ভারতীয় ক্রিকেট দল
অলস্পোর্ট ডেস্ক: ওয়ান ডে ক্রিকেটে বড়সড় পরিবর্তন আসতে পারে এমনটাই জানাল এমসিসি । এ বছর ভারতের মাটিতে হতে চলেছে এক দিনের বিশ্বকাপ। এর পর আবার সেই ২০২৭-এ। তার পর থেকেই ওয়ান ডে-তে কিছু পরিবর্তন আনতে পারে এমসিসি।
টেস্ট ক্রিকেট এবং মহিলাদের খেলার জন্য বেশী করে অর্থ নিয়োগ করতে চায় এমসিসি। তাই কমিটির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে ২০২৭ সালের পর ওয়ান ডে বিশ্বকাপে পুরুষদের সিরিজ কমানো হোক। ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি লর্ডসে এমসিসির ১৩ জন সদস্যকে নিয়ে একটি বৈঠক করেছেন। এই বৈঠকে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন কমানো হবে দ্বিপাক্ষিক সিরিজ। শুধুমাত্র প্রতিটি বিশ্বকাপের আগের এক বছর এই একদিনের সিরিজ রাখা হতে পারে।
একটি ওয়েবসাইটে এমসিসির তরফে জানানো হয়েছে, ‘‘এই সিদ্ধান্তের পর কমিটি এখন আইসিসি বিশ্বকাপের বাইরে পুরুষদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। ২০২৭-এ পুরুষদের বিশ্বকাপ শেষ হওয়ার পরে একদিনের দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যা কমে যাবে।”
তাদের মত, ‘‘দ্বিপাক্ষিক একদিনের ক্রিকেটের সিরিজের সংখ্যা কমাতে হবে। এর ফলে ক্রিকেটের মান বাড়বে এবং ক্রিকেটাররা নতুন ফর্ম্যাটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে। বিশ্বকাপের আগে এক বছর সিরিজ রাখলে বিশ্বকাপ খেলতে ক্রিকেটারদের তেমন সমস্যাও হবে না। এর সঙ্গে টি-২০-এর বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ আরও বেশী করে হতে পারবে।’’
এমসিসির কমিটি পাঁচ দিনের খেলার জন্য বেশী টাকার বরাদ্দ করতে বলেছে। এর সঙ্গে মহিলাদের খেলার দিকেও নজর দিচ্ছে এমসিসি। টেস্টের জন্য আলাদা তহবিল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে মহিলাদের ক্রিকেটকে আর্থিক দিক থেকে আরও শক্তিশালী করতে হবে। এর জন্য আইসিসির সঙ্গে থাকা দেশগুলোকে একসঙ্গে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। যাতে তারাও মহিলা ক্রিকেটে বিনিয়োগের পরিমাণ বাড়াতে পারে।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক গ্যাটিং-এর নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি আশা করছে যে ওডিআই ক্রিকেটের সংখ্যা কমলে, অন্য ফর্ম্যাটের ক্রিকেটের মান বাড়বে। ওডিআই ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজ কমিয়ে দেওয়া যেতে পারে। প্রতিটি বিশ্বকাপের এক বছর আগে থেকে ওডিআই সিরিজ করা যেতে পারে। এতে ক্রিকেট ক্যালেন্ডারে সময় বাচবে। যার ফলে অন্য ফর্ম্যাটকে সময় দেওয়া যাবে। এই কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ইয়ন মর্গ্যান, ঝুলন গোস্বামীর মতো প্রাক্তন ক্রিকেটাররা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
