Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ মঙ্গলবার আইএসএলে মুম্বই সিটির বিরুদ্ধে মুম্বই এরিনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গলের। তাদের পয়েন্ট এখন ৯ ম্যাচে ১৮। মুম্বইয়ের ১০ ম্যাচে ১৯। জামশেদপুরের ১১ ম্যাচে ২১। মোহনবাগান সুপার জায়ান্টের ৯ ম্যাচে ২০। গোয়ার ১১ ম্যাচে ১৯। এর অর্থ মুম্বইকে হারাতে পারলে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল। এমন একটা সময় রবিবার দুপুরে মুম্বই ম্যাচ নিয়ে নিজের ভাবনা চিন্তা তুলে ধরার আগে লাল হলুদের কোচ অস্কার ব্রুজোঁ চলতি মরশুম শেষে দায়িত্ব ছাড়ার কথা বলে কতটা ঠিক করলেন, তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে সমর্থকদের মাঝে। এমনকি অনেকেই ক্ষুব্ধ আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকা ইস্টবেঙ্গলের যখন মাত্র ৪ ম্যাচ বাকি লক্ষ্যপূরণে, তখন এই ধরনের ঘোষণা কি আদৌ যুক্তিসঙ্গত?‌ নাকি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়?‌

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, ইনভেস্টার ইমামির সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের সম্পর্কে একটা চিড় ধরেছিল। ইস্টবেঙ্গল কর্তারা ইঙ্গিত দিয়েছিলেন, ইমামি তাঁদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে। সেব্যাপারে চুড়ান্ত কোনও সিদ্ধান্ত না নিলেও ইমামির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে রবিবারই, ভারতীয় ফুটবল ফেডারেশন নতুন মরশুমে ফুটবল ক্যালেন্ডার সম্পর্কে কোনও স্পষ্ট ধারনা দিতে পারেনি এখনও। সঙ্গে আইএসএল ঘিরে বিভিন্ন শর্তপূরণের বিষয়গুলিও পরিষ্কার নয়। তাই যতদিন না সেটা তাদের সামনে ঠিক মতো আসছে, ততদিন নতুন করে দল গঠন থেকে ফুটবল দলের সঙ্গে জড়িত অন্যান্য বিষয়গুলিতে তারা হাত দেবে না। চলতি মরশুমে আইএসএল শুরু ঘিরে অনিশ্চয়তা ঘিরে ও অন্যান্য কারণে সব ক্লাবকেই ভুগতে হয়েছে। অন্য অনেক ক্লাব যখন ফুটবলারদের স্যালারি কাট করেছে, তখন ইস্টবেঙ্গল ক্লাব সেপথে হাঁটেনি। বরং ফুটবলারদের তাঁদের আগের চুক্তি অনুযায়ী পুরো মাইনে ক্লাব দিয়েছে। এবার সবকিছু স্বচ্ছভাবে ক্লাবের সামনে ফেডারেশন তুলে ধরার পরই পরবর্তী পদক্ষেপ নেবে ইস্টবেঙ্গল। বুঝতে অসুবিধা নেই,  ইস্টবেঙ্গল কোচ অস্কারের দায়িত্ব ছাড়াও এটাও একটা অন্যতম কারণ।

