অলস্পোর্ট ডেস্ক: কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপ নির্ধারণের সুপার সিক্সের শেষ ম্যাচগুলি বাকি থাকতেই ২০২৬ শিল্ডের সূচী জানিয়ে দিল আইএফএ। কলকাতার দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল রয়েছে ভিন্ন দুটি গ্রুপে। প্রতি গ্রুপে আছে তিনটি করে দল। গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলের সঙ্গে রাখা হয়েছে কলকাতার তৃতীয় প্রধান মহমেডান ও ভিন রাজ্যের দল পাঞ্জাব এফসিকে। গ্রুপ বি-তে মোহনবাগান সুপার জায়ান্টর সঙ্গে আছে শ্রীনিধি ডেকান ও নর্থ ইস্ট ইউনাইটেড।
প্রস্তাবিত সূচীতে শিল্ড শুরু ২২ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ দিয়ে। তবে ম্যাচটি কোন মাঠে হবে সেটার উল্লেখ নেই সূচীতে। গ্রুপ এ-তে মহমেডান ও পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের দিন ২৫ সেপ্টেম্বর বলা থাকলেও, এক্ষেত্রে কোনও মাঠের কথা নির্দিষ্ট করে বলা হয়নি। গ্রুপের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে ২৮ সেপ্টেম্বর মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি।
গ্রুপ এ-তে প্রথম ম্যাচে ২৩ সেপ্টেম্বর মোহনবাগান মাঠে মোকাবিলা করবে মোহনবাগান সুপার জায়ান্ট ও শ্রীনিধি ডেকান। দ্বিতীয় ম্যাচে ২৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীনিধি ডেকান ও নর্থ ইস্ট ইউনাইটেড। তবে এই ম্যাচেরও মাঠের উল্লেখ নেই আপাতত সূচীতে। মোহনবাগান মাঠে ২৯ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে লড়বে মোহনবাগান সুপার জায়ান্ট ও নর্থ ইস্ট ইউনাইটেড।
দুটি গ্রুপ থেকে প্রথম দু’টি স্থানাধিকারী দল সেমিফাইনালে খেলবে। যদিও প্রস্তাবিত সূচীতে মোহনবাগান ও ইস্টবেঙ্গল মাঠের খেলার উল্লেখ করা হয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচগুলির দিনগুলিতে, কিন্তু মহমেডানের সঙ্গে, মহমেডানের নিজের বা অন্য ম্যাচগুলির জন্য কোনও মাঠে উল্লেখ এখনও করা হয়নি। তবে যেটুকু জানা গেছে, তাতে বাকি ম্যাচগুলি কিশোরভারতী ক্রীড়াঙ্গনে করার চেষ্টা চালাচ্ছে আইএফএ। সচিব অনির্বান দত্ত সেব্যাপারে রাজ্যের ক্রীড়ামন্ত্রকের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন। এটা নিশ্চিতভাবেই বলা যায়, যুবভারতীতে ভারতীয় দলের সঙ্গে ৩ অক্টোবর ব্রাজিল ও ৬ অক্টোবর উরুগুয়ের সঙ্গে ম্যাচ থাকায়, ওই সময় পর্যন্ত সেখানে অন্য কোনও ম্যাচের জন্য মাঠ পাওয়া সম্ভব নয়। এই কারণে ২ অক্টোবর শিল্ডের সেমিফাইনালের তারিখ দেওয়া থাকলেও প্রস্তাবিত সূচীতে মাঠের উল্লেখ নেই। আর যেহেতু শিল্ডের ফাইনালে যদি কলকাতা ডার্বি হয়, সেকথা মাথায় রেখে আগেভাগে ফাইনালের তারিখ ঘোষণার পথে হাঁটছে না আইএফএ। কারণ সেক্ষেত্রে ম্যাচ করতে হতে পারে যুবভারতীতে, যেটা ৬ অক্টোবরের পরে করা ছাড়া সুযোগ নেই।
এদিকে, ১৯ সেপ্টেম্বর বারাকপুর, বারাসত ও কল্যানীর মাঠে লিগ খেতাব ঘরে তুলতে মোকাবিলায় নামবে ৫ দল। কোল ইন্ডিয়া খেতাবী লড়াইয়ে নেই প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে বড় ব্যবধানে হারের পর মঙ্গলবার ভবানীপুরের কাছে ০-৩ গোলে দ্বিতীয় ম্যাচেও হারায়। স্বাভাবিকভাবে লিগ জেতার দৌড়ে এখন আছে মোহনবাগান সুপার জায়ান্ট( ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট), ইস্টবেঙ্গল(২ ম্যাচ খেলে ২ পয়েন্ট), মহমেডান(২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট) , ভবানীপুর(২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট) ও ইউনাইটেড স্পোর্টস( ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট)। মোহনবাগান শেষ ম্যাচে মুখোমুখি হবে মহমেডানের। গোল পার্থক্যে মোহনবাগান অনেক ভাল জায়গায় মহমেডানের তুলনায়। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কোল ইন্ডিয়া। আর ভবানীপুরের লড়াই ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। মোহনবাগান ও মহমেডান ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকবে বাকি ৩ দল, নিজেরা ম্যাচ জিতলেও। কারণ মোহনবাগান ও মহমেডানের মধ্যে কেউ একজন জিতে গেলে ৭ পয়েন্ট নিয়ে সরাসরি সেই দল চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু ম্যাচটা ড্র হলে, যে কোনও দলের সামনেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবে নানা অঙ্কের হিসেবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
