Cart Total Items (0)

Cart

All Sports

মুনাল চট্টোপাধ্যায়:‌ দোলের দিন সকালে ভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষাকারী কমিটির চাপানো শাস্তির সিদ্ধান্তে হতাশ হয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের সদস্য-‌ সমর্থকরা। আইএসএলের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান সমর্থকদের ছোঁড়া বাজিতে প্রতিপক্ষ সমর্থকদের আহত হওয়ার ঘটনায় শৃঙ্খলারক্ষাকারী কমিটি আর্থিক জরিমানার পাশাপাশি ৬ মার্চ যুবভারতীতে অনুষ্ঠেয় ম্যাচটি দর্শকশূণ্য অবস্থায় খেলার শাস্তি দিয়েছিল। কিন্তু রাতে সেই সিদ্ধান্ত অনেকটাই বদলে ফেলল, বলা ভাল শাস্তির বিধানে শিথিলতা আনল ফেডারেশনের শৃঙ্খলারক্ষাকারী কমিটি। মোহনবাগানের আবেদনের যৌক্তিকতা মেনে।

মোহনবাগানের ওপর সম্পূর্ণ দর্শকশূণ্য মাঠে খেলার শাস্তির খাঁড়া নেমে এসেছিল, গত মরশুমে আইএসএল কাপ ফাইনালে যুবভারতীতে বেঙ্গালুরু এফসি ম্যাচে মোহনবাগান সমর্থকদের ছোঁড়া বাজিতে প্রতিপক্ষ দলের এক কর্তা সহ সমর্থকরা আহত হওয়ায়। এটা মোহনবাগান সমর্থকদের অখেলোয়াড়োচিত আচরণের পাশাপাশি মোহনবাগানকে ম্যাচের আয়োজক হিসেবে ধরে নিয়ে একটা শাস্তির বিধান দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, একবছরের মধ্যে এই ঘটনার পুনরাবৃত্তি হলে আর্থিক জরিমানা সহ দর্শকশূণ্য মাঠে খেলার শাস্তি পেতে হবে। সেই শাস্তি কেরালা ব্লাস্টার্স ম্যাচের ঘটনার জেরে চাপিয়ে দিয়েছিল ফেডারেশনের শৃঙ্খরারক্ষাকারী কমিটি।

কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ এই শাস্তির চিঠি পাওয়ার পরই ফেডারেশনের শৃঙ্খলারক্ষাকারী কমিটি ও আপিল কমিটির কাছে তাদের আবেদন ও বক্তব্য পেশ করে। তারা জানায়, প্রথমত গত মরশুমে আইএসএল কাপ ফাইনালে বেঙ্গালুরু ম্যাচের আয়োজক তারা ছিল না। ওটার দায়িত্ব ছিল পুরোপুরি এফএসডিএলের হাতে। তারা শুধু ম্যাচটা খেলেছিল। যে ঘটনা ঘটেছিল, সেটা অনভিপ্রেত। তার জন্য তারা দুঃখিত। আর্থিক জরিমানা দিতে আপত্তি নেই। কিন্তু যে ম্যাচের আয়োজকই তারা ছিল না, তার দায় নিয়ে দর্শকশূণ্য মাঠে কেন তাদের খেলতে হবে?‌ দর্শকশূণ্য মাঠে খেলার অর্থ হাজার হাজার আইনশৃঙ্খলা মেনে চলা আবেগপ্রবণ সমর্থকদের খেলা দেখা থেকে বঞ্চিত করা। তারা দায়িত্ব নিয়ে জানাচ্ছে, এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না। সকলের নিরাপত্তার দিকে তারা খেয়াল রাখবে। তাই ফেডারেশনের শৃঙ্খলারক্ষাকারী কমিটি যেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে।

মোহনবাগান সুপার জায়ান্টের এই রিভিউ পিটিশন বা আবেদনের সারবত্তা বুঝে ফেডারেশনের শৃঙ্খলারক্ষাকারী কমিটি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বদলের পথে হাঁটল। তাতে শৃঙ্খলারক্ষাকারী কমিটি জানিয়েছে, মোহনবাগান ক্লাব প্রতিশ্রুতি দিয়েছে , তারা ভবিষ্যতের সব ম্যাচে সর্বাধিক নিরাপত্তা, শৃঙ্খলার ব্যাপারে সম্পূর্ণ খেয়াল রাখবে। কোনওরকম বিশৃঙ্খলা হতে দেবে না। ক্লাবের এই ধরনের আশ্বাস ও আবেদনের কথা মাথায় রেখে , কমিটি সম্পূর্ণ দর্শকশূণ্য মাঠে মোহনবাগানের ম্যাচ খেলার সিদ্ধান্তে বদল আনছেন। সম্পূর্ণ নয়, ওড়িশার বিরুদ্ধে ম্যাচে যুবভারতীতে আংশিক দর্শক মাঠে থাকবেন। যার অর্থ ৬৩ হাজার দর্শকের ৭০ শতাংশ মাঠে ঢুকে খেলা দেখতে পারবেন। ৩০ শতাংশ দর্শকাসন খালি রাখতে হবে।

তবে কমিটি জরিমানার পরিমান ও সময়সীমা এক রেখেছে। ২৮ ফেব্রুয়ারি নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ৩০ দিনের মধ্যে মোহনবাগান সুপার জায়ান্টকে ৫০ হাজার টাকা দিতে হবে। একইসঙ্গে কমিটি মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্টকে সতর্ক করেছে, যদি এই সময়সীমার মধ্যে শৃঙ্খলাভঙ্গের মতো ঘটনার পুনরাবৃত্তি হয়, তাহলে কড়া শাস্তি হবে। যার মধ্যে দর্শকশূণ্য মাঠে খেলার মতো শাস্তি থাকবে। এই সিদ্ধান্ত চুড়ান্ত। আর কোনও আবেদন গ্রাহ্য হবে না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *