Cart Total Items (0)

Cart

All Sports

 

মুনাল চট্টোপাধ্যায়:‌ নতুন দায়িত্বে তাঁর দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। এর আগে এফসি গোয়া, মুম্বই সিটি, ওড়িশা এফসির হয়ে কোচিং করার সুবাদে ভারতীয় ফুটবলকে হাতের তালুর মতোই চেনেন সের্জিও লোবেরা। এবার মোহনবাগান সুপার জায়ান্ট কোচের ভূমিকায় নিজের সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্লাবের ট্রফি কেবিনেটের সৌন্দর্য বাড়াতে বদ্ধপরিকর। তাঁর প্রিয় কোচ পেপ গুয়ারদিওয়ালার আক্রমণাত্মক খেলানোর দর্শন অনুসরণ করে। শুধু জেতা, উপভোগ্য ফুটবল খেলে জেতাটা বেশি পছন্দের লোবেরার।

বরাবরই স্প্যানিশ কোচ লোবেরোর চলাফেরা, আচরণে একটা মেজাজি ব্যাপার ধরা পড়ে। সেই আত্মবিশ্বসী মনোভাবটা দেখা গেল মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলনে। প্রচারমাধ্যমের প্রশ্নের প্রতিটি উত্তর দিলেল, যাকে বলে সোজাসাপ্টাভাবে। মোহনবাগানের সফল কোচ হোসে মোলিনার জুতোয় পা গলিয়ে কাজ করাটা কতটা কঠিন হবে?‌ সাফল্যের ধারাটা বজায় রাখা কি সম্ভব হবে। লোবোরা বলেই দিলেন, ‘‌ আমি জেনেশুনে দায়িত্ব নিয়েছি। বরং বলতে পারেন এটাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছি। মোহনবাগান শুধু অন্যতম সেরা ক্লাব নয়, দেশের সেরা। স্পেনে যেমন বার্সিলোনা, রিয়েল মাদ্রিদের জনপ্রিয়তা, সুনাম, এখানে মোহনবাগান। বার্সিলোনা অনূর্ধ্ব ১৮ দলের হয়ে কোচিং করার সময় সিনিয়র দলকে খুব কাছ থেকে দেখেছি। ওদের দর্শনও ছিল ট্রফি জেতা। এখানে মোহনবাগানের ঘরে ট্রফি আনাটাই সবচেয়ে জরুরি।’‌

এফসি গোয়ার হয়ে সুপার কাপ জিতেছেন। মুম্বই সিটির হয়ে লিগ শিল্ড ও কাপ পেয়েছিলেন। ওড়িশা সিটির হয়ে এএফসি টুর্নামেন্টের সেমিফাইনালে চ্যাম্পিয়ন দলের কাছে হারেন। এবার মোহনবাগানের কোচ হিসেবে লক্ষ্য কি?‌ সমর্থকদের প্রত্যাশা বেশি থাকবে।‌ এটা কি বাড়তি চাপ?‌ লোবেরার উত্তর, ‘‌ লক্ষ্য একটাই ট্রফি জেতা। প্রত্যাশা থাকাটাই তো স্বাভাবিক। চাপ নিতে ভালবাসি। খেলার মাঠে এটা বাড়তি প্রেরণা জোগায়। চাপের অনেক রকমফের আছে। মাইনে পায় না যে লোকটা সারাদিন কাজ করে, তার কাছে ওটা একটা চাপ সংসার চালাতে। কেউ অসুস্থ হলে হাসপাতালে দৌড়য় সেরা ওঠার আশায়, সেটা চাপ। খেলার মাঠে কোচিং করাটা সেখানে সেইধরনের চাপ নয়। বরং এই চাপটা উপভোগ করি। নিজের সেরাটা বের করে আনতে চেষ্টা করি।’‌

