অলস্পোর্ট ডেস্ক: প্রত্যাশামতোই জাতীয় ক্রীড়ানীতির নিয়ম মেনে সংবিধান সংশোধনের কাজটা মসৃণভাবে সেরে ফেলল আইএফএ। মূলত আইএফএর পদাধিকারী বিষয়ক ব্যাপারে নতুন পদাধিকাকারী নির্বাচনের ক্ষেত্রে সেই সংশেধিত সংবিধান মানা হবে জাতীয় ক্রীড়ানীতিকে সামনে রেখে। এই সংবিধান সংশোধনের অনুমোদন পেতে শনিবার আইএফএর জরুরি সাধারন সভা অনুষ্ঠিত হয়। সেখানে ২৫০টিরও বেশি অনুমোদিত সংস্থার প্রতিনিধিরা হাজিক ছিলেন। তাঁরা সর্বসম্মত ভাবে সায় দেন নতুন নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করতে। বর্তমানে অবৈতনিক সচিব পদে থাকা অনির্বান দত্ত এমনটাই চেয়েছিলেন। সচিব থাকাকালীন নানাভাবে অনির্বানকে নানাভাবে সমস্যায় ফেলার চেষ্টা হয়েছে। অনেক বিরোধিতার মুখে পড়তে হয়েছে। তবু সব সমস্যা কাটিয়ে উঠে রাজ্য ফুটবল সংস্থার প্রশাসনিক কাজকর্ম দক্ষতার সঙ্গে চালিয়ে গেছেন তিনি। আর সেকারণেই নতুন সংবিধান গঠনে গড়ের মাঠের ও রাজ্যের বিভিন্ন ফুটবল সংস্থার প্রতিনিধিদের পূর্ণ সমর্থন পেলেন।
নতুন সংবিধানের উল্লেখযোগ্য একটি হল অবৈতনিক সচিব পদের লোপ। এরপর নির্বাচনের পর যিনি সচিব হবেন, তিনি বেতনভুক কর্মচারী নিযুক্ত হবেন আইএফএর নবগঠিত কার্যকরী কমিটির অনুমোদন নিয়ে। আইএফএর সর্বোচ্চ পদে বসবেন সভাপতি। তাঁর হাতেই সর্বাধিক ক্ষমতা থাকবে। এছাড়া তিনজন সহ সভাপতি নির্বাচিত হবেন। যার মধ্যে একজন সিনিয়র সহ সভাপতি পদে বসবেন, আর দু’জন সহ সভাপতির মধ্যে একজন মহিলা প্রতিনিধি থাকবেন।
কার্যকরী কমিটির সদস্য সংখ্যা হবে ১৫ জন। যার মধ্যে চারজন মহিলা সদস্য থাকতেই হবে। এর মধ্যে আবার দু’জন প্রতিষ্ঠিত ক্রীড়াবিদ হওয়া জরুরি। আর বাকি ১১ জন পুরুষ সদস্যের মধ্যে ২ জন পুরুষ প্রতিষ্ঠিত ক্রীড়াবিদকে কার্যকরী কমিটিতে রাখতে হবে।
আইএফএর নতুন কার্যকরী কমিটি গঠনের জন্য নির্বাচনের জন্য আগে ৩ নভেম্বর ডেটলাইন নির্দিষ্ট করা থাকলেও, আইএফএ সচিব অনির্বান দত্ত চিঠি লিখে সেই দিন পেছানোর আবেদন জানিয়েছিলেন। আর সেইমতো নির্বাচনের দিন ধার্য হয়েছে ১৪ নভেম্বর। ২৮ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে আইএফএ। ৩০ অক্টোবরের মধ্যে ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে আপত্তি বা অভিযোগ জানানো যাবে। ৩১ অক্টোবর প্রার্থী পদে মনোনয়ন শুরু। ৭ নভেম্বর মনোনয়ন খতিয়ে দেখা হবে। ৯ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ। ১০ নভেম্বর মনোনন প্রত্যাহারের শেষদিন। ১১ নভেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ১৪ নভেম্বর নির্বাচন।
পরিস্থিতি যা, তাতে কোন বড়রকম অঘটন না ঘটলে আইএফএর সভাপতি পদে অনির্বান দত্তর বসা পাকা। এর আগে সভাপতি পদ থেকে বয়স ও জাতীয় ক্রীড়ানীতির নিয়ম মেনে সরে দাঁড়ান অজিত ব্যানার্জি। আইএফএর চেয়ারম্যান পদে আছেন সুব্রত দত্ত। তবে ১৪ নভেম্বরের পর তিনিও আর ওই পদে থাকছেন না। এমনিতেই তাঁকে কুলিংঅফে যেতে হবে। পরবর্তী সময়েও সুব্রত দত্তর আর আইএফএর নির্বাচিত কোনও পদে আসার সম্ভাবনা নেই, পদে থাকার বয়স পেরোনোর কারণে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
