Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: আইএসএল ২০২৫-২৬-এ এবার টানা হোম ম্যাচই খেলছে ইস্টবেঙ্গল এফসি। যা যে কোনও দলের জন্য বাড়তি পাওনা। তার মধ্যেই অবশ্য তৃতীয় ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে জামশেদপুর এফসির বিরুদ্ধে। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল তাদের চতুর্থ হোম ম্যাচে খেলতে নামছে। যে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতার দলের জন্য। কারণ ছোট লিগে কম ম্যাচ হওয়ায় ঘুরে দাঁড়ানোর সুযোগ কম। তাই এক ম্যাচে ইতিমধ্যেই হারের মুখ দেখাটা বড় ধাক্কা। রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড তাদের প্রথম দুই ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি (৩-০) এবং এসসি দিল্লি (৪-১)-কে হারিয়ে তাদের অভিযান দারুণভাবে শুরু করেছে, তৃতীয় ম্যাচে জামশেদপুর এফসির কাছে ১-২ গোলে হারের মুখ দেখতে হয়। এই মুহূর্তে ইবিএফসি ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে (গোল: ৮; গোল হজম: ৩; গোল পার্থক্য: +৫)।

ইস্টবেঙ্গল এফসির প্রধান কোচ অস্কার ব্রুজোঁ বলেন, “ঘরের মাঠে খেলার জন্য দায়িত্ববোধের প্রয়োজন, বিশেষ করে গত সপ্তাহে হতাশাজনক পরাজয়ের পর। এফসি গোয়া একটি সুসংগঠিত, প্রতিযোগিতামূলক দল যার খেলার ধারণা এবং লক্ষ্য স্পষ্ট, দুর্দান্ত খেলোয়াড়, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মানসম্পন্ন এবং আমি তাদের কোচকে সম্মান করি। অতএব, ভুলের ব্যবধান ন্যূনতম হবে। যদি আমরা এখানে ৩ পয়েন্ট জিততে চাই, তাহলে আমাদের প্রথম মিনিট থেকেই সর্বোচ্চ স্তরে পারফর্ম করতে হবে। আমরা প্রতিপক্ষকে সম্মান করি, তবে আমরা আমাদের কাজ, আমাদের প্রস্তুতি এবং আমাদের ভক্তদের সামনে আমাদের চরিত্রের উপর আস্থা রাখছি।”

গত ম্যাচে হারের পর দলের সমস্যার পাশাপাশি কোচ এও বলেছিলেন, সব ম্যাচে একটি দল জিতবে এমনটা কঠিন, এটা খেলার অংশ। সঙ্গে অবশ্য ঘুরে দাঁড়ানোর কথাও জানিয়েছিলেন। এদিন আবার সেই ম্যাচ প্রসঙ্গে কোচ জামশেদপুরের অফসাইড গোল এবং দলের চোটআঘাতকে দায়ী করেছেন। এদিন তিনি যদিও উপোস করে প্লেয়ারদের খেলার কথা তুলে আনেন। তিনি বলেন, ‘‘আমাদের ভাগ্য খারাপ ছিল, জামশেদপুরের প্রথম গোল অফসাইড ছিল। তবে আমি রেফারিং নিয়ে কথা বলতে পছন্দ করি না। সঙ্গে রাকিপ, সল, মহেশের চোট দ্বিতীয় দুর্ভাগ্য।’’

তবে এই উপোসের সময়ে বিকেল পাঁচটায় খেলাটাই যে সমস্যা করছে সেটাও আরও একবার মনে করিয়ে দিয়েছেন। এবং ফেডারেশনের সঙ্গেও কথা বলা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে এর মধ্যেই যখন খেলতে হচ্ছে তখন জয়ের জন্যই খেলতে চাইবেন কোচ। বলছিলেন, ‘‘আমরা তিন গোল হজম করেছি, সেদিক থেকে দেখতে গেলে আমাদের আরও গোল করতে হবে। আমাদের এখনও আরও অনেকটা উন্নতি করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রফি নিয়ে ভাবছি না, মোহনবাগানের শীর্ষে থাকা নিয়েও ভাবছি না, এখন শুধু নিজের দল নিয়ে ভাবছি। কারণ সব ম্যাচ আলাদা, সেই মতো সব ম্যাচে এক প্রথম একাদশ থাকবে না।’’

ইবিএফসির স্প্যানিশ ফরোয়ার্ড ইউসেফ এজেজ্জারি বর্তমানে চারটি গোল করে লিগের স্কোরিং চার্টে শীর্ষে রছেন, অন্যদিকে ব্রাজিলিয়ান মিগুয়েল ফিগুয়েরা এবং ভারতীয় জাতীয় দলের এডমন্ড লালরিন্ডিকা দু’টি করে গোল করেছেন।

এদিকে, এফসি গোয়া ৩টি ম্যাচে ৭ পয়েন্ট (২টি জয় এবং একটি ড্র) নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। তাদের অভিযান শুরু হয়েছিল ইন্টার কাশি এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র দিয়ে, তারপরে মহমেডান এসসি-র বিরুদ্ধে ২-০ এবং এসসি দিল্লির বিরুদ্ধে ১-০ গোলে জয় তাদের তিন নম্বরে তুলে এনেছে। সার্বিয়ান ফরোয়ার্ড দেজান দ্রাজিচ বর্তমানে ৩টি ম্যাচে ৩ গোল করে টুর্নামেন্টে এজেজ্জারিকে তাড়া করছেন।

ইস্টবেঙ্গল এফসি মিডফিল্ডার মহম্মদ রশিদ এদিনের সাংবাদিক সম্মেলনে বলেন, “এই মরসুমে আমাদের মাত্র তেরোটি ম্যাচ আছে। এটি আমাদের জন্য একটি নতুন দিন এবং একটি নতুন চ্যালেঞ্জ। আমরা ধাপে ধাপে খেলা চালিয়ে যাচ্ছি। আমাদের আগের ফলাফল ভুলে যেতে হবে, সেটা হার হোক বা জয় – এবং আমাদের সামনের লক্ষ্যের দিকেমনোযোগ দিতে হবে।” এর সঙ্গে তিনি এও জানিয়ে দেন, কোচ যেভাবে বলবেন সেভাবেই তিনি খেলবেন।

শেষ দুই দল মুখোমুখি হয়েছিল সুপার কাপে ৭ ডিসেম্বর ২০২৫-এ। গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে সুপার কাপের ফাইনালে, যেখানে ইস্টবেঙ্গল পেনাল্টিতে (৫-৬) গোয়ার কাছে হেরে যায়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *