Cart Total Items (0)

Cart

All Sports

মুনাল চট্টোপাধ্যায়:‌ মোহনবাগান সুপার জায়ান্ট জার্সিতে ঠিক একবছর আগে এইদিনে ওড়িশা এফসির বিরুদ্ধে গোল করে লিগ শিল্ড জয় নিশ্চিত করেছিলেন সবুজ মেরুন সমর্থকদের হার্টথ্রব দিমিত্রি পেত্রাতোস। সেদিন গোলের পর প্রিয় সমর্থকদের সামনে গিয়ে দিমিত্রির উচ্ছ্বাস প্রকাশের ভঙ্গিতে প্রকাশ পেয়েছিল রিজার্ভ বেঞ্চে ম্যাচের পর ম্যাচ বসে কাটানোর যন্ত্রণামুক্তির জবাব। তাতে তৎকালীন কোচ মোলিনার প্রতি অভিমান ও ক্ষোভ জড়ানো ছিল। আর সোমবার আইএসএলে যুবভারতীতে চেন্নাইন এফসির বিরুদ্ধে গোলের পর দিমিত্রির বাধনহারা সেলিব্রেশনে ধরা পড়েছে নিজেকে ফিরে পাওয়ার আনন্দ।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে দিমিত্রিকে জিজ্ঞাসা করা হয়, গতবছর লোবেরার বিরুদ্ধে গোল করেছিলেন ঠিক একবছর আগে, আর এবার গোল করলেন মোহনবাগান জার্সিতে লোবেরার কোচিংয়ে, এব্যাপারে অনুভূতি কী?‌ দিমিত্রির জবাব, ‘‌ গোল পেলে সবসময় ভাল লাগে। সব গোলই গুরুত্বপূর্ণ। ওটা ছিল এক বিশেষ মুহূর্তের। এবার লোবেরা শুরু থেকে খেলার সুযোগ করে দিয়েছেন। ওঁর পরিকল্পনার সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছি। আইএসএলের দ্বিতীয় ম্যাচে সেই কৌশল অনুসরণ করে গোল পেয়ে ভাল লাগছে। আশা করব পরের ম্যাচে আরও ভাল খেলব।, গোল আসবে।’‌

গত মরশুমে ও চলতি মরশুমের শুরুতেও দলে নিয়মিত ছিলেন না। অনেক উত্থান পতন গেছে। অথচ এবার আইএসএলে শুরু থেকেই প্রথম একাদশে খেলছেন। এর মূল কারণ কী বলে মনে হয় আপানার?‌ কোনওরকম রাখ ঢাক না করে দিমিত্রির সোজা সাপ্টা জবাব,‘‌ কোচ বদলটাই আসল কারণ। লোবেরার কোচিংয়ে নিজেকে ফিরে পেয়েছি পূর্ণভাবে। ফুটবলারদের জীবনে নানা উত্থান পতন থাকে। তবে তার পিছনে অনেক কারণও থাকে। সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। সকলেই বোঝেন। আমি নতুন কোচের তত্ত্বাবধানে অনেক সাচ্ছন্দ বোধ করছি, ভাল খেলছি।’‌

এদিকে, চেন্নাইনের বিরুদ্ধে ২ গোলে জয়ে ও দলের খেলায় খুশি মোহনবাগান সুপার জায়ান্ট কোচ লোবেরা। বলেন,‘‌ চেন্নাইন লড়েছে। ওদের একটা বিশেষ কৌশল ছিল মোহনবাগানের গোল পাওয়া আটকাতে। তাতে গোল পেতে সামান্য দেরি হলেও ২ গোল এসেছে। এটা ঠিক, যত গোলের সুযোগ তৈরি হয়েছিল, সে তুলনায় গোল পায়নি দল। এটা লিগের শেষদিকে সমস্যার কারণ হতে পারে, গোল পার্থক্যের অঙ্ক লিগে আছে বলে। তবে মনে করি, যত খেলা এগোবে, তত দলের খেলা আরও ধারালো হবে। গোলের সংখ্যাও বাড়বে।’‌

দিমিত্রিকে নিয়ে আলাদাভাবে কিছু বলতে নারাজ বাগানের হেড স্যার লোবেরা। বলেন, তিনি দলগত খেলায় বিশ্বাসী। দেশি ও বিদেশি সকলেরই সমান অবদান থাকছে দলের জয়ে।

মহমেডানের বিরুদ্ধে পরের ম্যাচ ২৮ ফেব্রুয়ারি। বিদেশিহীন দলের বিরুদ্ধে প্রথম ২ ম্যাচে খেলা ফুটবলারদের কয়েকজনকে বিশ্রাম দেবেন কিনা বা রোটেশন পদ্ধতি ব্যবহার করবেন কিনা অন্যদের সুযোগ দিতে, এই প্রশ্নে লোবেরার উত্তর, মহমেডানকে হাল্কাভাবে নিচ্ছেন না। বরং জেতার জন্য সেরা দলই নামাবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *