল ফেডারেশন নেবে। অংশগ্রহণকারী ক্লাবগুলো নিজেদের দল গঠন, চালানো, হোম ম্যাচ আয়োজনের খরচ বহন করবে।
তবে এটা নিয়ে ক্লাবজোটের নানা বক্তব্য ছিল। বারবার নানা ফ্যাকরা তারা তুলেছে। তার মধ্যে অন্যতম হল, আইএসএলের স্থায়ী আয়োজনের পথ খোঁজা। একইসঙ্গে বানিজ্যিক সহযোগী ঠিক করে আইএসএলের স্থায়িত্ব রক্ষা করা। যাতে ক্লাবগুলো আবার এমন অচলাবস্থার মধ।এ পড়তে না হয়। তার জন্য ৫ দফা শর্ত আরোপ করছিল এআইএফএফ কমিটির কাছে। কিন্তু ক্লাবজোটের এটা বোঝা উচিত, তারা আবদার করলেই ফেডারেশনের পক্ষে রাতারাতি বানিজ্যিক সহযোগী ঠিক করে ফেলা সম্ভব নয়। ক্লাব জোটের এই চাপ দেওয়ার পিছনে এফএসডিএলের প্রচ্ছন্ন প্রভাব বা প্রশ্রয় থাকা অসম্ভব নয়। ক্লাবজোটের একাংশের ভাবভঙ্গি দেখে মনে হয়েছে, এফএসডিএলের কাছে এআইএফএফ গিয়ে আইএসএল আয়োজনের জন্য অনুরোধ করুক। তাহলেই আর কোনও ঝামেলা থাকে না।
কিন্তু সেটা আইনে বাধে। বিনা টেন্ডারে কোনও বানিজ্যিক সহযোগী ঠিক করার সুযোগ নেই এআইএফএফের। এমনকি আইএসএল পরিচালানার দায়িত্ব নিতে হলে এফএসডিএলকে গ্লোবাল টেন্ডারের মাধ্যমেই আসতে হবে। তাই আপাতত লিগের শুরুর দিনটা ঘোষণা করার পর এআইএফএফকে অপেক্ষায় থাকতে হবে কতগুলো ক্লাব অংশগ্রহণের আগ্রহ দেখায়। এরপর কেউ খেলতে না চাইলে, তার ব্যাপারে কড়া হবে ফেডারেশন। কারণ ক্লাবগুলোর সম্মতি দেওয়ার ওপরই ভেনু ও সূচী চুড়ান্ত করবে তারা। খরচ বাঁচাতে কম সময়ের আইএসএল আয়োজনে গোয়া ও কলকাতা দু’জায়গার পরিবর্তে কোনও একটা ভেনুতেও খেলা করতে পারে ফেডারেশন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