অস্কারের মতে, তিনি মরসুম শেষে আর কোচের দায়িত্ব থাকবেন না, এটা এখন থেকেই পরিষ্কার করে জানিয়ে দিয়ে কোনও ভুল করেননি। প্রচারমাধমকে বলেন, ‘‌ আমি প্রায় দু’বছর ইস্টবেঙ্গলে কাটিয়েছি। এটা আমার জন্য স্বপ্নের মতো অভিজ্ঞতা। ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে ঐতিহ্যশালী, আইকনিক ও সফল ক্লাব। ১৪ ফেব্রুয়ারি ২০২৫ সালে আমার সঙ্গে ক্লাবের চুক্তি নবীকরণ হয়েছিল। সেইসময় থেকে আমি ভবিষ্যত পরিকল্পনা শুরু করেছিলাম। টেকনিকালি আমার কোচিং স্টাফের সঙ্গে দলের শক্তি ও দুর্বলতা নিয়ে বিশ্লেষণের মাধ্যমে লক্ষ্য ছিল ইস্টবেঙ্গলকে সাফল্যের রাস্তায় ফেরানো। তার জন্য যে স্কাউটিং ও রিক্রুটমেন্ট কাজ করছি, তার দায় সম্পূর্ণ আমার। কিন্তু বর্তমানে আমরা এমন একটি অবস্থানে আছি, যেখানে কোনও স্পষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, দূরদৃষ্টির অভাব। সবচেয়ে বড় কথা, ফুটবলারদের সঙ্গে তাদের ভবিষ্যত নিয়ে কোনও আলোচনায় আগ্রহ নেই। একটা বড় দলের কোচ হিসেবে মনে করি, এগুলি থাকা অত্যন্ত জরুরি। এই কারণে সিদ্ধান্ত নিয়েছি ৩১ মে মরশুম শেষ হওয়ার পর ইস্টবেঙ্গলের কোচের পদে আর থাকব না। ’‌

অস্কার আরও বলেন, ‘‌ এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সঙ্গে আর্থিক বিষয়, ক্লাবের সঙ্গে কোনও বিতর্ক বা মনোমালিন্য, ইনভেস্টারের ইচ্ছা, লিগে দলের অবস্থান বা বাইরের কোনও চাপ বা অন্য কোনও কারণ নেই। বিষয় একটাই, আমি নির্দিষ্ট কোনও পরিকল্পনা ও ভিশন ছাড়া কোচ থাকতে রাজি নই। আমার কোচিং স্টাফ আদ্রিয়ান রুবিও, জেভিয়ার স্যাঞ্চেজও এব্যাপারে একমত। মরশুম শেষে ওরা আমার মতো সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে ক্লাব সবকিছু নতুন করে গোছানোর সুযোগ পায় সময়মতো। বাকি ম্যাচের সাফল্য বা খারাপ ফলের জন্য কোচের পদে আমার থাকা না থাকা নির্ভর করছিল না। এখনও করবে না। সিদ্ধান্ত পাকাপাকি ভাবে নিয়ে ফেলেছি সরে দাঁড়ানোর। এটা আর বদলাবে না। ততদিন পর্যন্ত আমাদের সামনে ৪টি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আইএসএলের। ইস্টবেঙ্গল সমর্থকরা এশিয়ার সেরা। ওঁরা আমাদের পাশে সবসময় থেকেছেন। তাই তাঁদের জানাতে চাই, আইএসএলে সেরা সম্ভাব্য জায়গায় শেষ করতে সর্বোচ্চ শক্তি, নিষ্ঠা ও কৌশল প্রয়োগ করব। আশা করছি, এটাই হবে আইএসএলের সেরা সফলতম মরসুম ইস্টবেঙ্গলের জন্য। আপাতত ব্যক্তিগত বিষয় নিয়ে আর কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করব না। যাবতীয় ফোকাস থাকছে মুম্বই ম্যাচে, ৩ পয়েন্ট প্রাপ্তির লক্ষ্যে।’‌

এখন এটাই দেখার মুম্বই ম্যাচের আগে কোচ অস্কারের এই কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলে ফুটবলারদের পারফরমেন্সে। অনেকক্ষেত্রে এটা চার্জড আপ করে দিতে পারে ফুটবলারদের আইএসএল চ্যাম্পিয়ন হতে। কোচকে ট্রফি উপহার দিতে মরিয়া ভাব আসাটা আশ্চর্যের নয়। আবার এটা বুমেরাং হয়েও যেতে পারে ফুটবলাররা এই ঘোষণায় ফোকাস হারালে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *