Cart Total Items (0)

Cart

All Sports India

মুনাল চট্টোপাধ্যায়:‌ সোমবার দিল্লিতে আইএসএল ক্লাব প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য। আলোচ্য বিষয় ছিল আইএসএলের পরিচালন ব্যবস্থা কার হাতে থাকবে তা নিয়ে, একইসঙ্গে বানিজ্যিক সহযোগীর ব্যাপারে একটা সমাধান সূত্র খুঁজে বের করা। এই বৈঠকে ফেডারেশনের বর্তমান সভাপতি কল্যান চৌবে যেমন উপস্থিত ছিলেন, তেমন হাজির ছিলেন প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেল। আর সেটা ঘটে কেন্দ্রীয় মন্ত্রীর ইচ্ছেতেই। প্রফুল প্যাটেলের দীর্ঘসময় ভারতীয় ফুটবল ফেডারেশনের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা থাকায়, আইএসএল পরিচালনা ঘিরে জট ছাড়াতে তাঁর বৈঠকে থাকা ও তাঁর পরামর্শ নেওয়া জরুরি মনে করেন মনসুখ মান্ডব্য।

আলোচনা ইতিবাচক হয়েছে। ২০২৬-‌২৭ মরশুম থেকে আগামী ৪ বছর আইএসএল পরিচালনার দায়িত্ব থাকবে ক্লাব জোটের হাতে। বলা ভাল ১৪ দলের ওপর। বছরে ১৫.‌৪ কোটি টাকা ফেডারেশনকে দেবে ক্লাবগুলি এই ৪ বছর ধরে। অর্থাৎ প্রতিটি ক্লাব দেবে ১.‌১ কোটি টাকা করে। এটা জিনিয়াস স্পোর্টসের ১২.‌৪ কোটি টাকার থেকে বেশি। বদলে ক্লাবের হাতেই থাকবে আইএসএল পরিচালনার সব ভার। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ক্লাব জোটের এই ভাবনাকে স্বাগত জানান। কলকাতা থেকে বৈঠকে উপস্থিত ছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসির প্রতিনিধিরা। ছিলেন কলকাতায় হোম ম্যাচ খেলা ইন্টার কাশীর প্রতিনিধিও। তবে যেহেতু মহমেডান আইএসএল থেকে নেমে গেছে, তাই তাদের কোনও প্রতিনিধি হাজির ছিলেন না।

আপাতত ঠিক হয়েছে আই লিগ থেকে প্রোমোশন পাওয়া ডায়মন্ড হারবার এফসি আইএসএলে খেলবে। তবে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে আর্থিক বিনিয়োগের উৎস খুঁজতে। বাংলায় বর্তমান রাজনৈতিক পালাবদলের কারণে শেষপর্যন্ত ডায়মন্ড হারবার এফসি আইএসএলে খেলতে না পারলে টুর্নামেন্ট হবে ১৩ দল নিয়েই। এব্যাপারে সকলেই একমত হয়েছে।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য ক্লাবের দ্বারা আইএসএল পরিচালনার মডেলকে স্বাগত জানিয়েছেন। ক্লাব জোটকেই অপরেশনাল ও কমার্শিয়াল দিকটা দেখার পুরো ক্ষমতা দিয়েছেন। একইসঙ্গে এআইএফএফ ও আইএসএল ক্লাবগুলিকে আগামী ২ মরশুমের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন, যারা পুরো ব্যবসায়িক দিকটা দক্ষতার সঙ্গে দেখবে।

সোমবারের বৈঠকের ফলে ফুটবলারদের সঙ্গে চুক্তি নিয়ে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, তা কাটল। একইসঙ্গে এএফসি প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। ক্লাবের তরফে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে আইএসএল ম্যাচ আয়োজনের ক্ষেত্রে বিশেষ ছাড় ও সহযোগিতার আবেদন করা হয়েছে।

এখন একটাই প্রশ্ন ১ সেপ্টেম্বর থেকে ১১ এপ্রিল অনুষ্ঠেয় ২০২৬-‌২৭ মরশুমের আইএসএলের বানিজ্যিক সহযোগী হবে কে?‌ তার জন্য তো নতুন করে আবার বিড করতে হবে। যো শোনা যাচ্ছে, ক্লাবজোট এফএসডিএলের দারস্থ হচ্ছে তাদের বানিজ্যিক সহযোগী হওয়ার প্রস্তাব দিয়ে। সব কিছু ঠিকঠাক চললে এফএসডিএল আবার আইএসএলে ফিরতে চলেছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *