Cart Total Items (0)

Cart

All Sports India

মুনাল চট্টোপাধ্যায়ঃ সুদূর বেঙ্গালুরুতে মোবাইলে ফোন করতে সেটা ধরলেন কিংবদন্তী ফুটবলার অরুময়নৈগমের বড় ছেলে নিলটন ক্রিস্টোফার। রেলে কর্মরত ও রেল দলের প্রাক্তন ফুটবলার নিলটন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রক মোহনবাগান ও ভারতীয় দলে খেলা ফুটবলার অরুময়নৈগমকে জীবনকৃতী অর্জুন অ্যাওয়ার্ড দেওয়ার কথা ঘোষণা করেছেন। অরুময়নৈগমের সঙ্গে সেই অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে কথা বলতে চাইলে, নিলটন জানালেন, ‘‌বাবা এখন আর ঠিকমতো কথা বলতে পারেন না। কথা জড়িয়ে যায়। বয়সের ভারে স্মৃতি শক্তি অনেকটাই খুইয়েছেন। চলাফেরাও শ্লথ হয়েছে। তবে মাঝেমধ্যেই আলোচনায় মোহনবাগানে খেলার দিলগুলি, চুনী গোস্বামী, পিকের পাশে ক্লাবে ও ভারতীয় দলে খেলা, এশিয়াডে সোনা জয়ের কথা উঠে আসে বাবার মুখে। চোখের চাহনিতে একটা উজ্জ্বল ভাব ফুটে ওঠে। ভোলেননি মোহনবাগানের দেওয়া রত্ন সম্মান দেওয়ার কথা। আর এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের দেওয়া স্বীকৃতিতে খুব খুশি। বলেছেন, সবাই যে তাঁকে মনে রেখেছে, এতেই তিনি আনন্দিত।’‌

ভারতীয় ফুটবলে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অরুময়নৈগমকে জীবনকৃতী অর্জুন অ্যাওয়ার্ড দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ৬২ জাকার্তা এশিয়াডে সোনা জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন অরুময়নৈগম। এশিয়ান গেমসেই ১৯৬২ সালের ২৮ আগস্ট ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর থাইল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় দলের হয়ে খেলেছিলেন ১৮টি ম্যাচ। করেছিলেন ৩ গোল। অরুময়নৈগম ১৯৬৪ এশিয়ান কাপেও ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন। রানার্স হয়েছিলেন। ৬৬ ও ৬৭ মারডেকা কাপেও অংশ নিয়েছিলেন। ৬৬ মারডেকা কাপে শেষ করেছিলেন তৃতীয় স্থানে।

ঘরোয়া ফুটবলেও অরুময়নৈগমের সাফল্য প্রচুর। সন্তোষ ট্রফিতে মাদ্রাজ/‌ তামিলনাড়ু, বাংলা ছাড়াও রেলওয়েজের হয়ে খেলেন ১৯৬১ থেকে ৭১ পর্যন্ত। বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হন ১৯৬২ সালে। ক্লাব পর্যায়ে মোহনবাগানে সবুজ মেরুন জার্সিতে নিজের দক্ষতার ছাপ রেখেছিলেন ১৯৬১ থেকে ১৯৬৮ পর্যন্ত। করেছিলেন ৫৬ গোল। ১৯৬২ থেকে ৬৫ টানা চারবছর কলকাতা ফুটবল লিগ জেতেন মোহনবাগানের হয়ে। এছাড়া ৬১ ও ৬২তে আইএফএ শিল্ড, ৬৩ থেকে ৬৫ ডুরান্ড কাপ ও ৬৬তে রোভার্স কাপ চ্যাম্পিয়ন হন। এরপর সাদার্ন রেলের হয়ে খেলেন ৬৯ ও ৭০ সাল। মোহনবাগান ক্লাব তাঁকে রত্ন সম্মানে ভূ্ষিত করে ২০১৪ সালে।

অরুময়নৈগমের জীবনকৃতি অর্জুন সম্মান পাওয়ার জন্য বিশেষ অভিনন্দন বার্তা পাঠিয়েছে মোহনবাগান ক্লাব।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...