ছবি— কেকেআর এক্স
অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৬ মরসুমে তৃতীয় জয় তুলে নিয়ে ছন্দে ফেরার বার্তা দিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে দলের হয়ে দুরন্ত লড়াই দিয়েছিলেন রিঙ্কু সিং। আর এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অঙ্গকৃশের ব্যাট আর বরুণ চক্রবর্থীর বলে বড় জয় তুলে নিল কেকেআর। হায়দরাবাদের ঘরের মাঠে অভিষেকদের সহজেই হারিয়ে দিল রাহানেরা। রবিবারের প্রথম ম্যাচে ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় এসআরএইচ। জবাবে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় কলকাতা।
এদিন হায়দরাবাদের হয়ে ওপেন করতে নেমে বিগ হিটার অভিষেক শর্মা মাত্র ১৫ রান করে ফিরে গেলে ইনিংসের হাল ধরেন আর এক ওপেনার ত্রাভিস হেড। ২৮ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। ৪২ রান করে তাঁকে যোগ্য সঙ্গত দেন ঈশান কিষান। যদিও এর পর আর কেউই বড় রানে পৌঁছতে পারেননি। এনরিচ ক্লাসেন ১১, রবিচন্দ্রন সামারা ৪, অনিকেত ভার্মা ৬, সলিল অরোরা ২, প্যাট কামিন্স ১০, শিভাঙ্গ কুমার ১, হর্ষল প্যাটেল ৬ রান করে আউট হয়ে যান। ২ রানে অপরাজিত থাকেন এশান মালিঙ্গা। ১১৭ রানে তিন উইকেট থেকে ১৬৫ রানে শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস।
আইপিএল-এর শুরুতে দেখা যাচ্ছিল হাই স্কোরিং ম্যাচ। শুধু তাই নয়, বড় রান তাড়া করে জয়ও তুলে নিচ্ছিল দলগুলো। কিন্তু ক্রমশ তা বদলে এখন ম্যাচের স্কোর কমের দিকে। এদিন হায়দরাবাদের লো স্কোরে ভূমিকা রাখলেন কলকাতার সব বোলাররাই। সর্বোচ্চ উইকেট বরুণ চক্রবর্থীর। তিন উইকেট নিলেন তিনি। এছাড়া দুটো করে উইকেট নিলেন সুনীল নারিন ও কার্তিক ত্যাগী। একটি করে উইকেট বৈভব অরোরা, ক্যামেরুন গ্রিন ও অনুকূল রয়ের।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই জয়ের পথে হাঁটতে শুরু করে কলকাতা। ওপেনার ফিন অ্যালেন ২৯ রানে ফিরে গেলে অঙ্গকৃশ রঘুবংশীকে সঙ্গে নিয়ে কলকাতার রানকে এগিয়ে নিয়ে যান ওপেনার-অধিনায়ক অজিঙ্ক রাহানে। ৪৩ রানে ফেরেন তিনি। অঙ্গকৃশের সংযোজন ৫৯। এর পর ২২ রানে রিঙ্কু সিং ও ৩ রানে ক্যামেরুন গ্রিন অপরাজিত থাকেন। রিঙ্কু ক্রমশ যে ফিনিশার হয়ে উঠছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ উইনিং পারফর্মেন্সের পর আবারও দলকে জয় এনে দিল তাঁর ব্যাট। যার ফলে ১৮.২ ওভারেই তিন উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে নেয় কলকাতা। বাউন্ডারি হাঁকিয়ে জয় তুলে নেন সেই রিঙ্কুই।
হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন প্যাট কামিন্স, শিবাঙ্গ কুমার ও সাকিব হুসেন। ম্যাচের সেরা হয়েছেন কেকেআর-এর বরুণ চক্রবর্থী। এই জয়ের সঙ্গেই ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলের আট নম্বরে উঠে এল কলকাতা নাইট রাইডার্স।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
