Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয় শুটারদের হাত ধরে আরও পদক এসেছে ২০২৬ জাপান এশিয়ান গেমসের দ্বিতীয় দিনে। প্রথম দিন মহিলা শুটাররা ভারতকে পদক এনে দিয়েছিলেন, সোমবার পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে আইচি নাগোয়া গেমসে রুপো জিতলেন রুদ্রাক্ষ পাতিল, হিমাংশু ধীলন, ও পার্থ মানে। তিনজনের সম্মিলিত স্কোর ১৮৯০.‌১। রুদ্রাক্ষর ব্যক্তিগত অবদান ৬৩১.‌৮, হিমাংশুর ৬৩০, পার্থর ৬২৮.‌৩। চীন সোনা লাভ করে নতুন বিশ্ব রেকর্ড স্কোর (‌ ১৮৯৯)‌ করে। দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ জেতে ১৮৮৪.‌২ স্কোর করার সুবাদে।

১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত বিভাগে হিমাংশু ধীলন রুপো ও রুদ্রাক্ষ ব্রোঞ্জ জিতে ভারতের পদক সংখ্যা বৃদ্ধি করেছেন। হিমাংশুর ব্যক্তিগত স্কোর ২৫২.‌৪। রুদ্রাক্ষর স্কোর ২৩০.‌৯।

অন্যদিকে, মিক্সড মার্শাল আর্টস ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতের প্রতিযোগী সুচিকা তারিয়ালকে। ২০২৩ হ্যাংঝৌ এশিয়ান গেমসে কুরাশ ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন সুচিকা। ২০২৬ জাপান এশিয়ান গেমসের মঞ্চে তিনি অংশ নেন জুডো, কুরাশ ও জুজুৎসুর সম্মিলিত ইভেন্টে। কোয়ার্টারফাইনালে মঙ্গোলিয়ার আলটানচিমেগ বালগালমাকে ২-‌০ হারিয়ে সেমিফাইনালে পৌঁছে ব্রোঞ্জ পদক প্রাপ্তি নিশ্চিত করেছিলেন তিনি। এশিয়ান গেমসের নিয়মানুযায়ী সিঙ্গাপুরের তিও হুই হুনের সঙ্গে তুল্যমূল্য লড়ে সমান পয়েন্ট থেকে ওজনের বিচারে টাইব্রেকারে হার হয় সূচিকার। তবে হারলেও ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়নি তাঁর।

হরিয়ানার রোটাকের বাসিন্দা সুচিকার জন্ম ১৯৯০তে। মাত্র ১২ বছর বয়সেই জুডো খেলতে শুরু করেন তিনি। পরে দিল্লির নেহরু স্টেডিয়ামে, পালামের দাদা দেব মন্দির ও সাই ভুপালে প্রশিক্ষণ নেন। জুডোতে ২০১৮ কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে রুপো, ২০১৯ কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ও সাফ গেমসে সোনা জেতেন। ২০২২য়ে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশ নেন। পরে জুজুৎসুতে নেমে ২০২৪ জেজেআইএফ জুজুৎসু বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। ২০২৬ এশিয়ান মিক্সড মার্শাল আর্টস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে এশিয়ান গেমসে ভাল কিছু করার আশা জাগিয়েছিলেন সুচিকা। সেই লক্ষ্যপূরণ হল তাঁর।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...