Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ শুভ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে সোমবার তমলুক খেলাঘরের সঙ্গে গাঁটছড়া বাঁধল জর্জ টেলিগ্রাফ। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সংক্ষিপ্ত অথচ ছিমছাম অনুষ্ঠানে এই গাঁটছড়া বাঁধার কথা তুলে ধরেন জর্জ টেলিগ্রাফ ও তমলুক খেলাঘরের কর্তা ও প্রতিনিধিরা। প্রাথমিকভাবে একবছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জর্জ টেলিগ্রাফের যুগ্মসচিব অনির্বান দত্ত জানান, এটা প্রথাগত স্পনসরশিপের সম্পর্ক নয় খেলাঘরের সঙ্গে, বরং বলা ভাল দুই প্রতিষ্ঠানের মধ্যে ফুটবলের উন্নয়নের জন্য কাজে ব্রতী হওয়া। এতে জর্জ টেলিগ্রাফ যেমন খেলাঘরের পরিকাঠামোর ব্যবহার ও ফুটবলার আদানপ্রদানের সুবিধা পাবে, তেমন খেলাঘরের মাধ্যমে জেলা ফুটবলের উন্নয়নে অংশ নেওয়া সুযোগ পাবে শতাব্দী প্রাচীন জর্জ টেলিগ্রাফ। কলকাতা লিগে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ নামেই খেলবে দল।

জর্জ টেলিগ্রাফের মহাসচিব সুব্রত দত্ত, কার্যকরী সচিব অনিন্দ্য দত্ত বলেন,‘‌ তমলুক খেলাঘরের জেলার বুকে একটি উন্নতমানের ফুটবল অ্যাকাদেমি রয়েছে। যেখানে বিভিন্ন বয়সভিত্তিক ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। পাশাপাশি খেলাঘর একটি আবাসিক শিবির গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে তারা। খেলাঘরের সঙ্গে গাঁটছড়ার মাধ্যমে জেলা ও ক্লাবের মাধ্যমে যোগসূত্র গড়ে উঠবে, তৈরি হবে নতুন সমর্থক। জর্জ টেলিগ্রাফ বরাবরই ময়দানে প্রতিভাবান ফুটবলার উপহার দিয়ে এসেছে। তমলুক খেলাঘরের এই বন্ধন আগামী দিনে সেই ধারার আরও বিস্তার ঘটাবে।’‌

তমলুক খেলাঘরের পক্ষে সভাপতি সুব্রত জানা, সহসভাপতি মানসী দে শেঠ, সচিব গোপাল সামন্ত, ও দলের টেকনিকাল ডিরেক্টার সুমন দত্ত জানান,‌ জর্জ টেলিগ্রাফের মতো ঐতিহ্যশালী ক্লাবের সঙ্গে জড়িত হতে পারে তাঁরা গর্বিত। নিজেদের উদ্যোগে তাঁরা তমলুকে মাঠ ও অন্যান্য পরিকাঠানো গড়ে তুলেছেন ফুটবলার তুলে আনার স্বার্থে। তমলুক খেলাঘর দীর্ঘসময় ধরে তাম্রলিপ্ত কাপ নামে একটি জনপ্রিয় টুর্নামেন্টের আয়োজন করে। যেখানে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের দলগুলি ছাড়াও ভাস্কো, বিএসএফ জলন্ধর, কেরল পুলিশের মতো দল অংশ নেয়। এই গাঁটছড়ার মাধ্যমে জেলা থেকে উঠে আসা ফুটবলারদের আধুনিক প্রশিক্ষণের সুযোগ মিলবে। জর্জ টেলিগ্রাফের সিনিয়র দলের ফুটবলাররাও তমলুকে থেকে ওখানকার পরিকাঠামো ব্যবহারের সুযোগ পাবেন।

গাঁটছড়া বাঁধার অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার ও জর্জ টেলিগ্রাফের গর্ব আলোক মুখার্জি, ক্লাবের কর্তা সব্যসাচী সরকার। এখনও ক্লাবের কোচ ঠিক হয়নি।সময়ে জানানো হবে। অলোক মুখার্জি জানান, জর্জ টেলিগ্রাফের ডাকে তিনি সবসময় সাড়া দিতে তৈরি। চাইলে তাঁর কোচিং অভিজ্ঞতা দিয়ে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ ক্লাবকে সাহায্য করবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *