অলস্পোর্ট ডেস্ক: কথা ছিল ৫ জানুয়ারি অর্থাৎ সোমবার এআইএফএফ আইএসএল আয়োজন সংক্রান্ত রিপোর্ট কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের অনুমোদন নিয়ে সুপ্রিম কোর্টে পেশ করবে। কিন্তু জরুরি বৈঠক ডেকে এআইএফএফ-আইএসএল যৌথ কমিটির দেওয়া রিপোর্ট পাশ করানোর পর ফেডারেশনের টনক নড়ে, এই গোটা বিষয়টার অনুমোদন আগে দরকার কার্যকরী কমিটিতে। আর সেই অনুমোদন নিতে মঙ্গলবার কার্যকরী কমিটির সভা ডেকেছে এআইএফএফ। আশা করা যায়, এই বৈঠকের পর আইএসএল আয়োজন নিয়ে জট ছাড়বে। আইএসএল শুরুর দিন ঘোষণা করবে ফেডারেশন। সঙ্গে প্রস্তাবিত ফরম্যাট। যা ক্লাবগুলোর কাছে সঙ্গে সঙ্গেই পাঠানো হবে। ক্লাবরা অংশগ্রহণের সম্মতি দিলে সূচো দ্রুত চুড়ান্ত করে ফেলা হবে।
আইএসএল আয়োজনের জন্য ফেডারেশনের তরফে ১৭ কোটি টাকার কাছাকাছি বাজেট ধরা হলেও, শেষপর্যন্ত প্রস্তাবিত বাজেটে সেটা ৫ কোটি টাকা ধরা হয়েছিল। আর ক্লাবজোটের থেকে অংশগ্রহণ ফি বাবদ ১ কোটি টাকা করে। অর্থাৎ ১৪টি ক্লাবের থেকে মোট ১৪ কোটি টাকা। যেটা ২০২৬ সালের জুন মাসের মধ্যে দিলেই চলবে। আর প্রতিটি ক্লাব নিজেদের ম্যাচ আয়োজন খরচ বাবদ দেবে আলাদা করে ২.৫ কোটি টাকা। সেক্ষেত্রে আনুমানিক খরচ দাঁড়াচ্ছে ৪০ কোটি টাকার সামান্য বেশি।
পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে এক ভেনু অর্থাৎ শুধুমাত্র গোয়াতেই একদফা রাউন্ড রবিন লিগ হওয়ার সম্ভাবনা ১৪ দল নিয়ে। সেই লিগের ভিত্তিতেই চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে। একদফা লিগে হওয়া ম্যাচের সংখ্যা এএফসি স্লট পাওয়ার পক্ষে যথেষ্ট কিনা, সেটা জানবে ফেডারেশন।
বাজেট নিয়ে সিদ্ধান্তে আসতে সোমবার দুপুরে ফেডারেশন ফিনান্স কমিটি আলোচনায় বসেছিল। শোনা যাচ্ছে, সেখানে ফিনান্স কমিটির সদস্যরা আইএসএল আয়োজনের রাস্তা সুগম করতে ৭কোটি টাকা পর্যন্ত খরচের অনুমোদন দিয়েছে এআইএফএফকে। বাকিটা দেবে ক্লাব, আর সব পক্ষ মিলে গ্লোবাল টেন্ডার ডেকে আইএসএলের জন্য নতুন বানিজ্যিক সহযোগী ঠিক করার পথে হাঁটবে। ৩১ জানুয়ারির মধ্যে ২০২৫-২৬ মরশুমের জন্য নতুন বানিজ্যিক পার্টনার( সেটা এফএসডিএলও হতে পারে নিয়মমাফিক বিডিং প্রসেসের মাধ্যমে) ঠিক করার সঙ্গে ব্রডকাস্টিং পার্টনারও ঠিক করার কথা ভাবা হয়েছে। ওইদিনের মধ্যে ২০ বছরের স্থায়ী মডেলও চুড়ান্ত করার কথা।
সবঠিকঠাক চললে, মঙ্গলবার আইএসএল শুরুর দিন জানা যাবে। যা ১৫ফেব্রুয়ারি ধরা হয়েছে। এখন দেখার ক্লাবগুলো কীভাবে রেসপন্স করে এআইএফএফের প্রস্তাবিত বাজেট ও ফরম্যাটে। তবে এআইএফএফ থেকে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার ভঙ্গিতে বলেই দেওয়া হয়েছে, আইএসএল ২০২৫-২৬য়ে যারা খেলবে না, তাদের অটোমেটিক অবনমন হয়ে যাবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
