অলস্পোর্ট ডেস্ক: ভারত বনাম বাংলাদেশ মহিলা টি২০ সিরিজ জিতে নিল হরমনপ্রীতের দল যদিও শেষ ম্যাচে হারের মুখ দেখতে হল ভারতকে। তার আগে প্রথম দুটো টি২০ সহজেই জিতে নিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু তৃতীয় ম্যাচের বাংলাদেশের মেয়েদের কাছে হারের মুখ দেখতে হল তাঁদের। বৃহস্পতিবার মীরপুরে ১০ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নিল বাংলাদেশ। চার উইকেটে ম্যাচ জিতে সিরিজ ২-১ করল তারা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১০২ রান তোলে ভারতের মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে নেয় বাংলাদেশ। যদিও সিরিজ জিতে নিল ভারত।
এদিন ভারতের হয়ে ব্যাট হাতে তেমন সাফল্য আসেনি কারও। দুই ওপেনার স্মৃতি মন্ধনা ১ ও শাফালি ভর্মা ১১ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে ২৮ রানের ইনিংস খেলেন জেমিমা রডরিগেজ। এর পর কিছুটা লড়াই করেন ক্যাপ্টেন হরমনপ্রীত। ৪০ রান করেন তিনি। তবে সেটা বড় রানের জন্য যথেষ্ট ছিল না। এর পর ইয়াস্তিকা ভাটিয়া ১২, অমনজ্যোত কৌর ২, পুজা ভস্ত্রাকর ২, দীপ্তি শর্মা ৪, মিন্নু মানি ১ রান করে আউট হন। নির্ধারিত ওভারে ভারতের মেয়েরা থামে ১০২-৯-এ।
বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন রাবেয়া খান। দুই উইকেট নেন সুলতানা খাতুন। একটি করে উইকেট নেন নাহিদা আখতার, ফাহিমা খাতুন ও শর্ণা আখতার। জবাবে ব্যাট করতে নেমে শুরুটাও ভালই করে দিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। সাথি রানি ও শামিমা সুলতানা শুরুটা ভালই করে দিয়েছিলেন। সাথি ১০ রান করে আউট হয়ে গেলেও ৪২ রানের ইনিংস খেলেন শামিমা।
এছাড়া, দিলারা আখতার ১, ক্যাপ্টেন নিগার সুলতানা ১৪, শর্ণা আখতার ২, সুলতানা খাতুন ১২ রান করে আউট হন। ৭ রান করে রীতু মোনি ও ১০ রানে নাহিদা আখতার অপরাজিত থাকেন। ১৮.২ ওভারে ছয় উইকেটে ১০৩ রান তুলে নেন বাংলাদেশের মেয়েরা। যার জন্য পুরো ওভারও খেলতে হয়নি তাদের। ১০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেলেন তাঁরা। ভারতের হয়ে জোড়া উইকেট নেনমিন্নু মানি ও দেবিকা বৈদ্য। এক উইকেট নেন জেমিমা রডরিগেজ। এদিন ম্যাচের সেরা হয়েছেন বাংলাদেশের শামিমা সুলতানা ও সিরিজের সেরা হয়েছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
