Cart Total Items (0)

Cart

All Sports India

মুনাল চট্টোপাধ্যায়:‌ আইএসএলে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে রয়েছে ইন্টার কাশী। তারওপর আভন্তরীণ সমস্যায় জর্জরিত। ফুটবলারদের বেতন দিতে না পারায় ফুটবলারদের মোটিভেশনের অভাব। তারওপর সবচেয়ে বড় ব্যাপার, চিফ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। সেখানে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে মোহনবাগান সুপার জায়ান্ট। এরকম একটা পরিস্থিতিতেও মঙ্গলবার ঘরের মাঠে যুবভারতীতে ইন্টার কাশীকে হাল্কাভাবে নিতে নারাজ মোহনবাগান এসজি কোচ সের্জিও লোবেরা।

লোবেরার সাফ কথা, প্রতিপক্ষ যেমনই হোক, বা যে অবস্থায় থাক, কোনওরকম আলগা ভাব দেখালে চলবে না ম্যাচ জেতার ক্ষেত্রে। কারণ লিগের লড়াইটা এখন এমন একটা জায়গায় রয়েছে, যেখানে ইন্টার কাশী সহ বাকি তিন ম্যাচ নিজেরা জিতলে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হবে। তখন আর অন্যরা কে কী করল, গোল পার্থক্য কেমন থাকল, সেটা বিচার্য বিষয় হবে না।

শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে শুরুতে এগিয়ে গিয়েও পরে রক্ষণের অসতর্কতায় গোল হজম করে মূল্যবান ২টি পয়েন্ট খুইয়ে ঘরে ফিরেছে বাগান ব্রিগেড। এতে ইন্টার কাশী ম্যাচের আগে আরও বেশি সতর্ক সবুজ মেরুনে হেড স্যার লোবেরা। তিনি মনে করেন, গোয়ার বিরুদ্ধে দল তার সেরা ছন্দে ছিল না। তবে দ্বিতীয় গোল করে ম্যাচ জেতার মতো সুযোগ তাঁরা পেয়েছিলেন।
সেটা কাজে লাগাতে না পারাতেই জয়টা আসেনি। ড্র করে ফিরতে হয়েছে।

মঙ্গলবার অবশ্য ইন্টার কাশীর বিরুদ্ধে সেরা খেলা উপহার দিতে তৈরি মোহনবাগানে সুপার জায়ান্টের কোচ লোবেরা ও তাঁর ফুটবলাররা। তবে ক্লান্তি একটা বাধা হতে পারে এই ম্যাচে মোহনবাগানের পক্ষে। কারণ শনিবার ম্যাচ খেলে রবিবার কলকাতায় ফেরে দল। মঙ্গলবার ইন্টার কাশীর মুখোমুখি হওয়ার আগে মাত্র একদিন সময় মিলেছে বাগান ফুটবলারদের তরতাজা হয়ে উঠতে। ওই সময়ের মধ্যেই ফুটবলারদের ছোটখাটো চোট সমস্যা মেটানোর দিকে নজর দিতে হচ্ছে কোচ লোবেরাকে। গোয়া ম্যাচে আপুইয়া পুরো সময় খেলতে পারেননি। অনিরুদ্ধ থাপাও উঠে যায় চোট বাড়ার ঝুঁকি এড়াতে। সাহালও বসে যেতে চেয়েছিলেন। তাই ইচ্ছা থাকলেও অন্যরকম কিছু ভাবা সম্ভব হয়নি।

ইন্টার কাশী দলের দায়িত্ব ছেড়েছেন হাবাস। আইএসএলের বাকি ম্যাচে কোচের ভূমিকা পালন করবেন গোলকিপার কোচ অভিজিত মন্ডল। যেদিকে ব্যাপারটা গড়াচ্ছে, তাতে চলতি আইএসএল শেষে ইন্টার কাশী দলটার অস্তিত্ব থাকলে হয়। আর সেটা যদি হয়, তাহলে লিগ টেবিলের সবচেয়ে নীচে থাকা মহমেডানের অবনমন বেঁচে যাবে। এসব নিয়ে অবশ্য বিন্দুমাত্র আগ্রহী নন মোহনবাগান কোচ লোবেরা। তাঁর বক্তব্য, ‘‌ হাবাস একজন বড় কোচ। তাঁর না থাকাটা ইন্টার কাশীর পক্ষে দুর্ভাগ্যজনক। আমি নিজে হাবাসের সঙ্গে মাঠের উত্তেজক লড়াই উপভোগ করার সুযোগটা মিস করব। তার মানে এই নয়, ইন্টার কাশী ফুটবলাররা মাঠে লড়াই ছেড়ে দেবে। বরং ফুটবলাররা নিজেদের ভবিষ্যতের কথা ভেবে বাড়তি দেবে পরবর্তী মরশুম সামনে রেখে। ওদের রক্ষণ বেশ শক্তিশালী। গোলের সুযোগ খুব বেশি আসবে না। তাই ম্যাচ জিততে হলে, যেটুকু সুযোগ আসবে, সেটা কাজে লাগাতে হবে।’‌

সেট পিসে গোল করায় মোহনবাগানের দুর্বলতা কিছুতেই কাটছে না। সেকথা স্বীকার করে নিয়ে মোহনবাগান এসজি কোচ লোবেরার বক্তব্য, এটাই বাকি ৩ ম্যাচে যাতে ঠিকঠাক হয়, সে চেষ্টাই থাকবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *