অলস্পোর্ট ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র ২০২৬-২৭য়ের মূল পর্বে কঠিন গ্রুপে পড়ল ইস্টবেঙ্গল। গ্রুপ ডি-তে প্রতিপক্ষ জর্ডনের আল হুসেইন এসসি, ইরাকের আল শোরতা এসসি, ওমানের আল সিব। মঙ্গলবার কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সূচী ঘোষিত হয় ড্রয়ের মাধ্যমে।
গত মরশুম পর্যন্ত আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন দল সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-তে খেলার সুযোগ পেত। মোহনবাগান সুপার জায়ান্ট গত মরশুমে সেই সুযোগ পেয়েও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু থেকে সরে দাঁড়িয়েছিল ঘরের মাঠে এক ম্যাচ খেলেই। গাল্ফ ওয়ারের কারণে দলের কোচ-ফুটবলারদের নিরাপত্তার যুক্তি দেখিয়ে। এতে এএফসি ক্ষুব্ধ হয়ে মোহনবাগান সুপার জায়ান্টকে ২ বছরের জন্য সবধরনের এএফসি টুর্নামেন্ট থেকে নির্বাসিত করে। স্বাভাবিকভাবেই এরপর আইএসএল চ্যাম্পিয়ন হলে সবুজ মেরুনের পক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-তে খেলা সম্ভব ছিল না। মোহনবাগান এমনিতেও শেষ আইএসএলে খেতাব জেতেনি। চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল।
কিন্তু ইস্টবেঙ্গলও আইএসএল শিল্ড জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-র মূল পর্বে সরাসরি খেলার সুযোগ পায়নি। কারণ ভারতীয় ফুটবল তাদের নির্ধারিত মানে থাকতে না পারায়, এএফসি সেই সরাসরি মূল পর্বে খেলার স্লট কেড়ে নেয়। এতে ইস্টবেঙ্গলকে মূল পর্বে যেতে কুয়েতের ক্লাব আল আরাবির বিরুদ্ধে প্লে অফ ম্যাচ খেলতে হয়েছে। লাল হলুদ ব্রিগেড ৪-১ গোলে আল আরাবিকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে। ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন্স লিগের প্রতিপক্ষ জর্ডনের প্রো লিগ ২০২৫-২৬ চ্যাম্পিয়ন আল হুসেইন, ইরাক স্টার্স লিগ রানার্স আল শোরতা ও ওমানের প্রফেসনাল লিগ ২০২৫-২৬ চ্যাম্পিয়ন আল সিব।
পূর্ব ও পশ্চিমাঞ্চল মিলিয়ে ৩২ টি দল ৮টি গ্রুপে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেবে। প্রতি গ্রুপের প্রথম স্থানাধিকারী দুটি করে দল প্রিকোয়ার্টারফাইনালে পৌঁছবে। গ্রুপ পর্ব শুরু হবে ১৫ সেপ্টেম্বর। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রিকোয়ার্টারফাইনাল পর্ব চলবে ৯ থেকে ১৮ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত। কোয়ার্টারফাইনাল ও সেমিফাইনাল পর্ব ২-১৮ মার্চ, ও ৬-১৪ এপ্রিল। ফাইনাল ১৫ মে, ২০২৭।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
