Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ আইএসএল ও ফেডারেশন কাপের জন্য বানিজ্যিক সহযোগী খুঁজতে গিয়ে রীতিমতো ঝামেলার মুখে পড়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। কারণ গ্লোবাল টেন্ডার ডাকার পরও কোনও দরপত্র প্রথমবারের সময়সীমার মধ্যে জমা পড়েনি। এতে ২০২৫-‌২৬ মরশুমের আইএসএল শুরু নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দেয়। সেকারণে আরও একবার দরপত্র আহ্বান করেছিল ফেডারেশন সময়সীমা বাড়িয়ে। শেষপর্যন্ত ফ্যানকোডের দরপত্রে ফেডারেশনের কিছুটা স্বস্তি মেলে। অন্তত এক মরশুম অর্থাৎ ২০২৫-‌২৬ মরশুমের আইএসএল ও ফেডারেশন কাপের বানিজ্যিক সহযোগী হিসেবে ফ্যানকোডের জন্য চুক্তি হয়।

কিন্তু সেটা কোনও স্থায়ী সমস্যার সমাধান ছিল না। ফেডারেশন চাইছে একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে কোনও বানিজ্যিক সহযোগী খুঁজে পেতে। যাতে তাদের বছর বছর নতুন বানিজ্যিক সহযোগীর নিয়োগের সমস্যা পড়তে না হয়। আইএসএল অংশগ্রহনকারী ক্লাবগুলোও একইমত পোষণ করেছিল। আর সেকারণেই ১৫ প্লাস ৫ বছরের জন্য আইএসএল ও ফেডারেশন কাপের বানিজ্যিক সহযোগী নিয়োগ করতে এআইএফএফ নতুন করে দরপত্র আহ্বান করে। তাতে সাড়া দেয় জিনিয়াস স্পোর্টস ও ফ্যান কোড। উল্লেখযোগ্য বিষয় হল, জিনিয়াস স্পোর্টস যে আর্থিক প্রতিশ্রুতি দেয় দরপত্রে তা ফ্যান কোডের দ্বিগুন।

আইএসএল-‌ফেডারেশন কাপের বানিজ্যিক সহযোগী হওয়ার জন্য দরপত্র জমা করেছিল জিনিয়াস স্পোর্টস ও ফ্যানকোড। সেই দরপত্রে ভারতীয় ফুটবল ফেডারেশনকে বানিজ্যিক সহযোগীর ভূমিকায় ১৫ প্লাস ৫ বছরের আর্থিক কোটেশনে জিনিয়াস স্পোর্টস প্রতিশ্রুতি দিয়েছে ২১২৯ কোটি টাকা দেওয়ার। সেখানে ফ্যানকোডের সেই আর্থিক কোটেশনের পরিমান প্রায় অর্ধেক, অর্থাৎ ১১৯০ কোটি টাকা। স্বাভাবিকভাবে তাদের সঙ্গে চুক্তি চুড়ান্ত করা ছিল সময়ের অপেক্ষা।

কিন্তু গোল বাধে আইএসএল ক্লাবগুলির তোলা প্রশ্নে। দরপত্র সামনে আনার পরই আইএসএল অংশগ্রহনকারী ক্লাবগুলি চিঠি দিয়ে ফেডারেশনকে জানায়, তাদের সঙ্গে আলোচনা না করে বানিজ্যিক সহযোগীর নাম যেন চুড়ান্ত করে ফেলা না হয়। কারণ তারা মনে করে, তাদের অন্ধকারে রেখেই ফেডারেশন বানিজ্যিক সহযোগী বাছাইয়ের পথে হেঁটেছে। তাদের কাছে পরিষ্কার নয় জিনিয়াস স্পোর্টস ও ফ্যানকোডের দেওয়া দর কতটা যুক্তিসঙ্গত, শেষপর্যন্ত দীর্ঘমেয়াদী এই চুক্তি মতো অর্থ তারা আদৌ দিতে পারবে কিনা?‌ ক্লাবেরা মনে করছে, চলতি মরশুমে আইএসএলের বানিজ্যিক সহযোগী হিসেবে জড়িয়ে থাকা ফ্যানকোডের ১১৯০ টাকার অঙ্কটা অনেক বাস্তবসম্মত জিনিয়াস স্পোর্টসের ২১২৯ কোটির থেকে। তাই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা চায় ফেডারেশন এবং দুই বিডার জিনিয়াস স্পোর্টস ও ফ্যানকোডের সঙ্গে আলোচনা সারতে।

