অলস্পোর্ট ডেস্ক: পানামা ম্যাচ খেলে ভারতীয় ফুটবল দল কলকাতা পৌঁছে গিয়েছিল সোমবার। মঙ্গলবার রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে জাতীয় দলের কোচ খালিদ জামিলের তত্ত্বাবধানে পুরোদমে অনুশীলন সেরেছেন গুরপ্রীত, আনোয়ার, রায়ান উইলিয়ামস, জয় গুপ্তারা ৩ অক্টোবর ব্রাজিল ম্যাচের জন্য। ফিফা র্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামার সঙ্গে কৃতিত্বপূর্ণ ১-১ ড্র করায় ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে। সামনে ফিফা র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে থাকা ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে খেলা থাকা সত্ত্বেও। এর আগে ভারতের গোলকিপার গুরপ্রীত ও স্ট্রাইকার রায়ান উইলিয়ামস জোরালো গলাতেই বলেছেন, ব্রাজিলের শক্তি জানা। তবে ওরা কী করবে, সেটা না ভেবে নিজেদের সেরা দিতে হবে মাঠে নেমে। আর মঙ্গলবার অনুশীলনের আগে ভারতীয় দলের ডিফেন্ডার জয় গুপ্তা যা বললেন, তাতে ভারতীয় সমর্থকরা ব্রাজিল ম্যাচের আগে বুকে বাড়তি বল পাবেন।
ব্রাজিল ম্যাচ খেলতে নামার আগে কুঁকড়ে নেই ভারতীয় ডিফেন্ডার জয়। বরং বললেন, ‘ কপিল দেব ভারতকে ৮৩ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন করে দেখিয়েছিলেন কোনও কিছু অসম্ভব নয়। তার আগে কেউ ভাবেননি ভারত বিশ্বকাপ জিততে পারে। কিন্তু সেটা ঘটেছিল। ব্রাজিল ম্যাচ খেলতে নামার আগে সেই চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টা আমাদের কাছে প্রেরণা। কপিল দেবের ভারতীয় দলের সাফল্য গোটা দেশের ক্রিকেটে একটা জোয়ার এনেছিল। আমরাও ব্রাজিলের বিরুদ্ধে লড়ে দেখাতে চাই, কোনও অংশে আমরা পিছিয়ে নেই। পানামা ম্যাচের ভাল খেলাটার ভিতের ওপর দাঁড়িয়ে।’
জয় ভালই জানেন ফিফা র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে থাকা ব্রাজিলের মোকাবিলা করা মোটেই সহজ ব্যাপার নয়। বিশেষ করে যেখানে ব্রাজিল দলে ভিনিসিয়াস জুনিয়ার সহ একঝাঁক বিশ্বকাপার রয়েছেন। ভিনিসিয়াস বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার। তাঁকে আটকানো খুব কঠিন। কিন্তু তার জন্য ঘাবড়ে নেই জয় গুপ্তা। বরং এটাকে বাড়তি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তিনি। বলেন, ‘ ব্রাজিলের মতো বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়াটাই সৌভাগ্যের। সেটা কাজে লাগাতে চাই হীনমন্যতায় না ভুগে। সারা বিশ্বের নজর থাকবে আমাদের দিকে। দেখতে চাইবে আমরা কেমন ভাবে সামলাই ব্রাজিলকে। ভাল খেললে ভারতীয় ফুটবল বিশ্বের দরবারে সুনাম কুড়োবে। আমাদের দেশের ফুটবলে নতুন গতি সঞ্চার হবে।’
ব্রাজিলের বিরুদ্ধে লড়াই যে অসম সেটা বলতে কোনও অসুবিধা নেই। বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়া তাদের মাঠে ব্রাজিলের মোকবিলায় হিমসিম খেয়েছে, আর সেখানে ১২৯ ধাপ পিছনে থাকা ভারতীয় ফুটবল দল হার বাঁচানো দূরে থাক, সম্মান বাঁচাতে পারবে কিনা, তা নিয়ে চিন্তা থাকছেই। গত শুক্রবার টাউনসভিলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ১-১ ড্র করেছিল ব্রজিল। মঙ্গলবার ব্রিসবনের সানকর্প স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও ৪-২ গোলের জয় তুলে নিয়েছে কার্লেস আনসেলোত্তির ব্রাজিল। কিন্তু ম্যাচ জিতলেও ব্রাজিল শিবিরকে জোর ধাক্কা দিয়েছে তাদের তারকা ফুটবলার রাফিনহার চোট।
বার্সিলোনার তারকা ফুটবলার রাফিনহা বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে ব্রাজিলের হয়ে গোল করলেও দ্বিতীয়ার্ধে তিনি আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামেননি। দ্বিতীয়ার্ধে তাঁর জায়গায় নামেন এন্ডরিক। ব্রাজিল ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়ে বলেছে, ডান পায়ের পেশিতে অস্বস্তি বোধ করায় স্ট্রাইকার রাফিনহা বিরতির পর খেলেননি। যেটুকু বোঝা গেছে, তাতে জোর করে খেলতে গেলে রাফিনহার চোট আরও বেড়ে যেতে পারত। চোট কতটা গুরুতর জানতে পরীক্ষা করা হবে। তবে ব্রাজিল জাতীয় দলের কোচ আনসেলোত্তি অস্ট্রেলিয়ান ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে প্রচারমাধ্যমকে রাফিনহার চোট নিয়ে কোনও কথা বলেননি।
রাফিনহার চোট পাওয়ার খবর চিন্তার ভাঁজ ফেলেছে বার্সিলোনা শিবিরে। ২৯ বছর বয়সী তারকা স্ট্রাইকার ইতিমধ্যেই সব ধরনের ৮ ম্যাচে ১৪ গোল করেছেন। বার্সিলোনা এই ৮টি ম্যাচেই জয় পেয়েছে। রাফিনহার হ্যামস্ট্রিং চোট সমস্যার ইতিহাস রয়েছে। গত মরশুমে সেই চোটের জন্য ২৯২৫-২৬ মরশুমে ২৫ ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল ব্রাজিলের ফরোয়ার্ডকে। এমনকি বিশ্বকাপে হাইতির বিরুদ্ধে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বসে যান রাফিনহা। আর বিশ্বকপের বাকি ম্যাচে ব্রাজিলর জার্সি গায়ে খেলতে পারেননি।
স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠেছে, এমন একটা চোটের পর ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাফিনহা আদৌ কলকাতা আর আসবেন কি? যা মনে হচ্ছে, তাতে রাফিনহা কলকাতায় আসবেন বলে মনে হয় না। বার্সিলোনা রাফিনহাকে ব্রিসবেন থেকেই ফিরিয়ে নিয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই চোট সারতে ও রিহ্যাবের মাধ্যমে দ্রুত ক্লাবের ম্যাচে মাঠে ফেরাতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
