অলস্পোর্ট ডেস্ক: এআইএফএফ-আইএসএল যৌথ কমিটির সুপারিশ ফেডারেশনের জরুরি কমিটির বৈঠকে পাশ হয়ে গিয়েছিল। তাতে আইএসএল শুরু করতে প্রস্তাবিত বাজেট ও ফরম্যাটের উল্লেখ ছিল। ২০২৫-২৬ মরশুমে আইএসএল চালুর স্বার্থে শর্টটার্মের পাশাপাশি লংটার্ম সমাধানের কথা বলা হয়েছে এআইএফএফ কমিটির সুপারিশে। যাতে এবছর শুরু হয়ে আবার আইএসএল পরবর্তী সময়ে মুখ থুবড়ে না পড়ে।
কিন্তু ফেডারেশনের জরুরি বৈঠকে এই প্রস্তাব বা সুপারিশ যাই বলা হোক না কেন, তা পাশ হলেই শুধু চলত না, এআইএফএফের সংবিধান অনুযায়ী তা কার্যকরী কমিটির অনুমোদন জরুরি। সেটা বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার দুপুরে। সেখানে ফিনান্স কমিটির দেওয়া বাজেট নিয়েও আলোচনা হয়। কার্যকরী কমিটির সিদ্ধান্ত, আইএসএলের জন্য ৭ কোটি টাকা দেবে এআইএফএফ, বাকি টাকা আসবে অংশগ্রহণকারী ক্লাব, স্পনসর( বানিজ্যিক সহযোগী) ও ব্রডকাস্টিং পার্টনারের কাছ থেকে। আইলিগের জন্য বরাদ্দ ৫ কোটি টাকা। এই টাকা জোগাড়ের দায়িত্ব এআইএফএফের। তবে এব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ফেডারেশনের সাধারন সভা ডাকতে হতে পারে।
যেহেতু স্বল্প বাজেটে অর্থাৎ ২০২৫-২৬ মরশুমে আইএসএল আয়োজন করতে হবে আনুমানিক মোট খরচ ৩০ কোটির মধ্যে, তাই বড় করে আইএসএল করার কোনও সুযোগ নেই। নমো নমো করে আইএসএল সেরে ফেলতে একটি ভেনুতে অর্থাৎ গোয়াতে একদফা রাউন্ড রবিন লিগ পদ্ধতির কথা ভাবা হয়েছে। আর আইলিগ কলকাতায় আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কথা ক্লাবগুলোর কাছে যেমন জানানো হচ্ছে, তেমন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছেও।
এখন দেখার ক্লাবগুলো কীভাবে সাড়া দেয় ফেডারেশনের এই সিদ্ধান্তে। তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, আইএসএলে যেখানে কলকাতার তিন ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল ও মহমেডান রয়েছে, এমনকি ইন্টার কাশী যারা কলকাতাকেই হোম হিসেবে মেনে গত মরশুমে আইলিগ খেলেছে, সেখানে কলকাতায় আইএসএলের সব ম্যাচ করার বদলে কেন এআইএফএফ গোয়ায় করতে চাইছে? গোয়ায় একটি মাত্র গোয়ার টিম, এফসি গোয়া। তাও আবার তারা সোমবার থেকে তাদের অপারেশন বন্ধ করে দিয়েছে, আইএসএল ঘিরে অচলাবস্থা দেখে। শেষপর্যন্ত যদি তারা কোনও কারণে আইএসএল না খেলে, তাহলে গোয়ার মাঠে গোয়ার কোনও দল থাকবে না। তাহলে গোয়ায় আইএসএল আয়োজনের এই ভাবনার মানে কী? কলকাতায় খেলা হলে, তিন প্রধানের জন্য মাঠ কিছুটা হলেও ভরতি থাকবে।
গোয়াকে আইএসএল আয়োজনের দায়িত্ব দিয়ে কলকাতাকে আইলিগ করার কথা বললে, তা আইএফএ মানবে বলে মনে হয় না। আইলিগে কলকাতার দলই তো নেই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