একইসঙ্গে ক্লাবগুলো প্রশ্ন তুলেছে, ফেডারেশনের সঙ্গে ডিলে তাদের কী লাভ হচ্ছে?‌ ফেডারেশন ও তাদের রেভিনিউ শেয়ার কত?‌ নাকি ফেডারেশনই শুধু লাভ করবে, তাদের কপালে লাভের কিছুই জুটবে না। চলতি মরশুমে এমনিতেই এনিয়ে একটা মনোমালিন্য চলছে ফেডারেশনের সঙ্গে আইএসএল ক্লাবগুলোর রেভিনিউ শেয়ারিং নিয়ে। ক্লাবগুলো ইতিমধ্যেই অভিযোগ করেছে, ফেডারেশন যেখানে আইএসএল থেকে লাভ করছে, সেখানে ক্লাবগুলো লাভের মুখ দেখছে না, অথচ যাবতীয় অপারেশনাল খরচ তাদের বহন করতে হচ্ছে।

ক্লাবগুলোর এই প্রস্তাব মেনে নিয়েছে ফেডারেশন। তারা যেমন দুই বিডারের দরপত্র খতিয়ে দেখার দায়িত্ব কেপিএমজিকে দিয়েছে, তেমন বানিজ্যিক সহযোগী বাছাইয়ের আগে ক্লাবগুলোর সঙ্গে জিনিয়াস স্পোর্টসের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করছে যাতে কোনও বিতর্ক বা জটিলতা না থাকে। ২৩ এপ্রিল সেই বৈঠক হওয়ার কথা জিনিয়াস স্পোর্টসের সঙ্গে আইএসএল ক্লাবগুলির।

আইএসএল ক্লাবগুলির দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে ফেডারেশন সভাপতি কল্যান চৌবে তাদের প্রতিনিধিদের লিখেছেন, ‘‌ ভারতীয় ফুটবলের উন্নতির জন্য ক্লাবগুলির সহযোগিতা সবচেয়ে জরুরি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দীর্ঘমেয়াদী ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে আইএসএল ও ফেডারেশন কাপের জন্য বানিজ্যিক সহযোগী ঠিক করার পথে এগিয়েছে ফেডারেশন। এর আগে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ, এআইএফএফ লিগ সিইও অক্ষয় রোহাতগি, এআইএফএফ চিফ স্ট্র‌্যাটেজিক অফিসার নীলদীপ মন্ডল সবসময় আইএসএল ক্লাবগুলির সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন বানিজ্যিক সহযোগী চুড়ান্ত করা থেকে অন্যান্য বিষয়ে। আমি কথা দিচ্ছি, ক্লাবগুলি যদি আরও কিছু তথ্য জানতে চায়, তা সরবরাহ করতে প্রস্তুত এআইএফএফ সেক্রেটারিয়েট। ইতিমধ্যেই ফেডারেশন ‘‌গভর্নিং কাউন্সিল’‌ ও ‘‌ম্যানেজিং কমিটি’ গঠনকে স্বাগত জানিয়েছে, যাতে মিলিতভাবে সব সিদ্ধান্ত নেওয়া যায় একমত হয়ে। যদি ক্লাবগুলি আরও কোনও কমিটি গড়তে চায়, সেটাও স্বাগত। অবশ্যই সুপ্রিম কোর্টের নির্দেশ মাথায় রেখে।’‌

এখন দেখার জিনিয়াস স্পোর্টসের সঙ্গে আইএসএলের বৈঠক ইতিবাচক রূপ নেয় কিনা?‌ ‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *