Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ আইএসএল ঘিরে অচলাবস্থা শুরুর সময় থেকেই ওড়িশা এফসি বলে আসছিল, তারা এবার ২০২৫-‌২৬ মরশুমে খেলবে না। পরে পরিস্থিতি বদলায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর সঙ্গে বৈঠকের পর। ওড়িশার জন্য এআইএফএফ বাড়তি সময় বরাদ্দ করেছিল অংশগ্রহণের সম্মতি পেতে। সেই সময় সোমবার দুপুর পর্যন্ত বেঁধে দিয়েছিল এআইএফএফ। সেই মসময় মেনে ওড়িশা জানিয়েছে, তারা ২০২৫-‌২৬ মরশুমের আইএসএলে অংশ নেবে।

ওড়িশা ছাড়া বাকি যে ক্লাব মুম্বই, গোয়া, কেরল, বেঙ্গালুরু, চেন্নাইন বাড়তি সময় চেয়ে নিয়েছিল, পাকাপাকি ভাবে সম্মতি দেওয়ার ক্ষেত্রে, তারাও খেলতে রাজি। আসলে অংশগ্রহণ ফি-‌র পাশাপাশি ফুটবলারদের স্যালারি সংক্রান্ত বিষয় ও হোম ম্যাচ আয়োজন নিয়ে তারা নিজেরা তড়িঘড়ি সিদ্ধান্তে আসতে পারেনি প্রথমে। তবে সে সমস্যা তারা মেটানোর উদ্যোগ নিয়েছে। কয়েকটি ক্লাবের হোম মাঠের সমস্যা থাকায় শুধুমাত্র অ্যাওয়ে ম্যাচ খেলতে চেয়েছে। এতে দলের টিকিট বিক্রির রেভিনিউ না এলেও হোম ম্যাচ আয়োজনের খরচও কমবে। আশা করা যায়, তারা সে সমস্যা মিটিয়ে আইএসএলে খেলবে।

তারাই সবচেয়ে আগে নিজেদের দলের কাজকর্ম বন্ধ করেছিল। ফুটবলারদের মাইনে বন্ধ রাখার কথাও জানিয়েছিল আর্থিক সমস্যায়। পরে যখন আইএসএল নিয়ে জট কাটতে শুরু করে, তখনও ওড়িশার ফুটবল কর্তারা বারবার বলেন, নিজেদের পকেট থেকে ১ কোটি টাকার অংশগ্রহণ ফি দিয়ে তাদের পক্ষে খেলা সম্ভব নয়। তবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য যখন ফেডারেশন কর্তা, ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের পর জোর গলায় বলেন, ১৪ দল নিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হবেই, তারপর থেকে ওড়িশার না খেলার নিমরাজি ভাবটা কিছুটা হলেও কমে। সোমবার ওড়িশা জানিয়েও দিয়েছে, সব সমস্যা আপাতত সরিয়ে রেখে তারা খেলবে।

কলকাতার তিন প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল, মহমেডান, ও কলকাতাকে হোম গ্রাউন্ড হিসেবে দেখানো ইন্টার কাশী আগেই বলেছিল তারা আইএসএলে খেলতে তৈরি। সেইমতো তারা প্রস্তুতি ইতিমধ্যেই জোর কদমে শুরু করেছে। এই চার ক্লাব কলকাতায় হোম ম্যাচ খেলার জন্য যুবভারতী ছাড়াও বারাসত, কল্যানী ও কিশোরভারতী স্টেডিয়ামকে বাছার পথে এগোচ্ছে। আইএফএ, রাজ্য সরকার ও স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছেন তারা।

আশা করা যায়, ফেডারেশন এবার দলগুলোর সম্মতি পাওয়ায় সূচী চুড়ান্ত করার সঙ্গে সঙ্গে বানিজ্যিক ও ব্রডকাস্টিমং পার্টনার ঠিক করতে দ্রুত গ্লোবাল টেন্ডার ডাকবে ফেডারেশন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *