অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবলের উন্নতি কীভাবে হবে, তা নিয়ে অনেক গবেষণা, বিশেষজ্ঞর রিপোর্ট জমা পড়েছে। অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু লাভ কিছুই হয়নি। এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলেও নকআউট পর্যায়ে পৌঁছতে পারেনি ভারতীয় দল সাম্প্রতিককালে। আর এখন তো এএফসি এশিয়ান কাপের মূল পর্বেও উঠতে পারছে না। সেটা কী হবে, তা নিয়ে ফেডারেশন কর্তাদের বিশেষ হেলদোল আছে বলে মনে হয় না। তারা এখন ফেডারেশনের নতুন নামকরণে ব্যস্ত। ফেডারেশনের সাধারন সভার বৈঠকে সকল অনুমোদিত সংস্থার প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা কেন্দ্রীয় যুব কল্যান ও ক্রীড়া দপ্তরের কাছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নাম বদলে ফুটবল ফেডারেশন অফ ভারত রাখার প্রস্তাব দেবেন। যেন এতেই ভারত বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে যাবে।
শনিবার ফেডারেশনের সাধারন সভার বৈঠকে জাতীয় ক্রীড়ানীতি নেমে এআইএফএফের সংশোধিত সংবিধান গ্রহণ করার ব্যাপারে একমত পোষণ করেছেন। সুপ্রিম কোর্টের কাছে তা পেশ করা হবে অনুমোদনের জন্য। ২০২৬য়ের ২৩ মে কলকাতায় ফেডারেশনের বিশেষ সাধারন সভায় সংশোধিত সংবিধানের খসড়া তৈরি হয়েছিল জাতীয় ক্রীড়ানীতির নিয়ম মেনে।
ফেডারেশনের অনুমোদিত রাজ্য সংস্থার সদস্যরা এআইএফএফের নির্বাচনী প্যানেল তৈরিতে অনুমোদন দিয়েছেন। ওই নির্বাচনী প্যানেলে থাকছেন ভারতের প্রাক্তন চিফ নির্বাচনী কমিশনার সুনীল অরোরা, দিল্লি পুলিশের প্রাক্তন ডিজি বিবেক গগিয়া, সিবিআইয়ের অবসরপ্রাপ্ত অফিসার সুরিন্দার সিং গ্রুম। এঁরা ফেডারেশনের নির্বাচন কীভাবে হবে সেব্যাপারে গাইডলাইন্স তৈরি করে দেবেন।
বৈঠকে ঠিক হয়েছে ৪ সেপ্টেম্বর থেকে আইএসএলের ২০২৬-২৭ মরশুমের আইএসএল শুরু হবে। ২০২৬-২৭ মরশুমের বার্ষিক সূচীও চুড়ান্ত হয়েছে বৈঠকে। এবার থেকে ফেডারেশনের তত্ত্বাবধানে হওয়া সব ম্যাচের আগে জাতীয় সঙ্গীত ও বন্দেমাতরম সঙ্গীত পরিবেশিত হবে। আইএসএলে এখন থেকে কোনও দল আর প্রথম একাদশে তিনজনের বেশি বিদেশি খেলাতে পারবে না। এর সঙ্গে রাখতে পারবে একজন অনাবাসী ভারতীয়(ওসিআই) ফুটবলারকে। একইসঙ্গে ৯০ মিনিট একজন ভারতীয় স্ট্রাইকারকে দলে রাখা বাধ্যতামূলক। কিন্তু এটা কীভাবে প্রয়োগ হবে কোচের কৌশলে, সেটাই বোধগম্য হচ্ছে না।
ফেডারেশনের শৃঙ্খলারক্ষাকারী কমিটি আচরণবিধিতে কড়া নিয়ম বলবত করছে। এর ফলে বিভিন্ন অখেলোয়াড়োচিত আচরণ ও নিয়মভাঙার ক্ষেত্রে জরিমানার পরিমান বাড়ছে। ফুটবলার রেজিস্ট্রেশনের কথা মাথায় রেখে মরশুমের সময়সীমা করা হয়েছে ২০২৭ সালের ১ জুন থেকে ২০২৮ সালের ৩১ মে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
