Cart Total Items (0)

Cart

All Sports

মুনাল চট্টোপাধ্যায়:‌ মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে আইএসএলে তৃতীয় ম্যাচ খেলতে নামার আগে মোহনবাগান সুপার জায়ান্ট কোচ সের্জিও লোবেরা বলেছিলেন, প্রতিপক্ষ যেমনই হোক, তাদের হাল্কাভাবে নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। জেতার জন্য সেরাটাই দিতে হবে মাঠে। তেমনই খেলেছে মোহনবাগান। জিতেছে ৫-‌১ গোলে। তবে এই জয়ের হ্যাটট্রিকে খুশি হলেও আত্মতুষ্টিতে ভুগছেন না বাগানের হেড স্যার লোবেরা। নিজের দলের ফুটবলারদেরও সেই মনোভাব আসতে দিচ্ছেন না। বরং ম্যাচের পরে কথায় কথায় বুঝিয়ে দিলেন, আইএসএলে পরের প্রতিপক্ষ ওড়িশা এফসিকে নিয়ে ভাবনা চিন্তা এখন থেকেই শুরু করে দিয়েছেন।

বাগান কোচ লোবেরা কোনও একজন দু’জন ফুটবলারকে নিয়ে আলাদাভাবে কথা বলতে চান না। তাঁর মুখে থাকে দল। শনিবার মহমেডানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের জন্য কৃতিত্ব দিলেন গোটা দলকেই। তাই দিমিত্রি পেত্রাতোসের করা দর্শনীয় গোলের আলাদা ভাবে প্রশংসা করলেন না। বরং বললেন, দিমিত্রি ভাল ফুটবলার। গোলটা ভালই। দলের বাকিদের গোল ও খেলাও ম্যাচটা জিততে সাহায্য করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, গোল হজম করার পর চট করে ঘুরে দাঁড়িয়ে গোল করে খেলায় ফেরা। একইসঙ্গে গোলের সংখ্যা বাড়িয়ে জয় নিশ্চিত করা। এটা খেলার ইতিবাচক দিক।

প্রথম ২ ম্যাচে যে প্রথম একাদশ নামিয়েছিলেন, তাতে বদল এনেছিলেন মহমেডান ম্যাচে। এটা কি কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দিতে, নাকি কৌশলের অঙ্গ?‌ লোবেরার জবাব, ‘‌ আমার হাতে অনেক সমদক্ষতাসম্পন্ন ফুটবলার। তাদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করার সুযোগ আমার রয়েছে। সেটাই করেছি। একদল শুধু খেলবে, আর একদল শুধুই বসে থাকবে, এমনটা দলের পক্ষে ভাল নয়। ফুটবলারদের রেডি রাখার জন্যই ম্যাচ বুঝে সেরা একাদশ বাছার পথে হাঁটি।’‌

প্রতিপক্ষ ওড়িশার বিরুদ্ধে পরের ম্যাচ কি আপনার কাছে অন্য অনুভূতির, এই প্রশ্নে লোবেরার উত্তর, ‘‌ ওড়িশা ম্যাচ আমার কাছে স্পেশাল। কারণ আমি ওই দল থেকে এসেছি মোহনবাগানে। ওখানে সাফল্য পেয়েছি। একটা আলাদা আবেগ জড়িয়ে আছে। তবে এখন আমি মোহনবাগানের কোচ। তাই সেটা ঝেড়ে ফেলে আমি ম্যাচটা জেতার জন্যই ফুটবলারদের তৈরি হতে বলব।’‌

ম্যাচের মাঝে চোট পেয়েছিলেন রবসন। ২ গোলের পর তাঁকে তুলে নিতে হয়েছিল। তবে ম্যাচের সেরা রবসন ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে জানালেন, কাফ মাসলে একটা ব্যথা এখনও আছে। আশা করছেন ঠিক হয়ে যাবেন, পরের ম্যাচে খেলতে পারবেন। গোল পেয়ে খুশি রবসন। বলেন, ‘‌ গোল পেলে সবসময়ই ভাল লাগে। মরশুমের শুরুতে ফিট ছিলাম না। এখন পুরো ফিট। কোচ লোবেরা আমার ওপর আস্থা রাখছেন। সতীর্থদের সহযোগিতা পাচ্ছি মাঠে খেলার সময়। লক্ষ্য থাকবে পরের ম্যাচগুলোতেও জয় পাওয়া, আর ট্রফি জেতাক রাস্তা মসৃণ করতে।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *