Cart Total Items (0)

Cart

All Sports India

ভারত অনূর্ধ্ব ১৫ (‌৩)‌                 গ্রেনাডা অনূর্ধ্ব ১৫ (‌৩)‌

অলস্পোর্ট ডেস্ক:‌ আজারবাইজানের বাকুতে হভসন কম্পিটিশন কমপ্লেক্সের মাঠে ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ ফুটবল ও আজারবাইজান ফেস্টিভাল ২০২৬য়ের প্রথম দুই ম্যাচে লাওস ও ক্যামেরুনকে হারিয়ে নজির গড়েছিল ভারতীয় অনূর্ধ্ব ১৫ দলের ফুটবলাররা। কারণ যে কোনও ধরনের ফুটবল বিশ্বকাপে ভারতীয় দলের ছোটদের এই জয় ছিল নজিরবিহীন। যেভাবে ম্যাচ জিতছিল ভারতের ছেলেরা, তাতে মনে হয়েছিল রবিবার সন্ধেতে গ্রেনাডাকেও ফর্ম ধরে রেখে গ্রুপ কে-‌র তৃতীয় ম্যাচেও পুরো পয়েন্ট তুলে নেবে তারা। কিন্তু সেই লক্ষ্যপূরণ হল না, গ্রেনেডার বিরুদ্ধে একসময় ৩-‌০ গোলে এগিয়ে থেকেও।

পরপর দু’‌ম্যাচ জেতার পর তিন গোলে এগিয়ে থাকার আত্মতুষ্টি, না একইদিনে দ্বিতীয় ম্যাচ খেলার ক্লান্তি ভারতীয় অনূর্ধ্ব ১৫ দলের ফুটবলারদের ওপর ভর করছিল কিনা, সেটা বলতে পারবেন দলের কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ। তবে বাস্তব ঘটনা হল তিন গোলের লিড খুইয়ে তিন গোল হজম করে গ্রেনাডার সঙ্গে ১-‌১ খেলা শেষ করে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল ভারতীয় ফুটবলারদের। এই কারণেই ফুটবলে একটা প্রবাদ চালু আছে, শেষ বাঁশি না বাজা পর্যন্ত খেলায় কোনওরকম হাল্কাভাবে দেখানো চলে না। দেখালে ভুগতে হবে।

ম্যাকডোনিস এনগাইরাংবামের ৩ মিনিটে করা গোলে এগিয়ে গিয়েছিল ভারত। সৌম্যজিত সরকারের পাস থেকে অধিনায়ক লালমিংরোপুইয়া ২২ মিনিটে দ্বিতীয় গোল করে গ্রেনাডাকে চাপে ফেলে। ২৯ মিনিটে রোনানদেব আহেইবাম গোল করে ৩-‌০ লিড এনে দেয় ভারতকে। ১৭ মিনিটে লালরেমরুয়াতফেলার পোস্টে না লাগলে ভারতের গোল সংখ্যা আরও বাড়ত।

যখন মনে হচ্ছিল ভারতের জয় নিশ্চিত, গ্রেনাডা দুরন্ত ভাবে ঘুরে দাঁড়ায়। ৩১ ও ৩৩ মিনিটে জয়ওয়ারনি নোয়েল ও কাই উইলসন গোল করে ব্যবধান কমায় গ্রেনাডার অনূর্ধ্ব ১৫ দল। ৩৭ মিনিটে নোয়েল গোল করে সমতা ফিরিয়ে ভারতের জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে জল ঢেলে দেয়। তবে অন্য দুই ম্যাচে ক্যামেরুন ও সেনেগাল ৬-‌১ গোলে লাওস ও বাহরিনকে হারায়। ভারত অনূর্ধ্ব ১৫ দল গ্রেনাডার সঙ্গে ড্র করলেও গ্রুপ কে-তে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে, অপরাজিত থাকার সুবাদে। ক্যামেরুন ও সেনেগালের সংগ্রহে রয়েছে ৬ পয়েন্ট। বাহরিনের সংগ্রহে ৪ পয়েন্ট। লাওস ও গ্রেনাডার ১ পয়েন্ট।

সোমবার গ্রুপের শেষ ২ ম্যাচে ভারতীয় সময় ২টো ১৫ মিনিটে বাহরিন ও সেনেগালের বিরুদ্ধে রাত ৯টায় মুখোমুখি হবে ভারত অনূর্ধ্ব ১৫ দল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...