মরশুমের প্রায় শেষপ্রান্তে এসে মোহনবাগান কোচের দায়িত্ব নিয়েছেন। এই দলটা আপনার নিজের হাতে গড়া নয়। সেই দল নিয়ে আইএসএলে খেলতে কতটা তৈরি?‌ লোবেরার জবাব, ‘‌ একটা ভাল দল হাতে পেয়েছি। যদি এমন হত, এমন সব ফুটবলার আছে, যাদের নিয়ে বেশিদূর চলা সম্ভব নয়, তাহলে ভাবতাম। আমি খুব খুশি একটা অত্যন্ত পেশাদার একটা গ্রুপ পেয়েছি। ফুটবলার থেকে টিম মানেজমেন্ট সকলেই দলের সাফল্যের জন্য খাটছেন। এরকম জায়গায় কাজ করতে ভাল লাগে। তাই কখন দায়িত্ব নিলাম সেটা বড় কথা নয়। দু’‌মসের ওপর প্রস্তুতি নিয়েছি। মাঠে নামার জন্য সকলেই মুখিয়ে আছে। একমাত্র আশিস রাইকে চোটের জন্য পাওয়া যাবে না সারা মরশুমের জন্য।’‌

এবার আইএসএল শুরু হচ্ছে অনেক দেরিতে। ম্যাচের সংখ্যাও কম। ১৩ ম্যাচের খেলা প্রতি দলের জন্য। এতে প্রতিযোগিতা কি বাড়তি কঠিন হবে?‌ কীধরনের কৌশল নিতে চান এক্ষেত্রে?‌ লোবেরার মতে, ‘‌ এটা মাথায় থাকছে। যেহেতু ম্যাচের সংখ্যা কম, তাই ভুল বেশি করা যাবে না। একাধিক ম্যাচের ফল খারাপ হলে, রিকভারির সমস্যা হবে পারে। তাই শুরু থেকেই সতর্ক থাকতে হবে। তবে ফুটবলারদের ওপর প্রথমেই ট্রফি জেতার চাপ বাড়ালে চলবে না। ট্রফি জিততে হবে, তবে ধাপে ধাপে পথ পেরিয়ে। আপাতত লক্ষ্য প্রথম ম্যাচ জেতা।’‌ প্রস্তাবিত সূচীতে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের আইএসএল অভিযান শুরু করবে ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৪ ফেব্রুয়ারি, কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে।

ডার্বি নিয়ে লোবেরার বক্তব্য়, ৩ পয়েন্টের খেলা, তবে এর সঙ্গে সমর্থকদের আবেগ জড়িয়ে থাকে, তাই ওদের কথা ভেবে ম্যাচটা জিততে হবে, ওদের আনন্দ দিতে, একইসঙ্গে আসল লক্ষ্য থাকবে ট্রফি জেতা।

বার্সিলোনা জুনিয়র দলের কোচ হিসেবে কাজ করার সময় লিওনেল মেসিকে কাছে পেয়েছিলেন লোবেরা। স্বাভাবিকভাবে মেসির প্রতি তাঁর একটা আলাদা ভালবাসা ও অনুভূতি আছে। সেকারণেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কথা মাথায় রেখেও লোবেরা বললেন, ‘‌ প্রথম যখন মেসি আমার কাছে ফুটবলের পাঠ নিতে এসেছিল, তখন খুব বাচ্চা। কিন্তু ওর বলে টাচ দেখেই বুঝিছিলাম ওর মধ্যে একটা বিরল প্রতিভা লুকিয়ে আছে। তার জোরেই আজ বিশ্বফুটবলকে শাসন করছে মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একইরকম অসাধারন। কারণ ও নিজেকে মেলে ধরতে বাড়তি পরিশ্রম করে চলে। শ্রেষ্ঠ প্রমাণ করতে মাঠে নিজেকে উজাড় করে দেয়। তবু আমার কাছে মেসিই সেরা।’‌

লোবেরার দল তৈরি, তবে আইএসএলের আগে আরও কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে চান দলটা আরও ভালভাবে গুছিয়ে নিতে। আর বেশ স্পষ্টভাবেই জানিয়ে দিলেন, কোনও একজন দু’‌জন ফুটবলারের কথা যেমন আলাদাভাবে বলতে চান না, তেমন নির্ভরশীলও নয়। তাঁর দলের সাফল্য নির্ভর করছে গোটা দলের পারফরমেন্সের ভিত্তিতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *