Cart Total Items (0)

Cart

All Sports

‌অলস্পোর্ট ডেস্ক:‌ আইএসএলে মাঠে বল বেশিদিন না গড়াতেই অংশগ্রহনকারী ক্লাবগুলির সঙ্গে ভারতীয় ফুটবল ফেডারেশনের একটা মনকষাকষি বেধে গেল। যা ভবিষ্যতে সংঘাতের রূপ নিতে পারে। ফেডারেশনের চাহিদা মতো আইএসএলের সব ক্লাব প্রাথমিক কিস্তি হিসেবে প্র‌ত্যেকে ৩০ লাখ টাকা দিয়েছে। কিন্তু এর মধ্যে ১২ টি ক্লাব চিঠি দিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ফেডারেশনের কাছে। তাদের বক্তব্য, আইএসএল পরিচালনার ব্যয় ভার বহন করবে ক্লাবগুলো, আর প্রশাসনের নামে একতরফা ছড়ি ঘোরাবে ফেডারেশন। এটা মানা যায় না। তবে এই চিঠিতে সই করেনি জামশেদপুর ও নর্থ ইস্টের কোনও প্রতিনিধি। তারা ফেডারেশনের কাজকর্ম নিয়ে কোনও প্রশ্ন এই মুহূর্তে তুলতে নারাজ।

আসলে যেটা বোঝা যাচ্ছে, আইএসএল ক্লাবগুলোর গোঁসা হয়েছে, তাদের অগোচরে রেখে ফেডারেশন দীর্ঘমেয়াদী ভিত্তিতে বানিজ্যিক সহযোগী পেতে ‘‌ রিকোস্ট ফর কোয়ালিফিকেশন’‌ পদ্ধতির সাহায্যে নতুন বিডার আহ্বান করায়। এই দরপত্র জমা দেওয়ার শেষদিন ১৯ মার্চ, জনসমক্ষে খোলার দিন ২০ মার্চ। এখানেই ক্লাবগুলোর আপত্তি। তাদের বক্তব্য, ক্লাবগুলোকে বিডের ব্যাপারে, বানিজ্যিক সহযোগী চুড়ান্ত করতে কী কী শর্ত থাকবে, তা নিয়ে একবার আলোচনার প্রয়োজন মনে করেনি ফেডারেশন। এর অর্থ তাদের থেকে টাকা নিয়ে আইএসএল চালালেও, কোনও গুরুত্ব তাদের দেওয়া হচ্ছে না। বরং একতরফা সিদ্ধান্ত নিয়ে তা চাপিয়ে দেওয়ার পথে হাঁটতে চাইছে ফেডারেশন। এটা হতে দেওয়া যায় না।

১২ টি ক্লাব লিখিতভাবে জানিয়েছে, আইএসএলের পরিচালনা যাতে আটকে না যায়, সেজন্য আগের প্রতিশ্রুতি মতো ফেডারেশনের বেহাল অবস্থা দেখে ৩০ লাখ টাকা করে তারা দিয়েছে। কিন্তু ফেডারেশনের হাতে একতরফা সব সিদ্ধান্ত থাকবে, এটা তারা মানতে নারাজ। লিগের যে অপারেশনাল বাজেট ধরা হয়েছে তার পরিমান ২৬.‌২৩ কোটি টাকা। যার মধ্যে ফেডারেশনের অবদান শূণ্য। অথচ ফ্যান কোড থেকে প্রাপ্ত সেন্ট্রাল রেভিনিউয়ের পরিমান ৮.‌৬২ কোটি টাকা। যার মধ্যে ফেডারেশন নিজের জন্য সেই টাকার ৪০ শতাংশ অর্থাৎ ৩.‌৪৮ কোটি টাকা রেখে দিচ্ছে। পুরো অপারেশনাল খরচটাই করছে ক্লাব, আর লাভ করছে ফেডারেশন। যেখানে ক্লাব ১০০ শতাংশ অপারেশনাল দায়িত্ব সামলাতে হচ্ছে, ৬০ শতাংশ আর্থিক ঝুঁকিও, সেখানে ফেডারেশনের হাতে একতরফা প্রশাসনিক ক্ষমতা কেন থাকবে?‌ বরং ফেডারেশন কেন তাদের মতো অপারেশনাল ও আর্থিক দায়ভার গ্রহণ করবে না লাভের টাকা ঘরে রেখে না দিয়ে?‌

ক্লাবজোট চলতি মরশুমে আইএসএলে অবনমনের বিষয়টি সমর্থন করছে না। তাদের মতে, সংক্ষিপ্ত এবারের লিগে সব দল সমান জায়গায় নেই বিভিন্ন কারণে। তাই এই অসম লড়াইয়ে অবনমন থাকা ঠিক নয়।

একইসঙ্গে ক্লাবগুলো ক্ষুব্ধ ফেডারেশনের দেওয়া জরিমানা ও আইএসএল থেকে বাতিল করে দেওয়ার হুমকি বার্তায়। ফেডারেশন ক্লাবগুলোকে জানিয়েছে, নির্দিষ্ট দিনের মধ্যে বৈঠতে ঠিক হওয়া অংশগ্রহন বাবদ ১ কোটি করে টাকা সময়মতো না দিলে প্রতিদিন ১ লাখ টাকা করে বাড়বে মূল টাকার সঙ্গে। টাকা দিতে ৭ দিনের বেশি দেরি হলে, ক্লাবগুলির কাছে বাতিল করে দেওয়ার সতর্কবার্তা যাবে। সেই চিঠি পাওয়ার ৪ দিনের মধ্যে পুরো টাকা না দিলে, পরের মরশুমের আইএসএলে সেই ক্লাব খেলতেই দেওয়া হবে না। এটা একধরনের জুলুমবাজি বলেই মনে হচ্ছে ক্লাবগুলোর। তাদের মতে, ফেডারেশন যদি ভাবে আইএসএলটা শুধু তাদেরই, যাবতীয় খবরদারি করবে তাতে, তাহলে তারা সমস্ত খরচ থেকে পরিচালনার দায়ভার গ্রহণ করুক। আর ফেডারেশন যদি এটা যৌথ উদ্যোগ বা পার্টনারশিপ ভাবে, তাহলে আর্থিক ও অন্যান্য সববিষয়ে সিদ্ধান্ত নিক ক্লাবগুলোর সঙ্গে মিলিত ভাবে একতরফাভাবে নয়।

এখন দেখার ক্লাবগুলোর দেওয়া এই চিঠি ভারতীয় ফুটবল ফেডারেশন কতটা নড়েচড়ে বসে?‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *